২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উলমার হত্যার জন্য নিরাপত্তা ব্যবস্থাকেই দুষলেন ইনজামাম

পাকিস্তানের বিশ্বকাপ কোচ বব উলমারের সম্ভাব্য খুনীর তালিকায় চলে এলেন একজন বৃটিশ। সম্ভাব্য খুনি হিসেবে আগে বলা হয়েছিল দুজন এশিয়ানের কথা। ইংল্যান্ডের বিভিন্ন সংবাদপত্রের খবর, ওই দুজনার সঙ্গে একজন বৃটিশকেও দেখা গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2007, 06:32 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বিশ্বকাপ এখনো চলছে এবং চলছে সাফল্যের সঙ্গেই। তবে ‘ল্যাপটপ কোচ’ বব উলমারের মৃত্যু-রহস্যের জট এখনো খোলেনি, খুব শিগগির খুলবে বলেও মনে হচ্ছে না। আর এই সময়ে বিশ্বকাপ শেষেই পদত্যাগ করা পাকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হক জানালেন, যা হচ্ছে ভালো হচ্ছে না, ভালো হতো তাদের কোচ বব উলমার খুন হওয়ার পর বিশ্বকাপকে বিশ্বের অন্য কোনো প্রান্তে নিয়ে গেলে।

গত ১৮ মার্চ সকালে জ্যামাইকার কিংস্টনের এক হোটেলে উলমারকে অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসাপাতালে নেওয়ার পর জানা গেছে, তিনি মৃত। তার আগের দিনই আয়ারল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হারে শেষ হয়ে গিয়েছিল পাকিস্তানের বিশ্বকাপ। স্কটল্যান্ড ইয়ার্ড হাত লাগালেও উলমারকে কারা ও কেন খুন করেছে সে রহস্যের জট এখনো খোলেনি। উলমারের পরিবার এখনো তার লাশ পায়নি। জ্যামাইকান পুলিশ জানিয়েছে, ২৩ এপ্রিল তারা উলমারের লাশ হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাবেন বলে আশা করছেন।

গত তিন বছর উলমার যে দলটিকে কোচিং করিয়েছেন সেটির অধিনায়ক ছিলেন ইনজামাম। ‘গুরু’র মৃত্যুর কারণ হিসেবে তিনি গুরুত্ব দিচ্ছেন ক্যারিবিয়ায় নিরাপত্তার শিথিলতাকে। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও-কে ইনজামাম বলেছেন, উলমারের মৃত্যুর পর ক্যারিবিয়া থেকে বিশ্বকাপ অন্য কোথাও সরিয়ে নেওয়া দরকার ছিল, ‘‘এই ভয়ানক বিয়োগান্ত ঘটনা অন্য কোনো দেশে ঘটলে, অন্য কোথাও নিরাপত্তা ব্যবস্থার হাল এমন দেখলে তারা বিশ্বকাপ বন্ধ করে দিত।’’