২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাপসের বদলি হচ্ছেন ফরহাদ রেজা

সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন তাপস বৈশ্য। কিন্তু বোলিং করার সময় গোড়ালিতে চোট পান। মাত্র ১৭ বল করার পরই মাঠ ছেড়ে আসতে হয় তাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 08:35 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

ওই চোটের কারণে এখন বিশ্বকাপের ময়দান থেকেই ছিটকে পড়তে হচ্ছে তাকে। তার এই ইনজুরিতে অবশ্য কপাল খুলে গেছে অলরাউন্ডার ফরহাদ রেজার। পেসার তাপস বৈশ্যের জায়গায় তাকেই ওয়েস্ট ইন্ডিজে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে গায়ানা থেকে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুন।

তবে তাপস কবে ফিরছেন কিংবা ফরহাদকে কবে ক্যারিবিয়ানের ফ্লাইট ধরানো হচ্ছে, এসব প্রশ্নের উত্তর এখনই দিতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মাহমুদুর রহমান। ফরহাদকে পাঠানোর ব্যাপারটা নীতিগতভাবে চূড়ান্ত হয়ে আছে বলে জানিয়েছেন তিনি। তবে বৃহষ্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “একটু আগেই আমরা ফরহাদকে পাঠানোর বিষয়টা ঠিক করলাম। তবে ও কবে যাচ্ছে সেটা এখনই ঠিক বলতে পারছি না। কারণ আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে। সেজন্য দলীয় ম্যানেজারকে লিখিতভাবে টেকনিক্যাল কমিটিকে জানাতে হয়। তারপরে ডাক্তার এসে পরীক্ষা করে দেখবেন তাপসের অবস্থা আসলেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার মতো কিনা। সন্ধ্যা থেকেই বারবার ওয়েস্ট ইন্ডিজে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তাই আপাতত এটুকুই জানাতে পারছি।”