২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গায়ানায় বাংলাদেশ রাজত্ব!

গায়ানার প্রেসিডেন্ট একজন ভারতীয়, কিন্তু তাকেও যেন এদিন ছাড়িয়ে গেলেন মোহাম্মদ আশরাফুল। আর বাংলাদেশের বাকি খেলোয়াড়দের নিয়ে তার মন্ত্রীসভা। মুগ্ধতা আর যাদুর বন্ধনে আবদ্ধ করে ফেলা পুরো গ্যালারি তাদের প্রজা। এভাবেই গায়ানায় একদিনের জন্য হলেও কায়েম হলো বাংলাদেশ রাজত্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গায়ানা থেকে মোস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 10:50 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

আশরাফুল যেদিন খেলেন সেদিন বাংলাদেশ অন্য গ্রহের দল। অন্য রং তাদের শরীরে। সবকিছু যাদুমণ্ডিত, স্বপ্নময়। আর স্বপ্নের নায়ক তার ব্যাটে চড়িয়ে বাংলাদেশকে নিয়ে গেলেন গ্রহান্তরে। দক্ষিণ আফ্রিকা মাঝখানে পড়ে এমন বেকায়দা যে ওদের সেমিফাইনাল সম্ভাবনাও এখন হুমকির মুখে। বাংলাদেশ এরপর কী করবে না করবে সেটা পরে, কিন্তু আরেকবার সমালোচকদের মুখে তালা লাগানো গেল। সুপার এইটে ভারতকে টপকে ওঠায় ‘বিশ্বকাপ গেল গেল’ বলে যারা রব তুলেছিল তাদেরকে দেখানো গেল বাংলাদেশ শুধু সুপার এইটে উঠতে জানে না। জিততেও জানে। অধিনায়ক হাবিবুল বাশার নিউজিল্যান্ডের কাছে হারার পর অ্যান্টিগার সৈকতে ডেক চেয়ারে শুয়ে শুয়ে বলছিলেন, “আরেকটা দলকে হারাতে হবে। তখন পিঠে দু-দুটো হারের বিশাল বোঝা, তাকে দেখাচ্ছিল নুয়ে পড়া, সেই হাবিবুলের আবার উচু শির। আবার জয়ের শিরস্ত্রাণ মাথায়। ডেভ হোয়াটমোরের এমন হাসি বহুদিন দেখা যায় না। একেকটা উইকেট পড়ছে। হাততালি আর মুখে পরম স্বস্তির হাসি। এই দলকে ছেড়ে যেতে চান তিনি, তা যদি যানও, যাওয়ার আগে জেনে গেলেন এরা এমনই ধাতে গড়া যে দলের কোচের ভুলের ক্ষতিপুরণও করে দিতে পারে।

মুম্বাইয়ের এক সাংবাদিক মাঝখানে এসে জানিয়ে গেলেন আশরাফুলের ব্যাটিং দেখে তার মনে পড়েছে সেরা ফর্মের টেন্ডুলকারের কথা। যে শুরুতে পেছনে গিয়ে লেট কাটে সিঙ্গেল বের করে নিজেকে সেট করে নেয়। শর্ট বল পেলে অবলীলায় পুল-হুক করে বল বাউন্ডারিছাড়া করে। পুরো লেংথের বল ড্রাইভ করে ছবির মতো ফলো থ্রুতে। এসবই ব্যাকরণের কথা। কিন্তু শুধু ব্যাকরণ মেনে চলে চ্যাম্পিয়ন হওয়া যায় না। দক্ষিণ আফ্রিকার গতিদানবদের রুখে দেয়াও হয় না। আশরাফুল অদ্ভুত উদ্ভাবনী ক্ষমতা আর বল আগে দেখার শক্তিতে জায়গা বের করে ফাইনলেগ দিয়ে যে শটগুলো খেললেন সেগুলোর জবাব দক্ষিণ আফ্রিকান ক্রিকেটবিজ্ঞানেও নেই। বিজ্ঞানে মেলানো সূত্রের ব্যাখ্যা থাকে, যা কিছু ছককেও উল্টে দেয় তার জবাব কোথায়! তাই ৪ উইকেটে ৮৪-র টালমাটাল জায়গা থেকেও বাংলাদেশ শেষপর্যন্ত ২৫১ রানের নির্ভরযোগ্য স্কোরে। ৮৩ বলে ৮৭ রানের ইনিংসে ১২টি বাউন্ডারি, ব্যাটিং ব্যাকরণভুক্ত এবং ব্যাকরণ বহির্ভুত সব শটের সমাহার, এবং তারচেয়েও বেশি বোধহয় বাংলাদেশ ক্রিকেটের বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনের জিঙ্গেলটা হলো, আশরাফুল যেদিন খেলবেন সেদিন সব অন্যরকম হবে। সেদিনকার বাংলাদেশ আর অন্যদিনের বাংলাদেশে দিন রাতের তফাত।

