২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিডল অর্ডারের ব্যর্থতার জন্য ‘দায়ী’ দুর্দান্ত টপ অর্ডার!

এখন তাদের ‘দুর্দান্ত দল’ বলতে অনেকেরই যেন বাধছে। যদিও তারা এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট, যদিও তারা আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়ারও ওপরে-একেবারে এক নম্বরে! তারপরও কেন দক্ষিণ আফ্রিকাকে দল হিসেবে নিখুঁত মানা যাচ্ছে না? কারণ একটাই-মিডল অর্ডার ব্যাটিং।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Apr 2007, 05:51 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সঙ্গে হার এবং শ্রীলংকার সঙ্গে কোনো রকমে হার এড়ানো ম্যাচদুটোতে বড় বেশি চোখে পড়েছে ওই দুর্বলতা। অ্যাশওয়েল প্রিন্স অবশ্য এটাকে দুর্বলতা বলতেই নারাজ। তার মতে, টপ অর্ডার বেশি ভালো করছে বলে মিডল অর্ডার যোগ্যতা প্রমানের সুযোগই পাচ্ছে না বিশ্বকাপে।

কথাটা একেবারে উড়িয়েও দেয়া যাচ্ছে না। এ আসরে সত্যিই অসাধারণ খেলছে দক্ষিণ আফ্রিাকার টপ অর্ডার। বিশেষ করে অধিনায়ক গ্রায়েম স্মিথ আর বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসের কথা তো না বললেই নয়! ক্যালিস চার ম্যাচে ১৬৪ গড়ে করেছেন ৩২৮ রান আর স্মিথ ওপেনার বলে তার চেয়ে একটু খারাপ, ৫ ম্যাচে ৬৬ দশমিক ৪০ গড়ে ৩৩২। তাদের এমন পারফরম্যান্সই মিডল অর্ডারের ব্যার্থতার পক্ষে সাফাই গাওয়ার সুযোগ করে দিয়েছে অ্যাশওয়েল প্রিন্সকে,“ আমাদের টপ অর্ডার এত ভালো ব্যাট করছে যে, মিডল অর্ডার খুব একটা সুযোগই পাচ্ছে না। টপ অর্ডার খুব ভালো ফর্মে থাকায়, দরকারী রান ওরা করে দিচ্ছে বলে, মিডল অর্ডারে যারা আছি তারা কিন্তু উইকেটে খুব একটা সময়ই কাটাতে পারিনি।” প্রিন্সের বিশ্বাস, সুযোগ পেলে অবশ্যই ব্যর্থতার এ বৃত্ত ভেঙ্গে ফেলবে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা।

সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৮ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ হেরে বসা কিংবা শ্রীলংকার বিপক্ষে লাসিথ মালিঙ্গার চার বলে চার উইকেট হারিয়ে সহজ ম্যাচ কঠিন করে জেতার নজীর দক্ষিণ আফ্রিকা হয়তো গড়বে না। শনিবার বাংলাদেশের বিপক্ষে তো সে আশঙ্কাকে মনে আনতে একেবারেই রাজি নন প্রিন্স। এ ম্যাচে দক্ষিণ আফ্রিকা একটা লক্ষ্য নিয়েই নামবে বলে জানিয়েছেন তিনি,“এ ম্যাচ থেকে আমরা দুটো পয়েন্ট চাই। এ মুহুর্তে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।” তবে আবহাওয়া সেই লক্ষ্য পূরণে বাধা হয়ে দাঁড়াতে পারে সে আশঙ্কা বোধহয় উড়িয়ে দিতে পারছেন না, “ এখানে বেশ বৃষ্টি হয়েছে। তবু আশা করছি, ম্যাচ শেষ করে দু পয়েন্ট অর্জন করার মতো যথেষ্ট ওভার আমরা পাবো।”