গ্রেগ চ্যাপেলের পদত্যাগে ভাই ইয়ান চ্যাপেলের সমর্থন
ভাই বলে কথা! এপ্রিলের শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে চুক্তির মেয়াদ থাকলেও তার আগে পদত্যাগ করেছেন গ্রেগ চ্যাপেল। বড় ভাই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল সমর্থন দিয়েছেন অনুজকে। বব উলমারের অপমৃত্যু গ্রেগ চ্যাপেলের সিদ্ধান্ত নেয়ার কাজটিকে সহজ করে দিয়েছে বলে বিশ্বাস ইয়ানের। তবে হঠাৎই সরে যাওয়ার ঘোষণায় কিছুটা অবাক হয়েছেন ভারতের সাবেক কয়েক ক্রিকেটার।
ভারতের কোচ হিসেবে গ্রেগ চ্যাপেলের শুরুটা ভাল হয়েছিল। কিন্তু ২২ মাসের এই মিশনের শেষটা হয়েছে যাচ্ছেতাই। সমর্থন জানালেও ইয়ান চ্যাপেল জানেন, গ্রেগ মোটেও সন্তুষ্ট চিত্তে ফিরছেন না, ‘‘ভারতের কোচ হিসেবে দায়িত্ব পালনের কথা গ্রেগ চ্যাপেলের মাথায় থাকলেও সেটা সম্ভবত বিশ্বকাপের সময় বব উলমারের খুন হয়ে যাওয়ার ঘটনায় মিলিয়ে গেছে। জীবন যেখানে মূল কথা, সেখানে এমন ভয়ঙ্কর ঘটনায় মনোযোগ নষ্ট হতে বাধ্য। ভারতের সবচেয়ে লোভনীয় চাকরীটা যে করছে তার ওপর যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তাতে মনে হয়, গ্রেগের সরে যাওয়াটাই ভালো হয়েছে।’’ ইয়ান চ্যাপেল বলেছেন, ‘‘তবে সে পুরোপুরি সন্তুষ্ট কি না তা নিয়ে আমার সংশয় আছে। প্রত্যাশার চেয়ে কম অর্জন করলে যেখানে সাধারণ জনগণই খুশি হয় না সেখানে তার মতো খুঁতখুঁতে মানুষের খুশি হওয়ার কোন কারণ নেই।’’
২০০৫ সালের মে মাসে ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন গ্রেগ চ্যাপেল। কিন্তু ভারত বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়ায় শেষটা ভাল হয়নি তার। তবে এই সময়টায় তিনি যে সবকিছু ঠিকঠাক করার আপ্রাণ চেষ্টা করে গেছেন, সে ব্যাপারে ইয়ান চ্যাপেল নিশ্চিত, ‘‘ক্রিকেট খেলায় গ্রেগের একটিই চাওয়া ছিলো, সেটা হলো জয়। এটা আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারি কারণ একই শিক্ষকের ছাত্র আমরা, তিনি আমাদের বাবা মার্টিন। ভারতকে জেতাতে যা কিছু করা দরকার সবটাই করার চেষ্টা করেছে সে। গ্রেগ বিনয়ী একজন মানুষ। তবে তার মানে এই নয় যে ভারতে চাকরি করছে বলে তাকে ভারতীয়দের মতো হতে হবে। তার জ্ঞান ও অভিজ্ঞতার পুরোটা তো অস্ট্রেলীয় ক্রিকেটার হিসেবে।’’ বিশ্বকাপ ব্যর্থতার পেছনে কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে অভিযুক্ত করতেও তাই একটুও বুক কাঁপেনি গ্রেগ চ্যাপেলের। ইয়ান চ্যাপেলের কথায়, ‘‘উদাহরণ হিসেবে বলি শচীন টেন্ডুলকারের সাম্প্রতিক মন্তব্যের কথা, ‘এমনকি ফিরে যাওয়ার সময়ও কোনো কোচ বলতে পারেন নি আমার মানসিকতা ঠিক না’। এটা তো আসলে খেলোয়াড়ের মানসিকার প্রশ্ন না, এটা হলো উন্নতির চেষ্টা করে যাওয়া।’’ ভারতের ক্রিকেটে যে পরিবর্তনের প্রয়োজন সেটাও মনে করেন ইয়ান চ্যাপেল। ক্রিকেট বোর্ডের সমান্তরালে দাঁড়িয়ে ব্যক্তিগত উদ্যোগে আরেকটি ক্রিকেট লিগ শুরুর চেষ্টাকে তারই কারণ মানছেন তিনি।
ভারতের কোচ হিসেবে গ্রেগ চ্যাপেলের শুরুটা ছিলো দারুণ। জয়ের পর জয় নিয়ে এগিয়ে যাচ্ছিলেন যখন, কিরণ মোরে তখন প্রধান নির্বাচক। সেই সূত্রে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতায় বিশ্বকাপ ব্যর্থতার সব দায় গ্রেগ চ্যাপেলের ওপর চাপাতে নিষেধ করছেন মোরে, ‘‘আমার মনে হয় গ্রেগের পদত্যাগের কারণে এখন সবাই মূল প্রসঙ্গ থেকে সরে যাচ্ছে। তার পদত্যাগে আমি বিস্মিত, তবে আমার মনে হয় বিশ্বকাপ ব্যর্থতার পর এমনটা প্রত্যাশিতই ছিলো। সবকিছুর পর মূল কথা হলো পারফরম্যান্স। সূতরাং, সব দোষ গ্রেগের ঘাড়ে চাপানো যায় না।’’
