২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কোচ হতে চান হোয়াটমোর

বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়ান কোচ ডেভ হোয়াটমোর পরিস্কার ইঙ্গিত দিয়েছেন, সুযোগ পেলে তিনি ভারতের কোচ হতে আগ্রহী। ওয়েস্ট ইন্ডিজ থেকে ভারতের বেসরকারি টেলিভিশন সিএনএন-আইবিএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বুধবার তিনি বলেছেন, “সুযোগ দেওয়া হলে ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব নেবো। এশিয়ান ক্রিকেটের মানসিকতা আমি খুব ভালো বুঝি।”

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 08:08 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

বুধবারই ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন আরেক অস্ট্রেলিয়ান গ্রেগ চ্যাপেল। ওই পদটা যেমন এ মুহূর্তে খালি, তেমনি হোয়াটমোরের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিও শেষ হওয়ার পথে। আগামী মে মাস পর্যন্তই আছে ওই চুক্তির মেয়াদ।

হোয়াটমোর অবশ্য দাবি করেছেন এই মুহূর্তে তার ভাবনা জুড়ে আছে বাংলাদেশ দলকে নিয়ে আরো ভালো করার চেষ্টা। তবে ভারতের কোচ হওয়ার ইচ্ছেটা লুকাননি তিনি, “যে কোনো পেশাদার ক্রিকেট কোচই চাইবেন ভারতের কোচ হতে। সে রকম কোনো সুযোগ এলে আমি অবশ্যই সেটা নিতে চাইবো।”

কাজটা অবশ্য কঠিন হবে বলেই মনে করেন বাংলাদেশের কোচ, “কাজটা খুবই কঠিন। ভারতে ভক্তরা এই খেলাটিকে যে পরিমাণ গুরুত্ব দেয় কেবল সেটাই একটা বড় বাধা। ভালো খেলা আর দলকে জেতানোর মতো সাধারণ কাজগুলোর কথা ভুলিয়ে দিতে পারে সেটা অনায়াসে।”

এই বিশ্বকাপ থেকে ভারতকে বিদায় করে দেওয়া দল বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে শ্রীলংকার কোচ হিসেবে বিশ্বকাপ জেতারও অভিজ্ঞতা আছে হোয়াটমোরের। তারচেয়েও বড় কথা, নাগরিকত্ব অস্ট্রেলিয়ান হলেও তার জন্ম এই শ্রীলংকাতেই। হোয়াটমোরও মনে করেন, এই ব্যাপারটাই ভারতের কোচ হিসেবে অন্য যে কোনো বিদেশির চেয়ে “মানসিক শক্তি”তে একটু এগিয়ে রাখবে তাকে।

ভারতীয় দল থেকে অবসর নেওয়া উচিত শচীন টেন্ডুলকারের, সম্প্রতি ওঠা এই দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “শচীনকে কেবল তার সাম্প্রতিক ব্যর্থতা দিয়েই বিবেচনা করা ঠিক হবে না। তার মাপের একজন ব্যাটসম্যান ঠিকই বোঝেন কখন সরে দাঁড়াতে হয়। আর আমি তো মনে করি এখনো ক্রিকেটকে অনেক কিছুই দেওয়ার আছে টেন্ডুলকারের।”