পন্টিংয়ের স্বস্তি টেইট, ভনের মুখে শুধুই হতাশা
এবারের বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে একটা দুঃসংবাদ থমকে দিয়েছিল অস্ট্রেলিয়াকে। ইনজুরির কারণে ব্রেট লি খেলতে পারবেন না বিশ্বকাপে। রিকি পন্টিংয়ের মতে এ সময়ের ওয়ানডে-সেরা এই বোলারের অবর্তমানে ক্রিকেটের সেরা আসরে কতটা সমস্যায় পড়তে হতে পারে সেই চিন্তায় অস্ট্রেলিয়া বেশ কাহিল পড়েছিল। ব্রেট লি’র বদলি শন টেইট যে আন্তর্জাতিক ক্রিকেটে তেমন পরীক্ষিত নন!
তার কার্যকারিতা নিয়েও সংশয় ছিল। তবে রোববারের পর থেকে পন্টিংয়ের দল এই ব্যাপারে নির্ভার থাকতে পারে অনেকখানি। সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বসেরাদের ৭ উইকেটের জয়ে টেইটেরই বড় অবদান। ৪১ রানের বিনিময়ে প্রতিপক্ষের তিন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার জয়ের পথ প্রশস্ত করেছেন তিনি। ম্যাচশেষে তাই অস্ট্রেলীয় অধিনায়কের মুখে শুধু টেইটের প্রশস্তি।
অথচ ব্রেট লি’র বদলে তিনি বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ায় অস্ট্রেলিয়াতে কম সমালোচনা হয়নি। তার বলে গতি আছে, কিন্তু নিয়ন্ত্রণ তেমন ভালো নয় বলে সমালোচকরা ছিলেন সরব। বিশ্বকাপের প্রথম কয়েক ম্যাচে লাইন-লেংথ ঠিক রাখতে না পারার বদভ্যাস কম ভোগায়নি তাকে। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তার দুর্দান্ত পারফরম্যান্সের পর তাদের মুখে এখন তালা পড়াই উচিৎ! ভয়ঙ্কর গতির পাশাপাশি লাইন-লেংথের ওপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে শুরুতেই মাইকেল ভন ও অ্যান্ড্রু স্ট্রাউসকে ‘প্লেইড অন’ হতে বাধ্য করেছেন তিনি। এর পর দ্বিতীয় স্পেলে এসে ফিরিয়ে দিয়েছেন ধারাবাহিকতার দিক থেকে সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান পল কলিংউডকে।
এই ধাক্কা সামলে ইংল্যান্ড ২৪৭ রান করলেও লক্ষ্যে পৌঁছাতে তেমন সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার। ৮৬ রান করে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক পন্টিং। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পন্টিংয়ের কণ্ঠে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে টেইটের নাম,“আমাদের হয়ে খেলা প্রত্যেকটা ম্যাচেই ও উইকেট পাচ্ছে। এটা দারুণ ব্যাপার। দু সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সে দুটো গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছিল। তবে আজ (রোববার) সে অসাধারণ বল করেছে। শুরুতে দুটো ব্রেক থ্রু তো দিয়েছেই, ওদের (ইনিংসের) মাঝপথে পাওয়ার প্লেতেও খুব কার্যকর ছিল ও।”
অধিনায়কের এমন প্রশংসা কার না ভালো লাগে! পন্টিংয়ের প্রশংসায় টেইটও আনন্দিত, পাশাপাশি দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হওয়ায় দারুণ তৃপ্তও,“ আমি আমার বলের লেংথ অনেকখানি ফিরে পেয়েছি এবং আজ (রোববার) উইকেট শিকারে তা ভালো মতো কাজেও লাগাতে পেরেছি। নতুন বলে খুব বেশি ওয়াইড দেয়ায় ভীষণ হতাশ ছিলাম আমি। তবে আজ বলের ওপরে নিয়ন্ত্রণ অনেক ভালো ছিল আমার।”
পন্টিং আর টেইটের ঠিক বিপরীত অবস্থা মাইকেল ভনের। ৩০ ওভার শেষে ৩ উইকেটে ১৬৬ রান করে তিন শ’র কাছাকাছি যাওয়ার স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত ২৪৭ রানেই গুটিয়ে যাওয়ায় সেই স্বপ্ন একেবারে ধূলিস্যাত। ইংল্যান্ড অধিনায়ক ভন সেজন্য খুবই হতাশ,“ব্যাপারটা ভীষণই হতাশাজনক। আজ রাতে হোটেলে ফেরার সময় বার বার মনে হবে ২৮০/২৯০ করতে পারলে অস্ট্রেলিয়ার ওপরে বিরাট চাপ সৃষ্টি করতে পারতাম আমরা। আমি সত্যি বিশ্বাস করি, এই ধরনের উইকেটে ঐ রান লড়াই করার মতো একটা সংগ্রহ হতে পারতো।”
অস্ট্রেলিয়ার বিপক্ষে কেভিন পিটারসেনের প্রথম ওয়ানডে সেঞ্চুরি বিফলে যাওয়াতেও তিনি দুঃখিত,“আমাদের মধ্যে অনেকেই ভালো খেলতে পারেনি। তবে কেভিন পিটারসেনের সেঞ্চুরিটা ছিল দুর্দান্ত। প্রত্যেক সেঞ্চুরিয়ানই চায় বিজয়ী দলের অংশীদার হতে। কিন্তু তাকে যোগ্য সঙ্গ দিয়ে আমরা স্কোরটাকে ২৮০/২৯০ এর কাছাকাছি নিতে পারিনি।” এবং এই হতাশাজনক পারফরম্যান্সের জন্য নিজেকে ও অ্যান্ড্রু ফ্লিনটফকে সবচেয়ে বেশি দায়ী মনে করছেন ভন,“আমি আবারও রান পেতে ব্যর্থ হলাম। আর ফ্রেডি (ফ্লিনটফ) সম্ভবত প্রথম বারের মতো স্বীকার করবে যে আমার মতো তাকেও ফর্মের সঙ্গে লড়াই করতে হচ্ছে।”
চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে যাওয়ায় ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ওঠার সম্ভাবনাকে আরো কঠিন করে তুললো ইংল্যান্ড। অন্যদিকে সমান ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার শেষ চারে উত্তরণ প্রায় নিশ্চিত।
