২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাফীসের খারাপ সময়টা এলো বড় খারাপ সময়ে

শাহরিয়ার নাফীস জেনেছিলেন এবং জানিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট খুব সহজ একটা ব্যপার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গায়ানা থেকে মোস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 11:00 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

শাহরিয়ার নাফীস জানলেন এবং জানালেন বিশ্বকাপ খুব কঠিন একটা ব্যাপার।

ক্রিকেটের বিশ্বকাপ মোটেও ফুটবলের বিশ্বকাপের মতো নয় যে এর জন্য সবাই চার বছর অপেক্ষা করে থাকে। এবং এখানে কিছু না করতে পারলে সব শেষ হয়ে গেল। তবু বিশ্বকাপ ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চ, সেখানে ওয়ানডেতে বিশ্ব ক্রিকেটেরই গত এক বছরের অন্যতম সেরা পারফরমারের অবস্থা এমনই খারাপ যে দলের সহ-অধিনায়ক হওয়া সত্বেও চার ম্যাচ পর তিনি দলেরই বাইরে। নাফীস এতদিন শুধু আলোটাই দেখে এসেছিলেন, এবার দেখলেন আলোর ঠিক কত কাছে অন্ধকার।

ক্রিকেটে শুধু চূড়ার দিকে যেমন নিয়ে যায়, তেমনি এক ঝটকায় আবার গোড়ায়ও নিয়ে আসে। এবং জীবনের উত্থান-পতনের মতো এটাই ক্রিকেটের স্বাভাবিকতা। এই অমোঘ স্বাভাবিকতা থেকে কেউ রক্ষা পান না, নাফীসেরও পাওয়ার প্রশ্ন নেই, কিন্তু তার খারাপ সময়টা এলো বড় খারাপ সময়ে। আফসোসে মাথা চাপড়াচ্ছেন,“বড় খারাপ সময়ে আমার খারাপ সময়টা এলো। বড় খারাপ সময়ে...”

আশরাফুল আশার ফুল হয়ে গিয়েছিলেন টেস্ট অভিষেকের আগেই। মাশরাফির একটা ওভার দেখেই আমরা বুঝেছিলাম এ এক হীরের টুকরো। বাংলাদেশ তামিমকে চিনেছে ভারত-বধ কাব্যের রচয়িতা হিসাবে, কিন্তু যারা তাকে আগে দেখেছেন তারা জানতেন তামিমের ব্যাটে এমন স্ফুলিঙ্গ লুকানো আছে। প্রতিভাদের মধ্যেও বিশেষ প্রতিভা হিসাবে ছোট একটা বন্ধনীতে এরা সবাই থাকবেন, এদের মধ্যে অবশ্যই থাকবেন শাহরিয়ার নাফীস। এবং বিশ্বকাপের আগ পর্যন্ত এদের সবার মধ্যে তিনিই এগিয়ে। কারণ, ওদের প্রতিভা যতটা, যা কিছু সক্ষমতা তার সবটাই পারফরম্যান্সে অনূদিত নয়। যা করেন, আমরা জানি, তার চেয়ে বেশি করতে সক্ষম। আফসোস করি। অপেক্ষা করি। নাফীসে আফসোস-অপেক্ষা কিছুই নেই, নামলেন আর শুরু করলেন।

২০০৫ এ ইংল্যান্ড সফরে কার্ডিফের স্মরনীয় জয়ের পরই তার অভিষেক, এক ম্যাচ পরই অস্ট্রেলিয়ার সঙ্গে ৭৫। সেই যে শুরু হলো তারপর আর থামাথামি নেই। পরের দেড় বছর নাফীস বাংলাদেশের অবিসংবাদিত সেরা পারফর্মার। অন্যদের কত উত্থান-পতন, দলে থাকছেন, বাদ পড়ছেন, আফসোসে ভোগাচ্ছেন,অপেক্ষা করাচ্ছেন, কিন্তু তিনি ওসবের কিছুতেই নেই। টানা সাফল্য। ব্যাটে রানের বন্যা। অস্ট্রেলিয়ার সঙ্গে ফতুল্লা টেস্টে স্মরনীয় ১৩৬। তারপর ২০০৬ পুরো বছরটিই তার। বাংলাদেশ খেলেছে বেশিরভাগ কেনিয়া এবং জিম্বাবুয়ের সঙ্গে, আর নাফীসের রানবন্যার মুখে বাঁধ দেয়ার কায়দা ওদের জানা নেই। হাবিবুলের কোনো ওয়ানডে সেঞ্চুরি নেই, আশরাফুলের মাত্র একটি, সেখানে তার ওয়ানডেতে চার-চারটি সেঞ্চুরি! ঘরোয়া ক্রিকেট এমন কিছু খেলেননি, আন্তর্জাতিক ক্রিকেটের মাধ্যমেই তার সঙ্গে আমাদের পরিচয়, আর আমরা দেখলাম প্রায় শুন্য থেকে বেরিয়ে গিয়ে বাংলাদেশের একজন ব্যাটসম্যান কেমন আন্তর্জাতিক ক্রিকেটে শাসকের ভুমিকায়; তার নামই হয়ে গেলো বাংলাদেশের আন্তর্জাতিক ব্যাটসম্যান।

