ম্যাচশেষেও সেই ধীর স্থির বোপারা
ক্যারিয়ারের মাত্র পঞ্চম ওয়ানডেতে যখন ব্যাট করতে নামছেন, ইংল্যান্ড তখন ভীষণ সঙ্কটে। শ্রীলঙ্কার ২৩৫ রানের জবাবে ১৩৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকা ইংল্যান্ড কিছুক্ষণ পর আরো বিপদে পড়লো পল কলিংউডকে সেই একই স্কোরে হারিয়ে। কিন্তু রবি বোপারা যেন এক অবিচল, লক্ষ্যের দিকে শ্যেন দৃষ্টিতে তাকিয়ে থাকা এক নাবিক।
দলকে জয়ের বন্দরে প্রায় পৌঁছিয়েও দিয়েছিলেন। তবে শেষ বলে ৩ রানের কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে আর পেরে ওঠেননি। দিলহারা ফার্নান্দোর বলে বোল্ড হয়ে যাওয়ায় ইংল্যান্ডকে হার মানতে হয়েছে ২ রানে। বুধবার বিশ্বকাপের সুপার এইটে এমন নিঃশ্বাস বন্ধ হওয়া পরিস্থিতির মুখোমুখি হলেও ম্যাচশেষে বোপারার মধ্যে কিন্তু সেই উত্তেজনার লেশ মাত্রও পাওয়া যায়নি।
মাহেলা জয়াবর্ধনের ঠিক উল্টো অবস্থা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দিকে দারুণ লড়াই করে ম্যাচে ফিরলেও এক উইকেটের পরাজয় এড়াতে পারেনি শ্রীলঙ্কা। বুধবার ম্যাচের চালকের আসনে বসেও উল্টো পরাজয় চোখরাঙাচ্ছিল তাদের দিকে। শেষ পর্যন্ত মূল্যবান দুটো পয়েন্ট পেয়েছে ঠিকই, তবে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর উত্তেজনায় কথা বলতেই যেন কষ্ট হচ্ছিল শ্রীলঙ্কার অধিনায়কের।
এবারের বিশ্বকাপে আগেও তিনটি ম্যাচ খেলেছেন। কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে ২৯ ও অপরাজিত ১০ রান করলেও কেনিয়ার সঙ্গে ব্যাট করার সুযোগ হয়নি বোপারার। তিনটা ম্যাচেই ইংল্যান্ড সহজ জয় পাওয়ায় বিশ্বকাপের দমবন্ধ করা উত্তেজনার অভিজ্ঞতাও তার হয়নি। সেটা হল বুধবার। পুরো ইংল্যান্ড দল যখন পরাজয়ের আশঙ্কায় জর্জরিত ঠিক তখনই পল নিক্সনকে নিয়ে ঘুরে দাঁড়ালেন তিনি। শেষ পর্যন্ত দলকে জয় এনে দিতে না পারলেও বোপারাই এই ম্যাচের সেরা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবে সেই রোমাঞ্চকর সময়ের কথাই বলতে হল তাকে। সেখানে আবারো খুঁজে পাওয়া গেল ধীর-স্থির, ঠান্ডা মাথার বোপারাকে,“অমন কঠিন পরিস্থিতিতেও আমি তেমন উত্তেজিত হয়ে পড়িনি। আমি শুধু মাঠে নেমে স্বাভাবিকভাবে খেলতে চেয়েছি।” সেই ‘স্বাভাবিক’ খেলা ইংল্যান্ডকে জয় এনে দিতে পারেনি বলে তিনি যারপরনাই ব্যথিত,“লক্ষ্যে পৌঁছাতে পারিনি বলে আমি ভীষণ, ভীষণ দুঃখিত।”
শেষ বলে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল তিন রান। দুই রান করতে পারলেও ম্যাচটা টাই হতো, এক পয়েন্ট জমা হতো ইংলিশদের ঘরে। ২১ বছর বয়সী বোপারা অবশ্য জানাচ্ছেন তিনি জয়ের জন্যই চেষ্টা করেছিলেন,“টাইয়ের জন্য চেষ্টা করলে হেরে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার জয়ের চেষ্টা করলেও অনেক সময় ম্যাচ টাই হয়ে যায়। আমি অবশ্য ম্যাচটা জেতারই চেষ্টা করেছি।”
বোপারা ধীর-স্থিরভাবে কথা বললেও উত্তেজনায় জয়াবর্ধনের যেন বাকরুদ্ধ হওয়ার দশা হয়েছিল! ম্যাচের শেষ দিকের সেই উত্তেজনাকর পরিস্থিতির কথা শ্রীলঙ্কার অধিনায়ক মনেই করতে পারছিলেন না,“সে সময়ে কোন পরিকল্পনাই ছিল না আমাদের। এমনকি তখন কি ভাবছিলাম তাও মনে করতে পারছি না। আমি এ ধরনের ক্রিকেট আর খেলতে চাই না।” ৪৯তম ওভারে মাত্র ৭ রান দিয়ে নিক্সনের মূল্যবান উইকেটটা নেয়ার জন্য লাসিথ মালিঙ্গার প্রশংসাও করেছেন তিনি,“আমি মনে করি ৪৯তম ওভারে মালি (মালিঙ্গা) দুর্দান্ত বল করেছে। সম্ভবত সেই ওভারটাই ম্যাচের চেহারা পালটে দিয়েছে। এই দলের ছেলেরা যে দৃঢ় মানসিকতার অধিকারী তা আরেকবার প্রমাণিত হল আজ (বুধবার)। দুই পয়েন্ট পেয়ে আমি দারুণ খুশি।”
এই জয়ের সুবাদে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে আরেকটু এগিয়ে গেল শ্রীলঙ্কা। তাদের পরবর্তী ম্যাচ ১২ এপ্রিল, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
