ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেমে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ
সমালোচনার তীরে দারুণভাবে বিদ্ধ বিশ্বকাপের স্বাগতিক দল ওয়েস্ট ইন্ডিজ ফিরেছে অনুশীলনে। বাজে পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে পড়তে বসেছে ক্যারিবিয়ান দলটি। এ অবস্থায় খেলোয়াড়রা তিনদিনের ছুটিতে যার যার দেশে ফিরে গিয়ে পড়েছিলেন তোপের মুখে। তবে অনুশীলনে ফিরে একজোট হয়ে আবার লড়াইয়ের ঘোষণা দিয়েছেন খেলোয়াড়রা।
সুপার এইটে বৃহষ্পতিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ। প্রথম রাউন্ডের তিনটি ম্যাচই জিতেছিল তারা। কিন্তু সুপার এইটের প্রথম তিন ম্যাচই হারায় তাদের সেমিফাইনালে খেলা প্রায় অসম্ভব। বৃহস্পতিবার বিশ্রাম শেষে প্যারাডাইসের কাছে এক গ্রামে নিজেদের মধ্যে ম্যাচ খেলেছেন ব্রায়ান লারারা। তারপর দলের সহ অধিনায়ক রামনরেশ সারওয়ান বলেছেন, এবার তাদের জেগে ওঠার পালা, ‘‘সবারই নিজের মত প্রকাশের স্বাধীনতা আছে। আমরা পেশাদার। এখন আমাদের সবকিছু পেছনে ফেলে ভালো পারফরম্যান্স দেখাতে হবে।’’
আর তা করতে হলে দায়ীত্বের প্রতি সততারও প্রমাণ রাখতে হবে বলে মনে করেন সারওয়ান, ‘‘নিজেদের কাছে সৎ হতে হবে আমাদের-আমরা তেমন ভালো খেলতে পারছি না। আমাদের একতাবদ্ধ হতে হবে। তিনটি বিভাগেই ভালো করতে হবে-ভালো ব্যাটিং করতে হবে, ভালো বোলিং আর ভালো ফিল্ডিং করতে হবে। এটা নিয়েই কাজ করছি আমরা।’’
সারওয়ান বুঝতে পারছেন, সর্বশেষ তিন ম্যাচে তাদের পারফরম্যান্স হতাশ করেছে দ্বীপবাসীদের। নিজেও ব্যাটিংটা ভালো করতে পারেননি। তবু মানুষের সমর্থন চাইছেন তিনি, ‘‘জনগণ আমাদের নিয়ে দারুণ আশাহত। তবু এখন যা পরিস্থিতি তাতে আমাদের তিনটি ম্যাচই জিততে হবে, নিজেদের সবটা ঢেলে দিতে হবে। আর সে জন্য দরকার সমর্থন। আশা করি বিস্ময়কর কিছু করে দেখাতে পারবো আমরা।’’
এরই মধ্যে তাদের বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ। টুর্নামেন্টের মাঝখানে দেশে ফেরায় খেলোয়াড়দের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে তাদের তুলোধুনো করেছেন গ্রেট ক্রিকেটাররা। কিন্তু সারওয়ান বলছেন, ছুটি কাটাতে পারায় লাভ হয়েছে, বেড়েছে আত্মবিশ্বাস, ‘‘এটা খুব হাস্যকর যে একটু খারাপ করলেই আমাদের মানসিকতা নিয়ে প্রশ্ন ওঠে, সবাই বলে, আমরা বেশি বেশি পার্টি করছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা তো জানি, অনুশীলণ আর মাঠে আমরা কি করছি। কঠিন লক্ষ্য অর্জনের জন্য নিজেদের তৈরি করছি আমরা।’’ গায়ানিজ ব্যাটসম্যান বলেছেন, ‘‘আমরা ভালো খেলতে পারিনি। তবে এখন ভালো করতে প্রত্যয়ী। আমরা সবসময় পথেঘাটেই থাকি। তাই খেলা ভুলে কয়েকদিনের জন্য বাড়ি গিয়ে পরিবার-পরিজনকে সময় দিতে পারায় ভালোই লাগছে। এখন সময়, আমাদের একতাবদ্ধ হওয়ার। আমরা তৈরি।’’
১৯৭৫ ও ১৯৭৯-তে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখা স্যার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে লারার দলের কথা হয়েছে কি না কে জানে! ‘কিং রিচার্ডস’ দলের পারফরম্যান্সে হতাশ হলেও তৃতীয়বার বিশ্বকাপ জয়ের আশা ছেড়ে দেননি, ‘‘আমাদের দলটি এখনো প্রমাণ করতে পারেনি যে আসলে কাদের প্রতিনিধিত্ব করছে তা তাদের জানা আছে। এটা দেখে একটু কিংকর্তব্যবিমুঢ় আমরা। কিন্তু তাদের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছি না। আমি শুধু খুব এবং খুবই হতাশ।’’
