ভক্তদের কাছে ক্ষমা চাইলেন টেন্ডুলকার
বিশ্বকাপে ভারতীয় দলের ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন শচীন টেন্ডুলকার। রোববার ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল সিএনএন-আইবিএনকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা বলেছেন, “আমরা পুরো জাতিকে হতাশ করেছি, আর সে জন্য আমরা অত্যন্ত দুঃখিত।”
তবে সদ্য পদত্যাগী ভারতের অস্ট্রেলিয়ান কোচ গ্রেগ চ্যাপেলের সঙ্গে কোনো রকম বিতর্কে জড়িয়ে পড়ার কথা অস্বীকার করেছেন তিনি, এবং একই সঙ্গে দাবি করেছেন বিশ্বকাপে ভারতীয় দলের খেলোয়াড়দের নিজেদের মধ্যেও কোনো রকম দ্বন্দ্ব ছিল না।
বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ের দিনটাকে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের ‘সবচেয়ে দুঃখের দিন’ বলেই বর্ণনা করেছেন ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় এই তারকা। “আমাদের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেল মাত্র সাতদিনে! অথচ বাংলাদেশের বিপক্ষে একটা খারাপ দিনই কেবল কেটেছে আমাদের। আর শ্রীলংকার বিপক্ষে চাপের মুখে খেলা ম্যাচটা আর বের করে আনতে পারি নি। ব্যাপারটা খুবই হতাশার। আমরা সবাই এতে একেবারে ভেঙ্গে পড়েছি। দলের সবার মধ্যেই ছাপ ফেলেছে এই দুঃখ”-বলেছেন তিনি।
বুধবার বিকেলেই কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করা গ্রেগ চ্যাপেলের সঙ্গে তার বিতর্ক নিয়ে হৈ চৈ হচ্ছে খুব। এর সূত্র ধরেই চ্যাপেল বিদায় নিয়েছেন বলেই প্রচারিত হয়েছে ভারতের মিডিয়ায়। তবে রেকর্ডের বরপূত্র টেন্ডুলকার ব্যাপারটাকে সেভাবে দেখতে রাজি নন। “ঝগড়া, বিস্ফোরণ কিংবা আক্রমণের মতো যে সব শব্দ এ প্রসঙ্গে ব্যবহার করা হচ্ছে, সেগুলো কখনোই আমরা চরিত্রের সঙ্গে যায় না। আমি কখনোই এমন শব্দ ব্যবহার করি না, কারো সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়াও আমার স্বভাব নয়। কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমাকে কেবল একটা প্রশ্ন করা হয়েছিল, আমি তার জবাব দিয়েছি। কোচ (চ্যাপেল) যদি এসব কথা বলে থাকেন, তাহলে সেটা হবে খুবই দুঃখজনক”-বলেছেন তিনি।
ভারতীয় দলের মধ্যে একতা নেই আর সিনিয়ররা জুনিয়রদের এড়িয়ে চলেন বে যে অভিযোগ তুলেছেন চ্যাপেল, সেটাও উড়িয়েই দিয়েছেন অভিজ্ঞতায় দলের সবচেয়ে সিনিয়র সদস্য টেন্ডুলকার, “আমরা সবাই ঐকবদ্ধই ছিলাম। অনেক দিন ধরেই আমরা এক সঙ্গে ক্রিকেট খেলছি, আর নতুন যারা ভবিষ্যতে এই দলটাকে এগিয়ে নেবে তারাও আমাদের দলেরই অংশ। সিনিয়র আর জুনিয়রদের মধ্যে দুটো আলাদা গ্রুপ আছে, এটা মোটেই ঠিক নয়। আমরা সবাই পরস্পরের খুবই ঘনিষ্ঠ, আমাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব আছে এবং সেটা সব সময়ই থাকবে।”
জুনিয়রদের গড়ে তোলার কাজটা ঠিকমতো না করে সিনিয়ররা বরং এতে বাধার সৃষ্টি করেছেন, এমন অভিযোগ মানতে রাজি নন টেন্ডুলকার। তার ব্যাখ্যা, দলের কারো মধ্যে সিরিয়াসনেসের অভাব দেখলে তিনি হয়তো জুনিয়রদের কাউকে বকে দেন কখনো, ব্যাপারটা এরচেয়ে বেশি কিছু নয়। “যদি কখনো দেখি কেউ কোনো একটা কাজ ঠিকমতো করছে না, আমি সব সময়ই এগিয়ে গিয়ে সেটা ধরিয়ে দিই, আমার মতটা প্রকাশ করে ফেলি। তেমনি আবার সবাইকে এ কথাও বলি আমি নিজেও যদি ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিংয়ের সময় কোনো ভুল করি, তাহলে তাদেরও উচিত সেটা ধরিয়ে দেওয়া”-বলেছেন টেন্ডুলকার।