সেই ব্যাটসম্যানটি আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ স্তরে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাবেন-এই তো স্বাভাবিক প্রত্যাশা। ওয়েস্ট ইন্ডিজে সেই প্রত্যাশামূলে একেবারে কুঠারাঘাত। কেন, বিশ্বকাপ বলে? তার চাপ? নাকি সহ-অধিনায়কত্বের যে বাড়তি বোঝা তার ওপর চাপিয়ে দেয়া হয়েছে সেজন্য? “আসলে এসবের কিছুই না। আমার মনে হয় আমার খারাপ সময়টা এসেছে একেবারে খারাপ সময়ে। এমন খারাপ সময় সবারই আসে। আমারটা এলো একেবারে বিশ্বকাপে।”

উইকেটে কেমন যেন তিনি অস্বচ্ছন্দ, তার ফুটওয়ার্কও জড়োসড়ো, পা-টা যেন যেতেই চায় না! ,“আসলে পুরো বিষয়টাই পারস্পরিক। রান না পাওয়ার কারণে একটু সতর্ক থাকতে হয়। এবং প্রতিটা ইনিংসেই শুরুতে আমি ভালো বলে আউট হয়ে গেছি। আমার কাছে দলের যে প্রত্যাশা ছিল সেটা মেটাতে পারিনি বলে আমি ভীষণ হতাশ। বিশ্বকাপে আমরা ভালো খেলেছি, আমি ভালো খেলতে পারলে পারফরম্যান্সটা হয়তো আরও অনেক ভালো হতো। আমার মনে হয় একটা লম্বা ইনিংস খেললেই সমস্যাটার সমাধান হয়ে যেতো। সেটাই হলো না।”

হলো না বলেই চার ইনিংসে মাত্র ১৫। হলো না বলেই অভিষেকের পর টানা ৪৫টা ওয়ানডে খেলার পর বিশ্বকাপে দল থেকেই বাদ। এই বাদ পড়াটাকে টিম ম্যানেজমেন্ট বলছে ‘বিশ্রাম’, সেটা কি কাজে লাগবে! বিশ্রাম কি ফিরিয়ে দেবে তার হারিয়ে যাওয়া সামর্থ্য?“এই অভিজ্ঞতা আসলে খুব আনন্দের নয়। আমি এতদিন শুধু মাঠেই খেলেছি। এখন বাইরে থেকে বুঝলাম, কেমন লাগে। তবে ভেবেছিও। আবার সুযোগ পেলে হয়তো বুঝতে পারব এটা কতোটা কাজে লাগল। আমার আত্মবিশ্বাসের অবশ্য ঘাটতি নেই। আমি কোনো ম্যাচেই সেট হয়ে আউট হইনি। শুরুতেই আউট হয়ে গেছি, যখন আসলে খুব কিছু করার থাকে না।”

তামিম ইকবালের মতো খুনে তিনি নন। কিন্তু তার স্ট্রোকের ভাড়ারও কম সমৃদ্ধ নয়। তামিমের বন্যতার সঙ্গে তার পরিমিত স্ট্রোক প্লের যুগলবন্দী হলে দেখার মতো একটা ওপেনিং জুটি হয়। বিশ্বকাপে সেটা হয়নি, হয়তো হবেও না। বাংলাদেশের আন্তর্জাতিক ব্যাটসম্যানের বিশ্বকাপ ব্যাটসম্যান হওয়া তাই সম্ভবত এবার হলোই না।

মানুন আর নাই মানুন, ষষ্ঠ ইন্দ্রিয়ের মতো ক্রিকেটে একটা ষষ্ঠ শক্তি সবসময়ই ক্রিয়াশীল। সেই শক্তির মাঝে-মধ্যে খেলতে ইচ্ছে করে বলেই সব আশা আর অনুমান গড়াগড়ি খায়। ক্রিকেটীয় যুক্তি ছুটি কাটাতে চলে যায়।

নইলে নাফীস বিশ্বকাপে এসে দল থেকেই বাদ পড়ে যাবেন-কোন ক্রিকেট বিজ্ঞানী এই ভবিষ্যদ্বানী করতে পেরেছিলেন!