২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়তি মেনে ফিরতে হচ্ছে তাপসকে

নিয়তি এমনই যেটাকে একসময় মনে হয় সৌভাগ্য সেটাই সময়ে ফিরে আসে সর্বনাশের বীজ হয়ে। তাপস বৈশ্যর চেয়ে ভালো করে আর কে জানবে এই সত্যিটা!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গায়ানা থেকে মোস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 10:45 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

বাংলাদেশের এতজন খেলোয়াড় বিশ্বকাপে এত এত ম্যাচ খেলছেন, কারো কিছু হলো না, অথচ তাপস একটা ম্যাচ খেলে মাত্র ২.৫ ওভার বল করেই এমন ইনজুরি বাঁধিয়ে বসলেন যে বিশ্বকাপ তো গেলই, গেল ভারতের সঙ্গে সিরিজও। এক্সরে রিপোর্টের ভিত্তিতে এখানকার ডাক্তার যা বলেছেন তাতে নিশ্চিতভাবেই আগামী ৬ থেকে ৮ সপ্তাহ তাকে থাকতে হবে মাঠের বাইরে। ততোদিনে ভারতের সঙ্গে সিরিজও শেষ।

অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচেও বাংলাদেশ দল অপরিবর্তিতই ছিল। আগের তিন ম্যাচ যে দল খেলেছে তারাই খেলবে, কিন্তু সকালের বৃষ্টিতে ম্যাচ ছোট হয়ে যাওয়াতে টিম ম্যানেজমেন্টের মনে হলো রাসেলের চেয়ে তাপসই বেশি কার্যকর হবেন। বৃষ্টি তাপসের জন্য হয়ে এল আশীর্বাদ, কিন্তু আশীর্বাদ মাত্র ২.৫ ওভারেই হয়ে গেল চরমতম অভিশাপ। তৃতীয় ওভারের পঞ্চম বলটি করার পর ফলো থ্রুতে গোড়ালিতে চোট পেলেন। এমন কিছু নয়, একরম বোলারদের মাঝে-মধ্যেই হয়ে থাকে, তাপসও তাই মনে করে পরের বলটি করতে গেলেন এবং পারলেন না। আবার চেষ্টা। আবার ব্যর্থ। খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে গেলেন মাঠ থেকে, তখন বোঝা যায়নি আসলে বেরিয়ে যাচ্ছেন বিশ্বকাপ থেকেও।

ব্যথা ছিল অ্যান্টিগার পরের দু-দিনও, কিন্তু এক্সরে রিপোর্ট না পাওয়া পর্যন্ত বোঝা যায়নি ভয়াবহতা। সেটা পাওয়ার পর এখন তাপসের বগলে ক্রাচ। সেরে ওঠার জন্য গোড়ালির ঐ জায়গাটাতে কোনো চাপ দেয়া যাবে না, এই প্রেসক্রিপশন মানতে গিয়েই হাতে বলের বদলে এখন ক্রাচ। মুখে হাসির বদলে হতাশা। আর ক্রিকেটে একজনের কান্না সবসময়ই অন্যজনের হাসি। যেমন এখানে ফরহাদ রেজার। মাত্রই শ্রীলংকা সফর শেষে দেশে ফেরা ফরহাদ আসছেন তাপসের রিপ্লেসমেন্ট হয়ে। অলরাউন্ডার তিনি, টিম ম্যানেজমেন্ট এখানে আসার পর থেকেই বোধ করছিল একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব, এখন তাপসের ইনজুরিতে খুলে গেলো সুযোগ। দূরের পথ, ফ্লাইট মেলার ঝামেলাও আছে, তাই গায়ানায় সম্ভব নয়, ফরহাদ রেজা দলের সঙ্গে এসে যোগ দেবেন বার্বাডোজে।

বিশ্বকাপে একটা মাত্র ম্যাচ খেলেছেন, মাত্র ২.৫ ওভার, এবং তাতে গিলক্রিস্ট-হেইডেনদের হাতে মার খাওয়ারই স্মৃতি শুধু। তাপসের বিদায় তাই দলের জন্য এমন বড় কোনো প্রভাবক নয়, কিন্তু এই তাপসই বাংলাদেশের পেস বোলিংয়ের ভার বহন করেছেন দু-দুটো বছর। মাশরাফির ইনজুরির সময়টাতে বাংলাদেশের শুরুতে ব্রেক থ্রু পেতে সমস্যা হতো না যার জন্য তার নাম তাপস। এটাই আসলে তার শক্তির জায়গা, শুরুতেই উইকেট। সেটা অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচেও পেয়ে যেতে পারতেন, মুশফিকুর উইকেটের পেছনে ক্যাচটা না ফেললে। এতদিন পর্যন্ত অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে ওটাই ছিল আফসোস, পরশুর পর থেকে পুরো স্মৃতিটাই অন্ধকারে মাখা। আর স্মৃতি যখন পর্দা তুলে আরেকটু পেছনে নিয়ে যাচ্ছে তখন তাপস ভেবেই পাচ্ছেন না ভাগ্য তার প্রতি এমন নির্মম কেন?‘ইনজুরির জন্য প্রায় এক বছর বাইরে থাকলাম। এখানে ওয়েস্ট ইন্ডিজে আসার পর মাত্র তিনটা ম্যাচ খেললাম, অথচ...।’ গলে ধরে আসে তাপসের। সান্ত¡না হয় না। এর কোনো ব্যাখ্যাও হয় না। নিয়তি নামের আগে থেকেই নির্দিষ্ট হয়ে থাকা বিধানের বাইরে আর কী! ক্রিকেট কখনো কখনো এমন নিষ্ঠুর!

সবার সঙ্গে তাপসও খেতে গিয়েছিলেন পরশু রাতে। সতীর্থরা একটু শ্রদ্ধা দেখিয়েই বাস থেকে তার নামার পথ করে দিল সবার আগে। তাপস নামলেন। সবাই হাসি-তামাশা করতে করতে যাচ্ছে, সেই ভীড়ের মধ্যে তাপস কতো একা! যেন পথ চলছে পরাজিত এক সৈনিক এবং এই পথ শেষ হওয়ার নয়!

সত্যিই পথটা বড় লম্বা। ওয়েস্ট ইন্ডিজ থেকে তিনি ফিরবেন, অন্তত তিনটা ফ্লাইট, একাকী পথ, বিমাবন্দরগুলোতে চেক-ইন, ইমিগ্রেশন সব করতে হবে একা। সেখানেও কতো ভীড়। তবু তাপস একা। কথা বলার লোক নেই, অভিব্যক্তি বোঝার কেউ নেই। তবু মনে করুণ ফ্লাইটে তার পাশে বসা কেউ একজন সহানুভুতিশীল হয়ে তার কাছে জানতে চাইলেন....। শুনে-টুনে কী বলবেন! নিয়তি।

নিয়তি কখনো কখনো ক্রিকেটের শক্তির চেয়েও বড়। তার বাউন্সারের জবাব জানে না দুনিয়ার কোনো ব্যাটসম্যান। কোনো বোলার জানে না তার হুক শট কীভাবে মোকাবেলা করতে হয়!