২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিবুলদের প্রতি তিন সাবেক অধিনায়কের পরামর্শ

“ আমার আবেগ বলছে, বাংলাদেশ জিতবে। কিন্তু বুদ্ধি ও বিবেচনাবোধ বলছে, হারবে। সেই হারটা যেন সুপার এইটের প্রথম দুই ম্যাচের মতো না হয়। আপাতত এই আশাতেই বসে থাকতে হচ্ছে”-আমিনুল ইসলাম “ বাংলাদেশের কোনো সম্ভাবনা আছে কিনা, এ নিয়ে ভাবতেও সাহস হচ্ছে না। চাই আগের মতোই পুরো ৫০ ওভার খেলে ভালো একটা কিছু করুক”-আকরাম খান “সুপার এইটে বিপর্যয়ের পর ঘুরে দাঁড়িয়ে ভালো কিছু করার জন্য যা যা প্রয়োজন সেগুলো খুবই বাজে অবস্থায় আছে”-গাজী আশরাফ লিপু

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2007, 11:11 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

শনিবার গায়ানায় আইসিসির র‌্যাংকিং অনুযায়ী বিশ্বের এক নাম্বার দল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছেন হাবিবুল বাশাররা। তার আগে বাংলাদেশের তিন অধিনায়কের বক্তব্যের সারমর্ম আশার ফুল ফোটাচ্ছে না কিছুতেই। বরং হতাশার বুদবুদই তুলছে কেবল। গত কয়েক বছরে নিয়মিতভাবে জিততে শুরু করেছে বাংলাদেশ। তবু তারা “হারার আগে হেরে যাওয়ার” পুরনো মানসিকতার কাছে নিজেদের সঁপে দিচ্ছেন। এ কথাটায় প্রবল আপত্তি আকরামের। আমিনুলের মতোই আবেগ নয়, বিচার-বুদ্ধি খাটাচ্ছেন। এবং খাটিয়ে উল্টো যে যুক্তি তিনি দেখাচ্ছেন, তাতে ‘৫০ ওভার খেলার’ মতো মানবাঁচানো তত্ত্বের গ্রহণযোগ্যতাই বেড়ে যাচ্ছে,“ আমি পুরনো দিনের মতো করে ভাবছি, এই কথা বলবেন তো। কিন্তু অবস্থাদৃষ্টে এমন ভাবা ছাড়া উপায় কি? এক ভারত ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচেই কিন্তু বাংলাদেশ ভালো খেলেনি। ৫০ ওভারের যে ম্যাচগুলো খেলল, তার কয়টাতে পুরো খেলতে পারলো? আমরা সুপার এইটে যে ভাগ্যক্রমে যাইনি, সেটাই বা প্রমাণ করতে পারলাম কই? যেখানে বড় দলগুলোর আমাদের সমীহ করার কথা, সেখানে ওরা দেদারসে রান রেট বাড়িয়ে নিচ্ছে। পারফরম্যান্সই তো আমাকে পুরনো দিনে নিয়ে যাচ্ছে।”

এখান থেকে আবার সামনে তাকাতে চেয়েও পারছেন না বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক আমিনুল। “ সুপার এইটের আগে যে বাংলাদেশ দলকে দেখেছি, সেটাকে এখন আর দেখতে পাচ্ছি না। শেষ আটের জন্য দলটা কোনো লক্ষ্য ঠিক না করেই খেলছে বলে মনে হচ্ছে।” তাছাড়া হাবিবুল বাশারের প্রতিও ‘নেতা’ হিসেবে নিজেকে প্রমাণের দাবি জানাচ্ছেন তিনি,“ অধিনায়ককে সামনে থেকে নেতৃত্ব দিয়ে উদাহরণ তৈরি করতে হয়। কিন্তু এই মুহুর্তে ওকে দলের জন্য বোঝাই মনে হচ্ছে। অবস্থাটা এমন যে ভালো ফল পাওয়ার জন্য ওকে এখন ড্রপও করা যেতে পারে। সন্দেহ নেই, ও বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। অন্যতম সেরা ব্যাটসম্যানও। তাই ওর পাশে আমাদের দাঁড়াতেই হবে। সেক্ষেত্রে দেশে ফেরার পর সুমনের (হাবিবুলের ডাকনাম) ফিটনেসটা ঝালানো উচিত। আর ওর গেমপ্ল্যানেও সমস্যা দেখছি। তামিমকে তার স্বভাবসুলভ খেলাটাই খেলতে দেওয়া উচিত।”

ম্যাচ-পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন আনার দাবি গাজী আশরাফ লিপুরও। বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচের অধিনায়ক বলছেন,“ এখন কিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যেতে পারে। কিছুতেই যখন কিছু হচ্ছে না। আমি বলবো আশরাফুলকে আগে পাঠাতে। বেশি বল খেলার সুযোগ দিয়েই দেখা যাক না কী করতে পারে। আর ব্যাটসম্যানরা যখন রান পাচ্ছেই না, তখন ছয়জন ব্যাটসম্যান খেলিয়ে একজন বোলার বাড়ানো যেতে পারে। ১৪ থেকে ৪০ ওভার পর্যন্ত স্পিন দিয়ে চালানোর মতো বৈচিত্র্যহীনতাও পরিহার করা উচিত। তৃতীয় পেসার অবশ্যই খেলানো উচিত। রাজীবকে (শাহাদাত হোসেন) এখনো একটা ম্যাচেও খেলানো হলো না। খুব আক্রমণাত্মক বোলার ও। আফতাবকে দিয়ে তো এখনো তেমন একটা বোলিং করানোই হলো না। কম গতির জন্য টিম ম্যানেজমেন্ট ভয় পেয়ে থাকলে বলবো, স্টাইরিস কিন্তু ওরকম গতিতে বল করেই সাফল্য পাচ্ছে।”

তার কৌশল মেনে খেললে বাংলাদেশ আবার হইচই ফেলে দেওয়ার মতো কিছু ঘটিয়ে ফেলবে এমনটি লিপু নিজেও বিশ্বাস করেন না। হাবিবুলরা তার আস্থার মর্যাদা না রাখার পরও কৌশল বাতলে দিচ্ছেন এজন্য,“ যাতে পরের ম্যাচগুলোতে অন্তত বোঝা যায় যে বাংলাদেশ দলের মনোভাব চাঙ্গা। ভালো করার ইচ্ছেটা তাদের মরে যায়নি।”

মৃত স্বপ্নের বুক চিরে এখন নতুন স্বপ্ন দেখার সাহস হচ্ছে না তিন সাবেক অধিনায়কের। তাতে যে মানহানির ভয়! আশার বেলুন ফুলিয়ে সহসাই সেটাকে ফাটিয়ে দেওয়া ক্রিকেটাররা এখন নায়ক থেকে প্রায় খলনায়ক বলেই ...!