২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেন দক্ষিণ আফ্রিকার সঙ্গে পারা যায় না!

অনেক বছর আগে একটা স্পোর্টস ম্যাগাজিনের কাভার স্টোরি ছিল ওটা। দক্ষিণ আফ্রিকা দলের ছবি দিয়ে পাশে শিরোনাম,‘টোটাল ক্রিকেট।’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গায়ানা থেকে মোস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2007, 10:15 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

টোটাল ফুটবলের আদলে টোটাল ক্রিকেট ধরলে বিষয়টা দাঁড়ায় ফুটবলের সত্তর দশকের ডাচ দলের মতো। ইয়োহান ক্রুইফের সেই দল! এবং ট্র্যাজেডি চিন্তা করলেও মিল আছে। ক্রুইফরা পরপর দুবার বিশ্বকাপ ফাইনালে উঠে দুবারই হেরে গেছেন স্বাগতিক দলের কাছে। আর দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ইতিহাসের পুরোভাগ জুড়েই তো ট্র্যাজেডি।

’৯২তে অদ্ভুতুড়ে বৃষ্টি আইন, ‘৯৬-তে ব্রায়ান লারার অসাধারণ সেঞ্চুরি, ‘৯৯-তে স্টিভ ওয়াহর অতিমানবীয় কীর্তি এবং তারপর গতবার নিজের দেশে অংকের ভুল! কোনোবারই আফসোস উপহার না দিয়ে ওরা বিশ্বকাপ শেষ করেনি। কিন্তু তবু যেন ঠিক টোটাল ক্রিকেট তথা ডাচ দলের সঙ্গে ওদের মেলানো যায় না। টোটাল ফুটবলে শক্তির আগে ছিল সৌন্দর্য, কিন্তু দক্ষিণ আফ্রিকান ক্রিকেট কোনোভাবেই সৌন্দর্যের প্রতীক নয়। বব উলমার ল্যাপটপে গবেষনা করে যে বীজটা ওদের ক্রিকেটে গেড়ে দিয়েছেন সেটা আসলে অংক আর ছকনির্ভর ক্রিকেট। মেকানিক্যাল ক্রিকেট। ফুটবলের জার্মানির সঙ্গেই বেশি যায়।

দক্ষিণ আফ্রিকান ক্রিকেট নিয়ে এত গবেষনার কারণ,দেখা যাচ্ছে, এই একটা দলের সঙ্গে জয় দূরে থাক, বাংলাদেশ কখনো মনে রাখার মতো কোনো ম্যাচই খেলেনি। এবং মনে হচ্ছে এর মূলে আসলে ওদের মেকানিক্যাল ক্রিকেট। কোনো রোমান্টিসিজম নেই, ছক কাটা ক্রিকেট আর এ ধরনের ক্রিকেটের বিরুদ্ধেই দুর্বল দলগুলোর বেশি অসুবিধা। মেশিনে সুইচ টিপলে যা হওয়ার কথা তা-ই হয়, উত্থান-পতনের সম্ভাবনা অনেক কম, কাজেই শক্তির তফাত মাঠেও ঠিক থেকে যায়! সেজন্যই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অঘটন ঘটানো অন্য যে কোনো দলের চেয়ে একটু বেশি কঠিন।

বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশারও সেটা মানছেন,“ওরা র‌্যাংকিংয়ে এক নাম্বার দল। অস্ট্রেলিয়া এত ভালো খেলে কিন্তু তারাও তুলনামুলক দুর্বল শক্তির দলের কাছে মাঝে-মধ্যে হোঁচট খায়। কিন্তু দক্ষিণ আফ্রিকাকে দেখুন, শক্তিতে দূর্বল দলের কাছে ওরা খুব একটা হারে না।” এই বিশ্বকাপেই দেখুন। দক্ষিণ আফ্রিকা একটা ম্যাচই হেরেছে, সেটা অস্ট্রেলিয়ার সঙ্গে। এর বাইরে তাদের কোনো সমস্যা নেই, মালিঙ্গা চার বলে চার উইকেট নিয়ে ওদের একটু চোট দিয়েছিলেন, নইলে বাকি সব ম্যাচ জিতে ওরা সেমিফাইনালে ওঠার পথে আছে ঠিকঠাক।

টেস্ট যুগে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় লজ্জার অধ্যায় যেখানে রচিত হয়েছে সেই দেশটার নামও দক্ষিণ আফ্রিকা। ২০০৩ বিশ্বকাপ। কিন্তু তার ঠিক পরই বাংলাদেশ সফরে গিয়েছিল যে দক্ষিণ আফ্রিকা সেখানেই সাগরে জলকণার মতো মনে রাখার সামান্য কিছু ঘটনা ঘটিয়েছিল বাংলাদেশ। ঢাকা টেস্টে রফিক ম্যান অব দ্য ম্যাচ, এর আগে একটা ওয়ানডেতে আশরাফুল ফিফটি করে হয়েছিলেন ম্যাচ সেরা।

সেই আশরাফুল তার অভিজ্ঞতা থেকে বলছেন,“দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের যেটা সবচেয়ে বড় অসুবিধা, সেটা হলো, ওদের দলে পেস বোলার অনেক বেশি। স্পিনার পাওয়াই যায় না। সাধারণত স্পিনার এলে আমরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু ওদের বিপক্ষে সেই স্বস্তিটা পাওয়া যায় না কখনো। তাছাড়া মাঠে ওদের বডি ল্যাঙ্গুয়েজও অনেক আক্রমনাত্মক। চিৎকার-চেচাঁমেচিও করে সারাক্ষণ।” শাহরিয়ার নাফীসের চোখেও ওরা অন্য দলের চেয়ে মাঠে অনেক বেশি ‘টাফ’ ,“ আমার মনে হয়, দক্ষিণ আফ্রিকা মাঠে সবসময়ই সক্রিয় থাকে। কখনোই তারা ঢিল দেয় না। কোনো দলই সেটা করতে চায় না, কিন্তু দক্ষিণ আফ্রিকাকে দেখে মনে হয় সবসময়ই তারা খুব সচেতন।”

এই সচেতনতা, সবসময়ই মরিয়া ভাব, ব্যাট-বলের সঙ্গে সঙ্গে শরীরের ভাষাতেও আক্রমণ ফুটিয়ে রেখে একটা ব্যুহ তৈরি করে এবং তার গেটে ছোট দলগুলোর জন্য নোটিশ,‘প্রবেশ নিষেধ।’ এই নিষেধাজ্ঞাটা অমান্য করা যায় শুধুই নিজেদের সর্বোচ্চ ক্রিকেট শক্তি দিয়ে। আর কোনো বিকল্প পথ নেই।

কিন্তু এই দক্ষিণ আফ্রিকাই যে আবার বিশ্বকাপের সব বড় ট্র্যাজেডির শিকার। অদ্ভুতুড়ে সব ঘটনাতেই যে শেষ হয় ওদের বিশ্বকাপ। নিজেদের দিক থেকে ওরা কোনো সুযোগ রাখে না বটে, কিন্তু ভাগ্য মাঝে-মধ্যে ওদের বিপক্ষে এমন ব্যাট-প্যাড পরে নেমে যায় যে তখন অংকও ফেল। যন্ত্রে তেল-মবিল সবকিছুর অভাব।

চুপি চুপি মনে রাখুন, বিশ্বকাপে কোনো একটা ম্যাচে, কোনো একটা দিনে দক্ষিণ আফ্রিকার এমন গোলমাল হয়ই! সেটা যদি আজই হয়। যদি...