অধিনায়ক লারার পদত্যাগ চান সাবেকরা
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ কি শেষ? নইলে মাঝপথে কেন খেলোয়াড়দের বেশিরভাগই ধরলেন বাড়ির পথ! সুপার এইটের খেলায় আট দিনের ছুটি মেলায় ব্রায়ান লারার দলের অধিকাংশ খেলোয়াড় ফিরে গেছেন নিজেদের দেশে। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের মাঝপথে এমন ঘটনা ঘটায় সাবেক ক্রিকেটাররা মহাক্ষুব্ধ। তাদের সমালোচনার ঢেউয়ে উত্তাল এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। অধিনায়ক হিসেবে লারার পদত্যাগের দাবি উঠে এসেছে আবার।
সমালোচকদের তালিকায় বরাবরের মতোই আছেন একসময় বল হাতে আগুন ঝরানো পেসার জোয়েল গার্নার, মাইকেল হোল্ডিং। আরো আছেন টেস্ট ক্রিকেটে প্রায় ৬ হাজার রান করা রিচি রিচার্ডসন ও প্রখ্যাত ধারাভাষ্যকার টনি কোজিয়ার।
সুপার এইটে খেলা তিন ম্যাচের প্রত্যেকটিতে হেরেছে বিশ্বকাপের স্বাগতিকরা। এর মধ্যে শেষটি ছিল গত ১ এপ্রিল। সূচি অনুযায়ী তাদের পরবর্তী ম্যাচ ১০ এপ্রিল, গ্রেনাডায়। মাঝখানে আট দিনের ছুটি বলে ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, জেরম টেলর, ড্যারেন পাওয়েল ও ডেভন স্মিথ ছাড়া বাকি সবাই বাড়ি গেছেন।
গার্নার বুঝতে পারেন না কিভাবে এমনটা ঘটতে পারে, ‘‘কী করতে বাড়িতে যাওয়া? কোনো মানে নেই এর। আসল ঘটনা হলো মূর্খের দল ওরা। এমন কঠিন পরিস্থিতিতে আমরা যেখানে পরের রাউন্ডে যেতে হলে শেষ তিনটি ম্যাচই আমাদের জিততে হবে। যুদ্ধের মাঝপথে হাটা ধরতে পারেন না আপনি। সবকিছু ঠিকঠাক চাইলে একসঙ্গে থেকে আমাদের ভুলগুলো শুধরে নিতে হবে।’’
৫৮ টেস্টে ২৫৯ উইকেটশিকারী গার্নার যুক্তি পাচ্ছেন না লারাকে অধিনায়ক হিসেবে রাখার, ‘‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে আমাদের সবকিছু তালগোল পাকিয়ে গেছে। সমস্যাটা কোথায় তা ধরতে আমাদের কয়েক বছর পেছনে তাকাতে হবে। তার (ব্রায়ান লারা) কাজটা সে করতে পারছে না। তাকে বদলানো দরকার আর এ নিয়ে কোনো সংশয় নেই। আগে দুবার অধিনায়কত্ব করলেও আমাদের জন্য সাফল্য এনে দিতে পারেনি সে। নতুন একজন অধিনায়ক দরকার আমাদের।’’
রিচার্ডসন রয়টার্সকে বলেছেন শুরুতে দলটাকে তার ভালো মনে হলেও এখন যা ঘটছে তা দেখে বিমুঢ় তিনি, ‘‘প্রথম রাউন্ডে জ্যামাইকায় তাদের বেশ ভালো লেগেছিলো। কিন্তু অ্যান্টিগায় আসতেই তাদের আর চেনা গেলো না। আর এখন শুনছি বাড়ি ফিরে তাদের বিশ্রামের দরকার।’’
এটাকে মোটেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না রিচার্ডসনের, ‘‘একটা টুর্নামেন্টের মাঝখানে এমনটা করা এক কথায় অবিশ্বাস্য। তাদের তো দেশের প্রতিনিধিত্ব করার কথা। ওরা আমাদের ডুবিয়েছে। ভিন্ন ভিন্ন পথ না ধরে আমাদের তো এক থেকে সামনের বড় ম্যাচগুলোর জন্য প্রস্তুত হওয়ার কথা।’’
রিচার্ডসনের প্রশ্ন আছে আরো, ‘‘আমাদের ছেলেদের চেয়ে বেশি ক্রিকেট খেলা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যাপারে কী বলবেন? তারা কি ক্লান্ত নয়?’’
নিউজিল্যান্ডের টানা ছয়দিন খেলা নেই। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে এক সপ্তাহ কাটাতে হচ্ছে খেলাবিহীন। মজার ব্যাপার হলো, অস্ট্রেলিয়ান দলের সবাইকে পুরো তিনদিন বিশ্রাম দেওয়া হলেও টুর্নামেন্টের মাঝপথে এমন বিরতি পছন্দ হচ্ছে না গ্লেন ম্যাকগ্রার। এই পেসারের ভয়, এমন দীর্ঘ বিরতি দলকে লক্ষ্য থেকে সরিয়ে দিতে পারে।
