অনেক নাটকীয়তার পর ২ রানে শ্রীলংকার জয়
ওয়ানডেতে আজকাল ২৩৫ রান লড়াই করার মতো এমন কোনো সঞ্চয় নয়। কিন্তু দলটা ভাস-মুরালীর শ্রীলংকা হলে অন্য কথা। বিশ্বকাপের সুপার এইট পর্বে বুধবারের ম্যাচটাতেও হয়েছে তাই। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে স্নায়ুক্ষয়ী এই ম্যাচে মাত্র ২ রানের জয় পেয়ে সেমিফাইনালে ওঠার পথ অনেকটাই প্রশস্ত করে নিয়েছে ১৯৯৬’র চ্যাম্পিয়নরা।
পেন্ডুলামের মতো দুলতে থাকা এই ম্যচের ভাগ্য শেষদিকে প্রায় ঘুরেই গিয়েছিল ইংল্যান্ডের দিকে। ঘুরিয়েছেন রবি বোপারা ও পল নিক্সন। তবে সপ্তম উইকেটে ৮৭ রান যোগ করে জয়ের খুব কাছাকাছি নিয়ে গিয়েও শেষরক্ষা করতে পারেননি তারা। একসময় জয়ের জন্য দরকার ছিল ১৮ বলে ৩২ রান। মুরালিধরনের বলে রিভার্স সুইপ করে মারা দারুণ এক ছক্কা দিয়ে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর পালা শুরু করেন নিক্সন। তার বিদায়ের পর রবি বোপারা আরো সহজ করে তোলেন কাজটা.. শেষ ওভারে ১২ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে দ্বিতীয় বলেই একটি বাউন্ডারি মেরে জয়ের আরো কাছে নিয়ে যান দলকে। কিন্তু শেষ বলে যখন ৩ রান দরকার তখন বেপরোয়া বোপারাকে (৫২) বোল্ড করে দিলহারা ফার্নান্ডো এক শ্বাসরুদ্ধকর এক জয় উপহার দেন শ্রীলংকাকে।
শুরুতেই ভাস ও মালিঙ্গার বিধ্বংসী বোলিং সামাল দিতে গিয়ে দুই উইকেট হারিয়ে দারুণ বিপদে পড়ে ইংল্যান্ড। স্কোরবোর্ডে যোগ হয়েছে কেবল ১ রান, তখনই ভাস নিজের দ্বিতীয় ওভারে কট বিহাইন্ড করে ফিরিয়ে দিয়েছেন মাইকেল ভনকে (০)। আরেক ওপেনার এড জয়েসকে (১০) লাসিথ মালিঙ্গা এলবিডব্লুর ফাঁদে ফেললে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১১। তারপর ইয়ান বেল (৪৭) ও পিটারসন (৫৮) একটা ভিত্তি গড়ে দিয়ে গেছেন। দ্বিতীয় উইকেট জুটিতে ৯০ রান যোগ করে বেল দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান। পিটারসনের শটে বল বাঁহাতি স্পিনার জয়াসুরিয়ার হাতে লেগে স্ট্যাম্পে আঘাত করলে ক্রিজের বাইরে থাকা নন স্ট্রাইকার বেলকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়।
তখনো ম্যাচ ইংল্যান্ডের দিকেই ঝুঁকে ছিল। তা সাম্যাবস্থায় নিয়ে আসার কাজটা করেছেন মুত্তিয়া মুরালিধরন কেভিন পিটারসনের (৫৮) দুর্দান্ত এক রিটার্ন ক্যাচ নিয়ে। ৮০ বলে ৪টি চার ও একটি ছক্কার সহায্যে ক্যারিয়ারের চতুর্দশ ফিফটি করা এই ইংলিশ ব্যাটসম্যান আউট হওয়ার পর ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১২৬। স্কোরবোর্ডে আর মাত্র ৯ রান যোগ করার পর ৩৪তম ওভারে দিলহারা ফার্নান্ডো জোড়া আঘাতে কলিংউড (১৪) ও ফ্লিনটফকে (২) ফিরিয়ে দিলে ম্যাচ ঘুরে যায় শ্রীলংকার দিকে।
বোপারা আর নিক্সনের লড়াইয়ের শুরু সেখান থেকেই। প্রথম দিকে বেশ দেখেশুনে খেলেছেন তারা, ফলে আস্কিং রেট বেড়ে যেতে শুরু করে তরতরিয়ে। কিন্তু শেষে প্রয়োজনের তাগিদ অনুভব করে চড়াও হয়ে খেলতে শুরু করেন তারাও। ১৮ বলে যখন ৩২ রান দরকার তখন নিক্সন মুরালিকে ফাইন লেগ দিয়ে রিভার্স সুইপ করে ছক্কা মেরেছেন। এই অফ স্পিনারের শেষ ওভারে একটি বাউন্ডারিসহ ১৩ রান নিয়ে ইংল্যান্ডের সম্ভাবনা বাঁচিয়ে রাখেন। পরের ওভার অর্থাৎ ৪৯-তম ওভারে নিক্সন (৪৪ বলে ৪২ রান) মালিঙ্গার বলে জয়াবর্ধনের হাত ক্যাচ দিয়ে ফিরে গেলে বোপারা একা হয়ে যান। অষ্টম উইকেটে সঙ্গ দিতে সাজিদ মাহমুদ এলেও নিক্সনের মতো বিগ হিট নিতে পারেননি। তাই শেষ বলে ৩ রানের প্রয়োজন মেটাতে গিয়ে বোপারার ৫৩ বলে চারটি বাউন্ডারি দিয়ে সাজানো ৫২ রানের ইনিংসটির সমাপ্তি ঘটে। তারপরও