র্যাংকিংয়ে বিশ্বসেরাদের হারালো বাংলাদেশ
সুপার এইটে ওঠার পর থেকে সময়টা ভালো যাচ্ছিল না। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের কাছে বড় হারের পর সমালোচকদের তীর ছুটছিল বাংলাদেশের দিকে, একটা মাত্র ম্যাচে ভালো খেলেই কেন বাংলাদেশ সুপার এইটে, কথা শুরু হয়ে গিয়েছিল তা নিয়ে। হাবিবুল বাশারের দল জবাবটা দিল বিশ্বর্যাংকিংয়ের সেরা দলের বিপক্ষেই। দক্ষিণ আফ্রিকাকে এর আগে কখনো হারায়নি বাংলাদেশ, শনিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে পূর্ণ হয়েছে সেই অপূর্ণতাটুকুও। দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৮৪ রানে অলআউট করে দিয়ে ৬৭ রানের বড় জয়ই পেয়েছে ‘টাইগার’রা।
টসটা হেরেছেন হাবিবুল বাশার, এটুকু বাদ দিলে দিনটাই ছিল বাংলাদেশের। মোহাম্মদ আশরাফুলের দারুণ ব্যাটিংয়ে প্রথমে বাংলাদেশ তুলেছে বিশ্বকাপে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে নিজেদের সবচেয়ে বড় স্কোর, ৫০ ওভারে ৮ উইকেটে ২৫১। তারপর দক্ষিণ আফ্রিকাকে বেঁধে রাখতে বোলিং-ফিল্ডিংয়েও দেখিয়েছে পেশাদারিত্ব। ২৮ রানে তিন উইকেট পেয়ে বাংলাদেশের সফলতম বোলার আব্দুর রাজ্জাক, তবে দক্ষিণ আফ্রিকানদের সবচেয়ে ভুগিয়েছেন রফিক, উইকেট একটাই পেয়েছেন তিনি, কিন্তু ১০ ওভারে দিয়েছেন মাত্র ২২ রান। সৈয়দ রাসেল ৪১ রান দিয়ে ২ উইকেট নেয়া সৈয়দ রাসেল শুরু করেছেন দক্ষিণ আফ্রিকা বধ কাব্যের, তাতে উপমা-চিত্রকল্পের যোগান দিয়েছেন সাকিব আল হাসানও। ৪৯ রান দিয়ে সাকিবের শিকার ২ উইকেট। সঙ্গে আছে দুটি চমৎকার রান আউটও, যার একটির নায়ক আফতাব, অন্যটির তামিম ইকবাল। আক্ষরিক অর্থেই এটা ‘টিম বাংলাদেশ’-এর জয়!
২৫১ রান তাড়া করতে নেমে প্রথম পাঁচটা ওভার নিরাপদে কাটিয়ে দিলেও ষষ্ঠ ওভারেই প্রথম ধাক্কাটা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক গ্রায়েম স্মিথকে (১২) বোল্ড করে দিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন বাঁহাতি পেসার সৈয়দ রাসেল। দ্বিতীয় উইকেটে ৪৫ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে পথে ফেরাচ্ছিলেন জ্যাক ক্যালিস আর এবি ডিভিলিয়ার্স। বিপজ্জনক হয়ে ওঠার আগেই এই জুটিটাও ভেঙ্গেছেন রাসেল, ক্যালিসকে (৩২) একটি স্লোয়ারে বিভ্রান্ত করে মিড অনে তামিম ইকবালের ক্যাচ বানিয়ে।
আর পরের ওভারেই বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ওপেনার এবি ডিভিলিয়ার্সকে বোল্ড করে দিলে বিপদেই পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। বিপদটা আরো ঘনীভূত হয় পরের ওভারেই আফতাবের দারুণ থ্রো আর রফিকের সহায়তায় অ্যাশওয়েল প্রিন্স (১) রান আউট হয়ে যাওয়ায়।
মাত্র ৪ রানে তিন উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে পথে ফেরাচ্ছিলেন মার্ক বাউচার আর জাস্টিন কেম্প। ব্যাট হাতে কিছু করতে না পারা সাকিবের আবির্ভার তখনই।
