২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরে ভারতের অধিনায়ক দ্রাবিড়, কোচ শাস্ত্রী

বিদায়ী কোচ গ্রেগ চ্যাপেলের জয়াগা পূরণ এবং বিশ্বকাপ ভরাডুবির পর ভারতীয় দলকে সাফল্যের ধারায় ফেরাতে নিয়োগ দেয়া হয়েছে তিনজনকে। রবি শাস্ত্রী কোচ কাম ক্রিকেট ম্যানেজার, বোলিং কোচ ভেঙ্কটেশ প্রসাদ ও ফিল্ডিং কোচ রবিন সিং। এই তিনজনকে সঙ্গে নিয়েই রাহুল দ্রাবিড়ের ভারত আগামী মাসে আসছে বাংলাদেশ সফরে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 09:44 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়ার্কিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। আগের দিন ক্রিকেট বোর্ডের সভা ও সাবেক ভারতীয় অধিনায়কদের সভায় বিশ্বকাপ পরবর্তী ভারতীয় ক্রিকেটের সংস্কার নিয়ে ছিল কিছু দিক-নির্দেশনা। সেই আলোকে ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে। তারা দিয়েছে আরেকটি অপ্রত্যাশিত ঘোষনাও-রাহুল দ্রাবিড়ই থাকছেন অধিনায়ক পদে ! মানে বিশ্বকাপ-ব্যর্থতার জের ধরে রাহুলের জয়াগয় শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলীদের নাম ইতিউতি শোনা গেলেও ওসব অনুমান সত্যি হয়নি।

আসলে সব উত্তেজনা ও তর্কবিতর্ক জোলো করে দিয়েছে শুক্রবারের ভারতীয় ক্রিকেট বোর্ডর (বিসিসিআই) সভা। রাহুলের অধিনায়ক পদে বহাল থাকতে কোনো সমস্যা হয়নি। শুধু বাংলাদেশ নয়, এরপর আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের ভারতীয় দলের অধিনায়কও তিনি। তবে কোচের দায়িত্ব দেওয়া তিন সাবেক ক্রিকেটারের মেয়াদ আপাতত বাংলাদেশ সফর পর্যন্ত। “এতে করে চ্যাপেলের উত্তরসূরী খোঁজায় কিছু সময় পাবে ক্রিকেট বোর্ড”-বলেছেন বোর্ডের এক মুখপাত্র। আর একটা তারুণ্য নির্ভর দলকেই তারা বাংলাদেশ সফরে পাঠাতে চায় তিনটি ওয়ানডে ও দুটো টেস্ট ম্যাচ খেলতে।

তবে যে সিদ্ধান্ত নিয়ে এখন শোরগোল শুরু হতে পারে তা ক্রিকেটারদের বেতন-সম্পর্কিত। আগের গ্রেডিং পদ্ধতি বাতিল করে বোর্ড এখন ক্রিকেটারদের একটা সাদামাটা ফি’র সঙ্গে পারফরম্যান্স বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ শচীন টেন্ডুলকার আর দীনেশ কার্ত্তিকের ফি-এর মধ্যে কোনো পার্থক্য নেই ! আরেকটা ব্যাপার হচ্ছে, কেউ তিনটের বেশি পণ্যের বিজ্ঞাপন করতে পারবে না। এসব নিয়েই উঠতে পারে বিতর্ক, যদিও বিশ্বকাপ ব্যর্থতার পর ক্রিকেটারদের কন্ঠস্বর অনেক ক্ষীণ হয়ে যাওয়ার কথা।

শচীন টেন্ডুলকারের ওপর এখন বোর্ড মহাক্ষ্যাপা। মিডিয়ার সঙ্গে কথা বলার জন্য শচীন ও যুবরাজ সিংয়ের কাছে নোটিশ পাঠাবে বোর্ড। এখন থেকে অধিনায়ক ছাড়া আর কেউ মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবেন না। এছাড়া বকি সিদ্ধান্তগুলো মূলতঃ ভারতীয় ক্রিকেটের সংস্কারবিষয়ক। সে সম্পর্কে শুনুন বোর্ডের কোষাধ্যক্ষ এন শ্রীনিবাসনের মুখে, “সব রাজ্যে ক্রিকেট একাডেমি শুরু হবে ২০০৯ সাল থেকে। এ দল ও অনূর্ধ্ব-১৯ দলের বিদেশ সফর আরো বাড়ানো হবে। রঞ্জি ট্রফির দল সংখ্যা ১৫ থেকে ১০-এ নিয়ে আসা হবে। সাবেক অধিনায়কদের নিয়ে গড়া হয়েছে ক্রিকেট কমিটি যারা চারমাস অন্তর অন্তর সভায় বসবেন।”

এসব সংস্কারের মধ্যে উইকেটের চরিত্র পাল্টে ফেলার তাগিদ আছে, মরা উইকেটগুলোতে প্রাণ ফেরানোর উদ্যোগও নেবে বোর্ড। তাছাড়া এক বছরের মধ্যেই আঞ্চলিক নির্বাচন পদ্ধতি চালু হবে এবং সেখানেও বসানো হবে বেতনভুক্ত নির্বাচক যারা রাজ্য পর্যায় থেকে ক্রিকেটারদের বাছাই করে কেন্দ্রে পাঠাবে। আর নির্বাচকদের কাজটাকে চাকরি হিসেবেই দেখবে বোর্ড এবং তাদের বেতনও হবে আকর্ষনীয়।