সেই লড়াকু ইনিংসের স্বীকৃতি হিসেবেই ম্যান অব দি ম্যাচ রবি বোপারা। অবশ্য তার সঙ্গে ম্যাচ সেরার প্রতিদ্বন্দ্বিতায় জোর লড়াই হয়েছে ৪১ রানে ৩ উইকেট নেওয়া পেসার দিলহারা ফার্নান্ডোর। এছাড়া মালিঙ্গা দুটো এবং ভাস ও মুরালি নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে উপুল থারাঙ্গা আর অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের দুটি ফিফটি এবং তৃতীয় উইকেটে তাদের দুজনের ৯১ রানের জুটিতে শ্রীলঙ্কা স্বপ্ন দেখছিল বড় সংগ্রহ দাঁড় করানোর। কিন্তু ১৫ রানের ভেতর তাদের দুজনের বিদায়ে শ্রীলঙ্কান ইনিংসের কেটে যাওয়া তালটা আর জোড়া লাগেনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে তারা ২৩৫ রান তুলে অল আউট হয়েছে।
অথচ প্রায় শতরানের জুটি গড়ে ফেলার পর থারাঙ্গা ও তার অধিনায়কের কাছ থেকে বড় ইনিংসই প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু দুজনেই সেই প্রত্যাশা মেটাতে ব্যর্থ। প্রথমে থারাঙ্গা। তাকে মিড অনে কেভিন পিটারসেনের ক্যাচ বানিয়েই শুরু অ্যান্ড্রু ফ্লিনটফের (৩৫ রানে ৩ উইকেট)। পুল করতে গিয়ে মিস টাইমিংয়ের বলি হওয়া থারাঙ্গা ৬২ রান করতে খেলেছেন ১০৩ বল। এরপর চামারা সিলভাকে (২৪) বোল্ড করে প্রতিপক্ষের রানের আরেকটি উৎস বন্ধ করা ফ্লিনটফের আরেক শিকার চামিন্ডা ভাসের (৪) উইকেটটার কৃতিত্ব পাওনা পল কলিংউডের। পয়েন্টে দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন তিনি। সিলভা ও ভাসের আগে তিলকরত্নে দিলশানকে (৫) রান আউট করার কৃতিত্ব ইয়ান বেলের। তারও আগে কলিংউড ফিরিয়ে দেন ৫৬ রান করা জয়াবর্ধনেকে। মোটকথা বোলিং আর ফিল্ডিংয়ে দারুণভাবে ফিরে এসে ইংলিশরা শ্রীলঙ্কার রান চাকাকে শ্লথ করে দেয়।
সকালে টস জয়ের হাসিও হেসেছিলেন মাইকেল ভন। ইংল্যান্ড অধিনায়ক শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠানোর পর তার হাসি অবশ্য মুছে যাচ্ছিল। কারণ সনাৎ জয়াসুরিয়া স্বরূপে আবির্ভুত হতে শুরু করেছিলেন। ধীরে সুস্থে শুরু করলেও জেমস অ্যান্ডারসনকে দুটো বাউন্ডারি মারার পরের ওভারেই সাজিদ মাহমুদকে ছক্কা মারেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। তাকে নিয়ে আতঙ্কে ভুগতে থাকা ইংলিশদের মুক্তি দিয়েছেন নতুন বলের বোলার সাজিদই। এক বল পরই প্লেড অন হওয়ার আগে ২৬ বলে ২৫ রান করে গেছেন এই বিশ্বকাপেই দুটো সেঞ্চুরি করে ফেলা জয়াসুরিয়া। এরপর উপুল থারাঙ্গা আর কুমার সাঙ্গাকারা জুটি ভালোই এগুচ্ছিল। কিন্তু ৪৯ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার সাজিদের লো ফুলটস বলে সাঙ্গাকারা (১৭) চালাতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে পল কলিংউডের ক্যাচ হওয়ার পর স্বাচ্ছন্দ্যেই এগুতে থাকা শ্রীলঙ্কার ইনিংস কিছুটা গতি হারিয়েছিল। সেই গতি ফিরিয়ে আনেন থারাঙ্গা-জয়াবর্ধনে!
শ্রীলঙ্কা : ৫০ ওভারে ২৩৫/১০ (উপুল থারাঙ্গা ৬২, সনাৎ জয়াসুরিয়া ২৫, কুমার সাঙ্গাকারা ১৭, মাহেলা জয়াবর্ধনে ৫৬, চামারা সিলভা ২৪, তিলকরত্নে দিলশান ৫, রাসেল আরনল্ড ২০, চামিন্ডা ভাস ৪, লাসিথ মালিঙ্গা ২, মুত্তিয়া মুরালিধরন ২, দিলহারা ফার্নান্ডো অপঃ ২, অতিঃ ১৬, অ্যান্ডারসন ০/৩৯, মাহমুদ ৪/৫০, ফ্লিনটফ ৩/৩৫, কলিংউড ১/৪৪, পানেসার ০/৪৫, ভন ০/১৪)
ইংল্যান্ড : ৫০ ওভারে ২৩৩/৮ (এড জয়েস ১০, মাইকেল ভন ০, ইয়ান বেল ৪৭, কেভিন পিটারসেন ৫৮, পল কলিংউড ১৪, অ্যান্ড্রু ফ্লিনটফ ২, রবি বোপারা ৫২, পল নিক্সন ৪২, সাজিদ মাহমুদ অপঃ ২, অতিঃ ৬, ভাস ১/৪৫, মালিঙ্গা ২/৫০, ফার্নান্ডো ৩/৪১, জয়াসুরিয়া ০/৩১, দিলশান ০/১৬, মুরালিধরন ১/৪৮)
