বৃত্ত থেকে বেরিয়ে আসার তাড়না
এই ম্যাচের আগে বাংলাদেশের সামনে কোনো প্রেরণা নেই। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারায়ইনি কোনোদিন। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের হারের চোটটাও গায়ে এমন লেগে আছে যে মানসিকশক্তি আর বিশ্বাসও বিলীন প্রায়।
এবং এই ম্যাচের আগে বাংলাদেশ দলের পেছনে অনেক তাড়না। সুপার এইটে যা কিছু অর্জন হয়েছিল তার সবই এভাবে হাতছাড়া করে দেশে ফিরবে কী নিয়ে! বিস্মৃতিপরায়ন জাতি আমরা, নগদটাই মনে রাখি, এভাবে ক্রমাগত হারতেই থাকলে ভারতের সঙ্গে ম্যাচের স্মৃতি ‘নাই’ হয়ে যাবে পুরো। এখনই তো ওটা স্মৃতি হয়ে অ্যালবামে ঢুকি ঢুকি করছে।
দিন বদলের হাওয়াটা বাংলাদেশের যার গায়ে সবচেয়ে বেশি লেগেছে তার নাম হাবিবুল বাশার। অধিনায়ক তিনি, ওয়ানডেতে ব্যাট হাতে সাফল্যে তিনি টেস্টের মতো অবিসংবাদিত এক নাম্বার নন হয়তো, কিন্তু অভিজ্ঞতায়, বিদেশী মিডিয়ার সামনে নিজেকে উপস্থাপনে হাবিবুল ক্রমেই নিজেকে একটা শ্রদ্ধার জায়গায় নিয়ে গেছেন। এবং সবচেয়ে যেটা আকর্ষনীয় দিক, তা হলো, এখন কোনোভাবেই জেতার জন্য খেলার বাইরে অধিনায়ক কিছু ভাবতে চান না। অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড হারানোর সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসও অনেকখানি উড়িয়ে নিয়ে গেছে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রেরণা খুঁজে বার করার মতো কোনো স্মৃতি হাতড়েও মিলছে না, তবু অধিনায়ক জানাচ্ছেন, “আমরা জেতার জন্যই খেলবো। ওদের সম্পর্কে তো বলার কিছু নেই। ওরা বিশ্বের এক নাম্বার দল। কিন্তু আমি মনে করি আমরা সামর্থ্যরে পুরোটা দিয়ে খেলতে পারলে লড়াই করা অবশ্যই সম্ভব।”
লড়াইয়ের স্বপ্নের পক্ষে অনুষঙ্গ হয়ে থাকছে গায়ানার উইকেট। ক্যারিবিয়ান উইকেট তার ক্রিকেটের মতোই স্বভাব-চরিত্র হারিয়ে এখন উপমহাদেশের উইকেটের মতোই মৃতপ্রায়। ধারনা করে যিনি বা যারা ভারতকে ফেভারিটের তালিকায় রেখেছিলেন, তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারত এখন দেশে গিয়ে পারস্পরিক কাঁদা-ছোড়াছুড়িতে ব্যস্ত। কিন্তু এই একটা উইকেটে পুরোপুরি ভারতীয় ঘরানারই ছবি। উইকেটে টার্ন আছে, কাজেই তিন স্পিনারের দল বাংলাদেশের বোলিংয়ে অনেক বাড়তি সুবিধা। বল একটু স্লো আসে ব্যাটে, কাজেই বাংলাদেশের ব্যাটসম্যানদের স্ট্রোক খেলতে সুবিধা হওয়ারই কথা।
দুয়ে দুয়ে মিলে যে চার সেটাই দক্ষিণ আফ্রিকার পরাক্রমের বিরুদ্ধে বাংলাদেশের এক এবং একমাত্র ঢাল। আগের ম্যাচের একাদশই থাকছে, তবে ব্যাটিং অর্ডারে কিছু বিন্যাস-সমাবেশের ঘটনা সম্ভবত ঘটতে যাচ্ছে। আফতাবকে সরিয়ে অধিনায়ক নিজে চলে আসছেন তার পুরনো পজিশন তিন নাম্বারে এবং আরেকটু বেশি খেলার সুযোগ দিতে আশরাফুলকে খেলানো হচ্ছে পাঁচ নাম্বারে। আফতাবকে তাই সম্ভবত যেতে হচ্ছে ছয় নাম্বারে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে বৃষ্টিভেজা এক বিকালে আশরাফুল ওদের বোলারদের বিপক্ষে একবার খুব চড়াও হয়েছিলেন। সুবাদে হাফ সেঞ্চুরি এবং ম্যান অব দ্য ম্যাচ। ইতিহাস ঘেঁটে দেখছি, প্রোটিয়াদের বিপক্ষে আর মনে রাখার কিছু নেই। গত বিশ্বকাপেও শোচনীয় হার। আরও দেখছি দক্ষিণ আফ্রিকার পচা শামুকে পা খুব একটা কাটে না। কারণ? অধিনায়ক স্মিথের বক্তব্যে জানা যাচ্ছে,“আমরা ছোট দলগুলোর বিপক্ষে আমাদের খেলাটা নিয়েই বেশি চিন্তা করি। আমরা জিতবোই, কিংবা হারলে আমাদের সব শেষ হয়ে যাবে-এমন না ভেবে, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যেসব করনীয়, সেগুলোর দিকেই মনযোগী থাকি।’ বিপক্ষ বাংলাদেশ বলে তাই ওরা ঢিল আলগা করবে না, কোনো ছাড় নেই; দুরন্ত পেসারদের সামনে শুরু থেকেই। ব্যাটসম্যানরা “ও। আচ্ছা। এটা তো বাংলাদেশ।” জাতীয় উচ্চাভিলাষী এবং আত্মঘাতি ভাবনা দিয়ে বাংলাদেশের সুবিধা করে দেবেন এমন বিশ্বাসের কোনো ভীত নেই।
ভরসা তাই নিজেদের ক্রিকেট। যে ক্রিকেট নিয়ে ক্যারিবিয়ানে রীতিমতো সাপ-লুডু খেলা চলছে। এই মই বেয়ে আকাশে, তো এই সাপের মুখে পড়ে মাটিতে। মাটি থেকে রথটাকে পাতালমুখী করার একটা পাগুলে কাণ্ড করে বসেছেন কোচ ডেভ হোয়াটমোর, ভারতের কোচ হওয়ার বিষয়ে খুল্লাম খুল্লা আগ্রহের কথা সাড়ম্বরে জানিয়ে। আশার কথা তাই যত শোনা যায়, নিরাশার পিছুটান তাই ততটাই বোধ হয়। আশার মুখে লাগাম লাগানোই যেন।
সেই লাগামটা মাঠে গিয়ে খুলে দেয়ার দুনির্বার তাড়নাটাও অনুচচারে বয়ে চলেছে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার দশা হলে ঘুরে দাঁড়ানোর বাংলাদেশী ইতিহাস কিন্তু আছে। প্রেরণাকে যারা মাটি করতে পারে. তারাই আবার তাড়না দিয়ে কখনও কখনও সৌধ বানিয়ে বসে।
এই ম্যাচে বাংলাদেশের প্রেরণা নেই। কিন্তু তাড়না আছে।
