২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে কি এখনো দুর্বল দল ভাবেন শাস্ত্রি?

ভারত কি আবার বাংলাদেশকে হালকাভাবে নেয়ার ভুল করতে যাচ্ছে? তাদের নতুন কোচ কাম ম্যানেজার রবি শাস্ত্রির কথা শুনলে তেমনটা মনে হতে বাধ্য। বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়া ভারতীয় দলকে ব্যর্থতার নাগপাশ থেকে বের করে আনতে তরুণ ক্রিকেটারদের ওপর ভরসা রাখতে চান শাস্ত্রি। তার মতে, পরীক্ষা নিরীক্ষার জন্য আগামী মাসের বাংলাদেশ সফরটাই আদর্শ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Apr 2007, 06:40 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

শাস্ত্রির দাবি, অভিজ্ঞ অধিনায়ক দ্রাবিড়কে এখন তরুণ এক দল দেওয়া জরুরি, ‘‘জীবনের কোনো কোনো ক্ষেত্রে যা-ই করুন না কেন তারুণ্যকে গুরুত্ব দিতেই হয়। সবকিছুর মধ্যেই একটা ফাঁকা সময় আসে। তখন পরীক্ষা নিরীক্ষা করা দরকার হলে তা বাংলাদেশের মতো দলের বিরুদ্ধেই করা ভালো।’’

কারো মনে প্রশ্ন আসতে পারে, ভারতের বিশ্বকাপ যাদের জন্য শেষ হয়ে গেল সেই বাংলাদেশকে এত শিগগিরই খাটো করে দেখছেন শাস্ত্রি! ভারতের এই সাবেক অধিনায়কের অবশ্য খাটো করে না দেখেও বাংলাদেশের বিপক্ষে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় যাবার পেছনে যুক্তি দেখিয়েছেন, ‘‘আমি বলছিনা যে বাংলাদেশ দুর্বল দল। তারা দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে দিয়েছে, বিশ্বকাপে ভারতকে হারিয়েছে সহজেই। সুতরাং, তাদের কখনোই হালকাভাবে নেওয়া যায় না। (কিন্তু) ভারতকে আগামী ১২ মাসে অনেক খেলতে হবে। তাই তরুণদের সুযোগ দিলে তা যথাসম্ভব দ্রুতই দিতে হবে।’’

তাহলে কি বাংলাদেশ সফরে ভারতীয় দল থেকে খসে পড়বেন সিনিয়ররা? ৮০ টেস্ট এবং ১৫০ ওয়ানডে খেলা শাস্ত্রির কথায় আছে সেরকম ইঙ্গিত, ‘‘টেস্ট ম্যাচ খেলার সময় আপনার দরকার হবে সবচেয়ে শক্তিশালী দলটি। বিষয়টা এমন নয় যে সিনিয়র খেলোয়াড়রা একেবারেই বাদ পড়ে যাবে। তবে আমি চাই, তরুণদের সুযোগ দিলে কি ঘটে তা দেখতে।’’

ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার হয়ে যাওয়া শাস্ত্রি প্রথমবারের মতো এমন দায়িত্ব পেলেও খুব আত্মবিশ্বাসী সব ব্যাপারে, এমনকি দলের সিনিয়র-জুনিয়র সমস্যা মেটানোর ব্যাপারেও, ‘‘এ বিষয়ে আমি পড়েছি। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে বাংলাদেশে পৌঁছে তা মিটিয়ে ফেলার চেষ্টা করবো। এটা তেমন বড় ব্যাপার নয়। দুই সপ্তাহের মধ্যে একটা ভালো দল খারাপ দলে পরিণত হতে পারে না। তেমনিভাবে দুই সপ্তাহে একটা খারাপ দল দারুণ দল হয়ে যেতে পারে না। ধৈর্য্য ধরুন।’’

তিন ওয়ানডে আর দুই টেস্টের সিরিজ খেলতে ১০ মে বাংলাদেশে আসছে ভারতীয় দল। আর এই সফর থেকে সুখী একটা ভারতীয় দল দেখতে চান শাস্ত্রি, ‘‘আমি কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না। তবে আমার লক্ষ্য থাকবে সুখী একটা ভারতীয় দল ক্রিকেট খেলছে এমন কিছু দেখার। গত তিন চার মাসে ভারতীয় দলের খেলা দেখে আমার মনে হয়েছে কাঁধে প্রত্যাশার বিপুল চাপ নিয়ে তারা ৯টা-৫টার কেরানীর চাকরী করছে।’’

ক্রিকেটারদের প্রতি শাস্ত্রির উপদেশ, ‘‘ এটা খেলা এবং মাঠে গিয়ে তা উপভোগ করো।” ক্রিকেট উপভোগ করতে গিয়ে পরাজয়ের যে ঝুঁকি আসে তা-ও মানতে রাজি ভারতের নতুন কোচ,“ খেলা উপভোগ করতে গিয়ে হেরে গেলেও আমি দায় নিতে রাজি। প্রতিশ্রুতি নয়, আমার চাওয়া একটা সুখী ভারতীয় দল আর ভালো খেলা। ভালো খেলা যারা দেখবেন তারাও যেন উপভোগ করেন।’’