ভারতীয় দল থেকে কোচ গ্রেগ চ্যাপেলের পদত্যাগ
বিশ্বকাপ ব্যর্থতাকে সঙ্গী করে ভারতীয় কোচের পদ থেকে সরে দাঁড়ালেন গ্রেগ চ্যাপেল। বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে ভারতের চুক্তি থাকলেও তা নবায়নের সুযোগ ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের আর আগ্রহ নেই তাতে। ২০০৫ সালের মে মাসে দায়িত্ব নিয়েছিলেন তিনি।
বুধবার মিডিয়ার কাছে পাঠানো চিঠিতে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন গ্রেগ চ্যাপেল। কারণ হিসেবে লিখেছেন ‘পারিবারিক ও ব্যক্তিগত’। ২২ মাস যাদের সঙ্গে ছিলেন সেই খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন তিনি। কিন্তু খেলোয়াড়রা সে ধন্যবাদ নেবেন কী না কে জানে। কারণ, বিশ্বকাপ ব্যর্থতার আগুনে কোচ ঘি ঢেলেছেন দলের কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের দিকে অভিযোগের আঙ্গুল তুলে। ভারতে এখন তোলপাড় তা নিয়ে।
তবু নিয়মরক্ষার জন্যই হয়তো চ্যাপেল লিখেছেন, ‘‘আমার সামনে দেয়া চ্যালেঞ্জগুলো যাদের নিয়ে এই সময়ে সামলেছি সেই খেলোয়াড়দের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। তাদের নিয়ে দলগত ও ব্যক্তিগত স্বার্থে আমি পেশাদারি মনোভাব নিয়ে পদ্ধতিগতভাবে বেশ মজা নিয়ে কাজ করার চেষ্টা করেছি।’’ এই চিঠিতে সহকর্মীদের পাশাপাশি দেশের ক্রিকেট পাগল জনগণকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। কিন্তু তারা ঝলমলে ভারত দলকে নিয়ে বিশ্বকাপের প্রথম রাউন্ড পেরোতে না পারার ব্যর্থতা সম্পর্কে একটি কথাও লেখা নেই গ্রেগ চ্যাপেলের এই চিঠিতে।
