সহজ জয় দিয়ে সেমিফাইনালের পথে অস্ট্রেলিয়া
২৪৮ রানের লক্ষ্য । এমন কঠিন কিছু নয়, তবে আগের দিনের বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের কথা মাথায় রাখলে অস্ট্রেলিয়ার চিন্তিত হওয়ারই কথা ছিল। ২০ ওভারের মধ্যে দুই ওপেনার হেইডেন ও গিলক্রিস্ট ফিরে যাওয়ায় খানিকটা আতঙ্কও হয়তো ভর করেছিল অস্ট্রেলিয়ার ওপরে। কিন্তু অধিনায়ক রিকি পন্টিংয়ের (৮৬) দুর্দান্ত ব্যাটিংয়ের কল্যাণে বিশ্ব চ্যাম্পিয়নদের সব দুশ্চিন্তা উধাও হয়ে গেছে।
রোববার বিশ্বকাপের সুপার এইটে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিতও করে ফেলেছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে কমনওয়েলথ ব্যাংক সিরিজের ফাইনালে ইংল্যান্ডের কাছে পরাজয়ের প্রতিশোধও নিয়েছে তারা। ৪১ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন শন টেইট। কেভিন পিটারসেন ক্যারিয়ারের চতুর্থ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেলেও দিনশেষে তা কোন কাজে আসেনি ইংল্যান্ডের।
অস্ট্রেলিয়ার শুরুটা ভালই হয়েছে। উদ্বোধনী জুটিতে ৫৭ রান ওঠার পর গিলক্রিস্টকে (২৭) কলিংউডের ক্যাচ বানিয়ে ইংল্যান্ডকে ব্রেক থ্রু এনে দিয়েছেন ফ্লিনটফ। দুর্দান্ত ফর্মে থাকা হেইডেন বেশি দূর এগোতে পারেননি। এবারের বিশ্বকাপে দুটো সেঞ্চুরি করা হেইডেনকে (৪১) বোল্ড করে অস্ট্রেলিয়াকে বড় এক ধাক্কা দিয়েছেন কলিংউড। তবে পন্টিং ও ক্লার্কের দৃঢ়তায় সেই ধাক্কা ভাল মতোই সামলে উঠেছে বিশ্বকাপের গত দুই বারের চ্যাম্পিয়নরা। ১১টি বাউন্ডারিসহ ১০৬ বলে ৮৬ রান করে কলিংউডের সরাসরি থ্রোতে রান আউট হয়েছেন পন্টিং। তবে তার আগে তৃতীয় উইকেট জুটিতে মাইকেল ক্লার্ককে নিয়ে ১১২ রান যোগ করেছেন তিনি। ৬৩ বলে ৫৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ক্লার্ক। তার সঙ্গে থাকা অ্যান্ড্রু সাইমন্ডস ২৮ বলে ৪টি বাউন্ডারি ও একটি ছক্কাসহ ২৮ রান করে অপরাজিত ছিলেন। সাইমন্ডস অবশ্য একটা সুযোগ দিয়েছিলেন। কিন্তু বাউন্ডারি লাইনে তার ক্যাচটা হাতে জমিয়েও ভারসাম্য রাখতে না পেরে সুযোগটা নষ্ট করেছেন পিটারসেন।
এর আগে পিটারসেন ও ইয়ান বেল ছাড়া আর কেউ সেভাবে প্রতিরোধ গড়তে পারেননি ইংল্যান্ডের ইনিংসে। তবু সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে অলআউট হওয়ার আগে ২৪৭ রান করতে পেরেছে ইংল্যান্ড। পিটারসেন ১০৪ ও বেল করেছেন ৭৭ রান।
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন মাইকেল ভন। তবে শন টেইটের বলে বোল্ড হওয়ার আগে ৫ রানের বেশি করতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক। পরের উইকেটটাও টেইটের এবং সেটাও বোল্ড। এবারের বিশ্বকাপে প্রথম বারের মতো খেলতে নামা অ্যান্ড্রু স্ট্রাউস (৭) ভনের মতোই প্লেইড অন হয়েছেন। ২৪ রানে ২ উইকেট হারিয়ে ইংল্যান্ড তখন বেশ বিপদেই।
কিন্তু তৃতীয় উইকেটে বেল ও পিটারসেনের ১৪০ রানের জুটিতে সেই ধাক্কা ভাল মতোই সামলে উঠেছিল ইংলিশরা। ৯০ বলে ৯টি বাউন্ডারিসহ ৭৭ রান করা বেলকে হাসির ক্যাচ বানিয়ে জুটিটা ভেঙ্গেছেন ম্যাকগ্রা। ৫০ রানে অবশ্য একটা সুযোগ দিয়েছিলেন বেল। তবে মিডউইকেটে কঠিন ক্যাচটা হাতে জমাতে পারেননি পন্টিং।
পরের ওভারে আবার টেইটের আঘাত। কলিংউডকে (২) কট বিহাইন্ড করে নিজের তৃতীয় উইকেট তুলে নিয়েছেন তিনি। ফ্লিনটফও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৪ রান করা ফ্লিনটফকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেছেন ব্র্যাড হগ। শ্রীলঙ্কার সঙ্গে আগের ম্যাচে দুর্দান্ত এক ফিফটি করা বোপারাকে নিয়ে এর পর ৫১ রানের জুটি গড়েছেন পিটারসেন। ২১ রান করে বোপারা ব্র্যাকেনের বলে ক্যাচ দিয়েছেন হাসিকে। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যাওয়ায় পিটারসেনও হাত খুলে খেলার চেষ্টা করেননি এরপর। শেষ পর্যন্ত তিনি ১১৭ বলে স্পর্শ করেছেন তিন অঙ্ক। এবং ঠিক তার পরই ব্র্যাকেনকে ছক্কা হাঁকাতে গিয়ে লং অফে ক্লার্ককে ক্যাচ দিয়েছেন। পিটারসেনের ১২২ বলে ১০৪ রানের ইনিংসে বাউন্ডারি ৬টা আর ছক্কা একটা। শেষ দিকে অস্ট্রেলিয়ার বোলারদের মাপা লাইন লেংথের বলের জন্য খুব বেশি রান পায়নি ইংল্যান্ড। ৪০ ওভারশেষে ৫ উইকেটে ১৯৬ রান করলেও শেষ পর্যন্ত আড়াই শ’ও করতে পারেনি তারা। টেইটের মতো ব্র্যাকেন ও ম্যাকগ্রাও তিনটি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড : ৪৯ দশমিক ৫ ওভারে ২৪৭ (বেল ৭৭, ভন ৫, স্ট্রাউস ৭, পিটারসেন ১০৪, কলিংউড ২, ফ্লিনটফ ৪, বোপারা ২১, নিক্সন ৮, মাহমুদ ০, পানেসার অপঃ ১, অ্যান্ডারসন ০; ব্র্যাকেন ৩/৩৩, টেইট ৩/৪১, ম্যাকগ্রা ৩/৬২, ক্লার্ক ০/২৭, হগ ১/৩৬, সাইমন্ডস ০/৪০)।
অস্ট্রেলিয়া : ৪৭ দশমিক ২ ওভারে ২৪৮/৩ (গিলক্রিস্ট ২৭, হেইডেন ৪১, পন্টিং ৮৬, ক্লার্ক অপঃ ৫৫, সাইমন্ডস অপঃ ২৮; অ্যান্ডারসন ০/৪৯, মাহমুদ ০/৬০, ফ্লিনটফ ১/৩৫, পানেসার ০/৪৮, কলিংউড ১/৫০)।
