২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যালারির প্রাণহীনতার আসল কারণ

ক্যারিবীয় মাটিতে বিশ্বকাপ, অথচ নেই ক্যালিপসো সুরের মূর্ছনা! এটা কিছুতেই মেনে নিতে পারছেন না স্যার ভিভ রিচার্ডস। তার দাবি, বাদ্য যন্ত্র নিয়ে মাঠে ঢোকার ওপর বিধিনিষেধ আরোপ করে কেড়ে নেওয়া হয়েছে ক্যারিবীয় অঞ্চলের ক্রিকেট মাঠের প্রাণ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2007, 08:36 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের কথাই ধরা যাক। এখন পর্যন্ত কোনো ম্যাচে মাঠের অর্ধেকটাই ভরেনি। উৎসবপাগল ক্যারিবিয়ান জনগণের উপস্থিতি সেখানে নেই-ই বলতে গেলে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা নিউজিল্যান্ড থেকে আসা সমর্থকরাও হতাশ, ওয়েস্ট ইন্ডিজের স্টেডিয়ামে স্থানীয় দর্শকদের গান বাজনা আর একেবারেই নিজস্ব ধরণের উৎসব দেখতে না পেয়ে। আসলে বিধি নিষেধের বেড়াজাল দেখে স্থানীয়দের অনেকে টেলিভিশনেই উপভোগ করছেন বিশ্বকাপ।

অ্যান্টিগার ইতিহাসের অন্যতম সেরা সন্তান ভিভ রিচার্ডস তাই লুকিয়ে রাখতে পারছেন না হতাশা, ‘‘আমরা খুব রোমাঞ্চপ্রিয় আর উতসব-অনুরাগী মানুষ। অ্যান্টিগায় প্রথম ম্যাচের দিনই আমি একজন ক্যারিবিয়ান সন্তান হিসেবে এ কথা বলেছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে, কি যেন হারিয়ে গেছে। আমার বিশ্বাস খুব বেশি বিধি নিষেধের মধ্যে আমাদের আটকে ফেলা হয়েছে।’’

এরপরই এসেছে দ্বীপবাসীদের নিজস্ব জীবনযাপন আর ঐতিহ্যের কথা। রিচার্ডসের ভাষায়, ‘‘আমরা খুবই স্বতন্ত্র ধরণের মানুষ। আপনারা ইউরোপ, দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ায় যেভাবে জীবন যাপন করেন, তার চেয়ে আমরা ভিন্ন। আমরা আমাদের জীবন যাপনের ধরণে আলাদা, ভিন্ন আমাদের জীবনের উৎসবমুখরতায়। আমার মনে হচ্ছে, কেউ আমাদের গলা চেপে ধরে বলেছে, ‘না। তোমার চিৎকার আর শুনতে চাই না আমি।’’