এক্সট্রা কভার দিয়ে তাকে বিশাল এক ছক্কা মেরে বল গ্যালারির দ্বিতীয় তলায় পাঠিয়ে দিয়েছিলেন মার্ক বাউচার। কিন্তু পরের বলেই আরেকটি ছক্কা মারতে গিয়ে লং অফে সৈয়দ রাসেলের হাতে ধরা পড়েছেন ২৬ বলে ১২ রান করা দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার। পরের বলেই সাকিবের শিকার অন্যপ্রান্তে থাকা জাস্টিন কেম্প (৭), এবার নিজের বলেই ডানদিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন তিনি।
শন পোলক আর হার্শেল গিবসের জুটিটা বিপজ্জনক হয়ে উঠছিল, মিড অফ থেকে তামিমের দারুণ থ্রোয়ে পোলকের (১৭) বিদায়ে ভেঙ্গেছে সেটা। এরপর রফিক নিজের বলে দারুণ একটা ক্যাচ নিয়ে ফিরিয়ে দিয়েছেন আন্দ্রে নেলকে (১), আর রাজ্জাক শার্ল ল্যাঙ্গাফেল্টকে (৯) এলবিডব্লুর ফাঁদে ফেলে বাংলাদেশের জয়কে করে তোলেন সময়ের ব্যাপার।
আর রাজ্জাকের বলে এনটিনির ক্যাচ নিয়ে দক্ষিণ আফ্রিকার কফিনে শেষ পেরেকটা ঠুকেছেন মাশরাফি। রানার নিয়ে ব্যাট করে গিবসের অপরাজিত ৫৬ রানের ইনিংসটা তাই কোনো কাজেই আসেনি।
বিশ্বকাপে সুপার এইট পর্বের এই ম্যাচে আগে ব্যাট করে আশরাফুলের ৮৩ বলে ৮৭ রানের কল্যাণে ৫০ ওভারে বাংলাদেশ তুলেছে ৮ উইকেটে ২৫১ রান। বিশ্বকাপে এটাই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতেও তাই।
পঞ্চম আর সপ্তম উইকেটে আফতাব ও মাশরাফিকে নিয়ে আশরাফুলের ৭৬ আর ৫৪ রানের দুটি জুটিই বাংলাদেশকে নিয়ে গেছে এতদূর। নইলে ৪৩ রানের উদ্বোধনী জুটির পর মাত্র ৪১ রানে চার উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতেই শুরু করেছিল বাংলাদেশ।
৮৩ বলে ৮৭ রানের ইনিংসে আশরাফুলের কোনো ছক্কা নেই। তবে স্টাম্প ছেড়ে দিয়ে খেলা প্যাডল শটে উইকেট কিপার আর শর্ট লেগের ফিল্ডারের ওপর দিয়ে মারা দারুণ তিনটি বাউন্ডারিসহ আছে মোট ১২টি বাউন্ডারি। ওই রকমই একটি শট খেলতে গিয়ে আন্দ্রে নেলকে তার পঞ্চম উইকেটটি উপহার দিয়েছেন তিনি ইনিংসের শেষ ওভারে। কিন্তু ততক্ষণে বাংলাদেশের ২৫০ পেরোনো পরিণত হয়েছে আনুষ্ঠানিকতায়।
এতে মাশরাফির ১৬ বলে ২৫ রানের ইনিংসটার অবদানও কম ছিল না কোনো অংশে। তার কারণেই আশরাফুলের সঙ্গে সপ্তম উইকেট জুটিতে ৫৪ রান এসেছে মাত্র ৩১ বলে! একটি ছক্কা আর তিনটি বাউন্ডারিতে সাজানো এই ইনিংসটা শেষ হয়েছে তৃতীয় স্পেলে ফেরা নেলের দ্বিতীয় বলে বোল্ড হয়ে।
এই নেলই তার প্রথম স্পেলে তিন উইকেট নিয়ে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন বাংলাদেশকে। জাভেদ ওমরকে দিয়েই শুরু। ১৩ দশমিক ৪ ওভারে ৪৩, মন্দ হয়নি বাংলাদেশের উদ্বোধনী জুটি। কিন্তু ৪০ বলে ১৭ রান করা জাভেদ যেন বুঝতে পারছিলেন তার বিরুদ্ধে ধীরে খেলার সেই পুরনো অভিযোগটা ফিরে আসার সম্ভাবনা। তাই আন্দ্রে নেলের অফ স্টাম্পের বাইরের বলটিতে কাট করলেন তিনি, অনেক ভেবেচিন্তে ফিল্ড সাজানো দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গালিতে দাঁড়িয়ে নিয়েছেন দারুণ একটা ক্যাচ।
