অন্য দায়িত্বে থেকেও যেতে পারেন গ্রেগ চ্যাপেল
নিজের ওপরই বোধহয় তার রাগ হচ্ছে এখন। আগ বাড়িয়ে পদত্যাগ না করলে হয়তো টিকেও যেতেন চ্যাপেল ! কয়েকদিন ধরে ভারতীয় দলে এই অস্ট্রেলিয়ান কোচের ভাগ্য নিয়ে পরিস্থিতি যেরকম অগ্নিগর্ভ হয়ে উঠেছিল তার কোনো আঁচই লাগেনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভায়। আরো একবার প্রমাণিত হলো, যতো গর্জে তত বর্ষে না।
উল্টো পদত্যাগী গ্রেগ চ্যাপেলকে ভারতীয় ক্রিকেটের অংশ করেই রাখতে চান বোর্ড সভাপতি শারদ পাওয়ার। হঠাৎ গত মঙ্গলবার তিনি পদত্যাগ করেছেন ভারতীয় দলের কোচের পদ থেকে। বিশ্বকাপে ভারতের ভয়াবহ বিপর্যয়ের পরও এই অস্ট্রেলিয়ানের পেশাদারিত্বের প্রশংসা করেছেন পাওয়ার। বিশ্বকাপের পর সারাদেশে ছড়িয়ে পড়া ক্রিকেট-দাবানলে তিনি যেন জল ঢেলে দিলেন!
শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাশেষে সেক্রেটারি নিরঞ্জন শাহ জানিয়েছেন, “পাওয়ারের মত হচ্ছে, কোচের পদ থেকে পদত্যাগ করলেও গ্রেগ চ্যাপেল ভারতীয় ক্রিকেটের সঙ্গে থাকুক এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনায় সহযোগিতা করুক।” তবে এই সংশ্লিষ্টতা ভারতীয় মূল দলের সঙ্গে নয়, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পরামর্শক হিসেবেই তাকে রাখতে চায় বোর্ড।
অথচ গত কয়েকদিনের বিতর্কের মাঝে এরকম কোনো সম্ভাবনাকে অসম্ভবই মনে হয়েছিল। আর অবিশ্বাস্যভাবে সভার আবহ ছিল তাপ-উত্তাপহীন। নির্দিষ্ট করে কেউ কাউকে দোষারোপ করেননি। বিদায়ী কোচ গ্রেগ চ্যাপেলের রিপোর্ট ও ম্যানেজার সঞ্জয় জাগদালের রিপোর্টের মধ্যে তেমন কোনো পার্থক্য নিরূপন করা যাবে না। কদিন ধরে শচীন টেন্ডুলকারের ব্যাপারে চ্যাপেলের বিরূপ মন্তব্য নিয়ে চাপান-উতোর চললেও বিদায়ী কোচের রিপোর্টে তার ছিটেফোঁটাও নেই। বরং বিশ্বকাপ ব্যর্থতার কিছুটা দায় নিজেও নিয়েছেন।
আর ম্যানেজারের রিপোর্ট সিনিয়রদের বিরুদ্ধে যাওয়ার যে গুঞ্জন ছিল সেটাও সত্যি হয়নি। সঞ্জয় জাগদালের রিপোর্টে শুধুই ব্যাটিং ব্যর্থতার কথা-“বাংলাদেশের সঙ্গে ব্যাটসম্যানরা খারাপ করেছে।’ এছাড়া বাকি সবই যেন গ্রেগের রিপের্টের ফটোকপি, “ ঘরোয়া ক্রিকেটে অনেক পরিবর্তন আনতে হবে, তরুণদের আরো বেশি করে তুলে আনতে হবে। খেলোয়াড়দের ফিটনেস বাড়াতে হবে, ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে।” সবই হচ্ছে ক্রিকেট উন্নয়নের মৌলিক শর্ত। তাই বুঝি এনডি টিভিতে অজয় জাদেজা হাসতে হাসতে বলেছেন, “এসব উন্নয়নের জন্যই তো গ্রেগকে নিয়োগ দেওয়া হয়েছিল!”
গত ২০০৫ সালের মে মাসে জন রাইটের হাত থেকে ভারতীয় দলের কোচের ব্যাটনটা তুলে নিয়েছিলেন গ্রেগ চ্যাপেল। তাই ক্রিকেট বোর্ডের সভায় তিনি নিজের দায়িত্বকালের ২২ মাসের পুরো ফিরিস্তি তুলে ধরেছেন। এই সভায় উপস্থিত ছিলেন ভারতের সাবেক ৭ অধিনায়ক মনসুর আলী খান পতৌদি, চান্দু বোর্দে, শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন, সুনীল গাভাস্কার, কপিল দেব, শ্রীকান্ত ও রবি শাস্ত্রী।
কোচের রিপোর্টে যেমন বিস্ফোরক কিছু নেই, তেমনি অধিনায়কের কথাতেও কোচের বিরুদ্ধে কোনো বিষোদগার নেই। ব্যাটসম্যানদের ব্যর্থতার কথা অকপটে স্বীকার করে নিয়েছেন রাহুল দ্রাবিড়। সবার হয়ে দায় নিয়ে তিনি যা বলেছেন তা শুনুন সেক্রেটারি নিরঞ্জন শাহর মুখে, “রাহুল দলের হয়ে সব ব্যর্থতায় দায় নিয়েছেন। ব্যাটিংয়ের কারণেই ভারত প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছে বলে তিনি মনে করেন। তবে ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য তিনি কিছু পরামর্শ দিয়েছেন।” দ্রাবিড়ের ওপর বিশ্বকাপ ব্যর্থতার কোপ পড়ছে না বলেই অনেকের ধারনা। ভারতীয় দলের অধিনায়ক পদে বহাল থেকে যেতে পারেন তিনি।
সম্ভাবনা আছে সুনীল গাভাস্কারের কোচ হওয়ার। বিশ্বকাপ পরবর্তী বাংলাদেশ সফরে ভারত তার তত্ত্বাবধানেই খেলবে। এতে কপিল দেবসহ অনেক সাবেকের সমর্থন থাকলেও এখনো তা নিশ্চিত করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শনিবারের বোর্ড সভায় হয়তো এ নিয়ে আলোচনা হবে। নিশ্চিত হওয়ার জন্য সে পর্যন্ত তাই অপেক্ষায় থাকতেই হচ্ছে।
