২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচের আগে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার জমজমাট কথার লড়াই

ক্রিকেটে তাদের ইতিহাস চির শত্রুতার। বিশ্বকাপের মতো আসরেও সেই শত্রুতা চলে আসতে বাধ্য। আর সে কারণেই ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্নকে মাটি করতে কোমর বেঁধেছে অস্ট্রেলিয়া। বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বাস, রোববার সুপার এইটের ম্যাচে ইংলিশদের প্রথম বিশ্বকাপ জয়ের আশা অনেকটাই ধুলোয় মিটিয়ে দিতে পারবে তারা। ইংল্যান্ডও অবশ্য মুখ বন্ধ করে নেই। তারাও দিচ্ছে পাল্টা হুমকি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Apr 2007, 06:32 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এটি অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ। সুপার এইটে তাদের পরের ম্যাচগুলো বার্বাডোজ ও গ্রেনাডায়। ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার সময় পয়েন্ট টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়ার অবস্থান। তাদের পয়েন্ট ৬, ইংল্যান্ডের মাত্র ২।

এই ম্যাচের আগে খুব স্বাভাবিকভাবেই উঠে আসছে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের কথা। ওই টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়াকে ২-০ তে হারিয়েছিল ইংল্যান্ড। সেই হারে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি দক্ষিণ আফ্রিকার কাছে হারায় রিকি পন্টিংয়ের দল। তবে অস্ট্রেলিয়ার কোচ জন বুকাননের দাবি, ইংল্যান্ডকে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে হারানোয় ত্রিদেশীয় টুর্নামেন্টে তাদের ওই হার চলে গেছে ইতিহাসের গহ্বরে।

মুখে এ কথা বললেও বুকাননের কথায় ঠিকই উঠে আসছে প্রতিশোধস্পৃহা, ‘‘এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এখানে নিজেদের সেরাটা দিতে পারলে আক্ষরিক অর্থেই আমরা আরেকটি দলকে টুর্নামেন্ট থেকে বের করে দিতে পারবো।’’ এর পাশাপাশি মরীয়া ইংল্যান্ডের ব্যাপারে সতর্ক উচ্চারণও আছে বুকাননের, ‘‘তাদের জন্য পত্যেকটি ম্যাচই নক-আউট ম্যাচ। আর তাই তাদের মরীয়া না হয়ে উপায় নেই। তার মানে হলো, আমাদের বিপক্ষে পুরোপুরি তৈরি হয়ে নামছে তারা।’’

প্রথম রাউন্ড থেকে কোনো পয়েন্ট আনতে পারেনি ইংল্যান্ড। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও হেরেছে শ্রীলঙ্কার কাছে। তবে লঙ্কানদের বিপক্ষের ম্যাচে বোঝা গেছে, বিশ্বকাপের একটি ম্যাচ মানে ইংল্যান্ডের কাছে জীবন-মরণ। দূর্ভাগ্য, জয়ের দরজায় দাঁড়িয়ে শেষ পর্যন্ত দুই রানে হারতে হয়েছে তাদের।

ইংল্যান্ডের টপ অর্ডার ততটা ভালো করতে পারছে না। তবে আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান ইয়ান বেলের ওপর ঠিকই চোখ থাকছে অস্ট্রেলিয়ার। বুকাননের কথায়, ‘‘এই সময়ে মুগ্ধ করার মতো খেলোয়াড়দের একজন বেল। তিন নম্বরে খেলতে নেমে ইংল্যান্ডের শেষ পর্যন্ত যা কিছু স্কোর দাঁড়ায় তাতে বড় ভূমিকা রাখে সে।’’

কিন্তু বুকানন হয়তো ভুলে গেছেন পল নিক্সনের কথা। ত্রিদেশীয় টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকে হারানোতেও বেশ ভালো ভূমিকা ছিল ইংল্যান্ডের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। সেদিন শ্রীলঙ্কার বিপক্ষেও দলকে প্রায় জিতিয়ে ফেলেছিলেন। ৩৬ বছরের এই ক্রিকেটারের কাছে অস্ট্রেলিয়া মানে অপ্রতিরোধ্য কোনো দল নয়, ‘‘অস্ট্রেলিয়ায় ওই জয়গুলো আমাদের বিশ্বাস এনে দিয়েছে। এই বিশ্বাসটাই জরুরি যে, অস্ট্রেলিয়াকে হারানো যায়।’’ নিক্সনের মনে হচ্ছে অস্ট্রেলিয়ার হারার সময় এসেছে, ‘‘একটি হার অস্ট্রেলিয়ার পাওনা হয়ে গেছে। তারা খুব ভালো খেলেছে। কিন্তু তারা তো মানুষ, চাপের মুখে কিছু ভুল করে শাস্তি পেতেই পারে।’’