অফ ফর্ম কাটাতে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে নিজে নেমে পড়েছিলেন তিন নাম্বারে। কিন্তু শেষ পর্যন্ত দুঃসময়টা কাটাতে পারেননি হাবিবুল বাশার, আন্দ্রে নেলের এক কথায় অসাধারণ এক রিফ্লেক্স ক্যাচের শিকার হয়ে ফিরে গেছেন ৫ রান করেই। তিন ওভারের মধ্যে নেলের এটি ছিল দ্বিতীয় আঘাত, এর পরের ওভারের তার শিকার হলেন তামিমও (৩৮)। উইকেট ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে তিনি দিয়েছেন উইকেটের পিছনে ক্যাচ।
তামিম অবশ্য আউট হওয়ার দুটি সুযোগ দিয়েছিলেন আগেও। প্রথম ওভারটি মেডেন দেওয়ার পর দ্বিতীয় ওভারের প্রথম বলটি ওয়াইড হওয়ার পর দ্বিতীয় বলেই দুর্দান্ত এক এক্সট্রা কভার ড্রাইভে বাউন্ডারি দিয়ে শুরু করলেও ওই ওভারেই তিনি দিয়েছেন প্রথম সুযোগটা। অনেকটা লাফিয়ে হাত ছুঁইয়েও ক্যাচটা রাখতে পারেননি জাস্টিন কেম্প, তাই সে যাত্রা বিপদ থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। আরেকবার শন পোলকের বলে তার ব্যাট ছুঁয়ে যাওয়া একটি বল উইকেট কিপার মার্ক বাউচারের গ্লাভসে লেগেছিল, কিন্তু একে ঠিক সুযোগ বলা ঠিক হবে না।
টপ অর্ডারের ব্যর্থতার ধারাবাহিকতার মাঝে ব্যতিক্রম ছিলেন এতদিন সাকিব আল হাসান, কিন্তু শনিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইট ম্যাচটিতে তিনিও যোগ দিয়েছেন ওই মিছিলে। জ্যাক ক্যালিসের নিরীহ দর্শন একটি বলে কাট করতে গিয়ে সোজা তুলে দিয়েছেন গালিতে দাঁড়ানো দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথের হাতে। ১৭ রানের মধ্যে তিন উইকেট হারানোর পর যখন ইনিংস মেরামতির কাজটা জরুরি, তখন এমন একটা শট সাকিবের কাছ থেকে!
এখান থেকেই শুরু আফতাব আর আশরাফুলের লড়াই। ঝটপট চার উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়ার পর নামতে হয়েছিল বলে শুরুতে যেন ঠিক চেনা যাচ্ছিল না আফতাবকে। যখন চেনাতে শুরু করলেন, তখনই তিনি আউট। জাস্টিন কেম্পকে এক ওভারেই দুটি বিশাল ছক্কা মেরে ইঙ্গিত দিচ্ছিলেন ঝড়ের। এক ওভার পরে কেম্পের জায়গায় দ্বিতীয় স্পেলে ফেরা মাখায়া এনটিনির বলে তার কভার ড্রাইভ বাউন্ডারির দিকেই যাচ্ছিল, হঠাৎ করেই কোত্থেকে যেন উদয় হলেন আন্দ্রে নেল। সুইপার কভার থেকে দৌড়ে এসে নিলেন দর্শনীয় এক ক্যাচ, বাংলাদেশ হারালো তাদের পঞ্চম উইকেট।
উইকেট কিপার মুশফিকুর রহিম এরপর তার ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে রান আউট হয়েছেন ৬ রানে। মিড অফের দিকে শট খেলে আশরাফুল যখন ননস্ট্রাইকিং প্রান্তে প্রায় পৌঁছে গেছেন তারপর ক্রিজ ছেড়ে বেরিয়েছেন তিনি, কেম্পের থ্রো কাজে লাগাতে কোনো অসুবিধাই হয়নি উইকেট কিপার মার্ক বাউচারের।
বাংলাদেশ : ৫০ ওভারে ২৫১/৮ (জাভেদ ওমর ১৭, তামিম ৩৮, হাবিবুল ৫, সাকিব ৯, আশরাফুল ৮৭, আফতাব ৩৫, মুশফিক ৬, মাশরাফি ২৫, রফিক অপরাজিত ৩, রাজ্জাক অপরাজিত ২, অতিরিক্ত ২৪, পোলক ০/২৫, এনটিনি ১/৬১, নেল ৫/৪৫, ল্যাঙ্গেভেল্ট ০/৫৭, কালিস ১/২৭, স্মিথ ০/১৬, কেম্প ০/১৩)
