দক্ষিণ আফ্রিকা বিজয়ে বাংলাদেশ দলকে বিশিষ্টজনদের অভিনন্দন
বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে হারানোয় প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
রোববার এক বার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ ও অন্যান্য কর্মকর্তাদের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, এই বিজয়ে দেশবাসী উল্লসিত।
উপদেষ্টা তপন চৌধুরীও এক বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে অভিনন্দন জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিজয়ের জন্য বাংলাদেশ টিমকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, এটা এক অবিস্মরনীয় বিজয়। বিশ্বের কাছে আমাদের খেলোয়াড়রা দেশকে সম্মান্বিত করেছেন। তিনি আশা প্রকাশ করেন আগামী ম্যাচগুলাতেও বাংলাদেশ দল বিজয়ের এই ধারা অব্যাহত রাখবে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব ক্রিকেট র্যাঙ্কিংয়ের এক নম্বর শক্তি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অবিস্মরণীয় বিজয়ের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল তাদের অসাধারণ নৈপূণ্য ও ক্রিকেট মেধার পরিচয় দিয়েছে।
বিশ্বকাপের সুপার এইটের খেলায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ দলের বিজয়ের পর খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে প্রদত্ত এক বিবৃতিতে তিনি একথা বলেন।
তিনি আগামী দিনেও সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এছাড়া বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন।
দলের কোচ খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির সাবেক প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফীন টটুল।
