উলমার হত্যা-রহস্যের কুল-কিনারা হতে অনেক দেরি
বব উলমারের হত্যা রহস্যের জট খুব শিগগিরই খুলছে না, অপেক্ষা করতে হতে পারে আরো দুই মাস! জ্যামাইকান পুলিশ জানিয়েছে, উলমারের টক্সিকোলজি রিপোর্ট হাতে পেতেই এমন সময় লেগে যেতে পারে।
অথচ উলমারের মৃত্যুর সঠিক সময় ও কারণ বের করতে টক্সিকোলজি রিপোর্ট রাখবে সবচেয়ে বড় ভূমিকা। ‘দ্য টাইমস’কে জ্যামাইকান পুলিশের ডেপুটি কমিশনার মার্ক শিল্ডস জানিয়েছেন,এ রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাদের আসলে কিছুই করার নেই, ‘‘সবাই জানতে চায়, তিনি ঠিক কখন এবং কিভাবে মৃত্যু বরণ করেছেন। তবে হতাশার ব্যাপার হলো, বিজ্ঞান একটি নির্দিষ্ট গতিতে চলে।’’
গত ১৮ এপ্রিল সকালে জ্যামাইকার পেগাসাস হোটেলে বব উলমারকে অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে জ্যামাইকান পুলিশ নিশ্চিত করে যে পাকিস্তানের ইংলিশ কোচকে খুন করা হয়েছে। ঘটনার ঠিক আগের দিনই আয়ারল্যান্ডের কাছে হেরে পাকিস্তানকে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়।