আশরাফুলকে ব্যাটিং অর্ডারে নামিয়ে দিয়ে তার অহংকে যে চোট দেয়া হয়েছিল তারই জবাব নাকি এই ইনিংস! হবে হয়ত। মর্যাদায় আঘাত লাগলে তবেই চ্যাম্পিয়নরা অসম্ভব সম্ভব করার তাড়না বোধ করে। আশরাফুলের মতো শাস্তি দেয়া হয়েছিল আরেকজনকে। আফতাব। দুজনের মর্যাদাজনিত আঘাতটা যেন মিলল এক বিন্দুতে। শেষপর্যন্ত আশরাফুল অনেক-দূর চলে গেছেন, কিন্তু আফতাবের দু-দুটো টানা ছক্কাতেই আসলে আধিপত্য বিস্তার শুরু। আর মাশরাফির কাছে বলের আগে যখন চলে এল ব্যাট তখন সেটাকেই কাজে লাগানোর সিদ্ধান্ত। মাত্র ৩১ বলে ৫৪ রানের পার্টনারশিপটা তীরের খুব কাছে নিয়ে গেলো তরীকে।

গায়ানার উইকেট দেখার পর থেকেই বাংলাদেশ দলের আফসোস হচ্ছিল! ‘আহ এখানে যদি বেশি খেলা হতো!’ বল স্লো হয়ে ব্যাটে আসে, তাতে দুরকমের সুবিধা। বাংলাদেশ এতে অভ্যস্ত, আর দক্ষিণ আফ্রিকার মতো বাউন্সি উইকেটের ব্যাটসম্যানরা ভীষণ অনভ্যস্ত। আবার বাংলাদেশের বোলাররা টার্নও পাবেন বেশি। এমন তত্ত্বের সুবিধা মাঝে-মধ্যেই বাংলাদেশের জন্য ছড়ানো থাকে, কিন্তু নেয়া হয় না। এই ম্যাচে হলো। আশরাফুলের তোপ এদিকে যেমন অনুপ্রেরণা, তেমনি দক্ষিণ আফ্রিকানদের চোখ এমন ধাঁধিয়ে দিয়েছিল যে ওরা উইকেটে এসে যেন বল দেখছিল না ঠিকঠাক। বোলাররা সুযোগে আরও উদ্দীপ্ত। আরও অনুপ্রাণিত। বইতে থাকা বাতাস রাসেলের বলে সুইংয়ের বিষ ঢুকিয়ে দিল। স্মিথ-ক্যালিসের কাছে তার জবাব নেই। সাকিবের বল ফাঁদ হয়ে গেল বাউচারের জন্য। রাজ্জাকের বল কাট করতে গিয়ে ডি ভিলিয়ার্স দেখলেন স্টাম্পটাই নেই। স্বপ্নের মতো সব হতে থাকল। যাদুর ছোঁয়ায় একের পর এক উইকেট। তরী তীরের আরও কাছে যায়। দক্ষিণ আফ্রিকাকে এর আগে একবারও ন্যুনতম সমস্যায় ফেলতে না পারা বাংলাদেশের এমন অমিতবিক্রম যে দক্ষিণ আফ্রিকাকে তখন মনে হচ্ছে এমন রোগী যারা এমনকী রোগের নামটাও ঠিক জানে না! আশরাফুলময় দিন তো বাংলাদেশের ক্রিকেটে স্বপ্নের দিনই হওয়ার কথা।

গায়ানার ন্যাশনাল স্টেডিয়ামটা একটা বিরাণ ভূমিতে। আখক্ষেত কেটে, জঙ্গল ছেঁটে বিশ্বকাপ উপলক্ষে তৈরি। শনিবার মনে হলো আসলে বাংলাদেশের জয়োৎসবের জন্যই এই স্টেডিয়ামটা বানানো হয়েছিল।

শনিবার শেষ বিকালে ওটা যেন শুধুই বাংলাদেশের বিজয়মঞ্চ, আর সেই মঞ্চে গায়ানার প্রেসিডেন্টকে ছাড়ানো উচ্চতায় আশরাফুল। আরও দশ অসীম সাহসী সঙ্গীকে নিয়ে তার মন্ত্রীপরিষদ।

আর পুরো গায়ানা সাগ্রহে প্রজা হতে তৈরি।