২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি পিটারসেন-মুরালি লড়াইয়ের অপেক্ষা

তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার খুব বেশি দিনের নয়, মাত্র আড়াই বছরের। তবে এ সময়েই কেভিন পিটারসেন হয়ে উঠেছেন বিশ্ব ক্রিকেটের এক বর্ণিল চরিত্র। সেটা শুধু একেক সময়ে একেক ধরনের চুলের স্টাইলের জন্যই নয়, আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্যও। আইসিসি’র বর্তমান ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষেস্থানটিও তারই দখলে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 08:38 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

সেই পিটারসেনই মনে করেন, মুত্তিয়া মুরালিধরন এই সময়ের সবচেয়ে বিপজ্জনক বোলার। এমনকি শেন ওয়ার্নের চেয়েও মুরালিকে নিদ্বির্ধায় এগিয়ে রাখছেন তিনি। অনেকের মতে সর্বকালের সেরা অফস্পিনার মুরালির ধ্বংসাত্মক রূপ দেখে মুগ্ধ পিটারসেন তার একটা বিশেষণও দিয়েছেন । ‘নীরব ঘাতক’ বিশেষণটাতেই বোঝা যায় , মুরালিকে কতটা ভয়ঙ্কর মনে করেন এই দীর্ঘদেহী ব্যাটসম্যান।

বুধবার বিশ্বকাপের সুপার এইটে মুখোমুখি হওয়ার আগে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র তিনটি ওয়ানডে খেলেছেন পিটারসেন। এর দুটোতে মুরালি খেললেও কোনোটাতেই পিটারসেনকে আউট করতে পারেননি। বরং মুরালির বিপক্ষে দারুণ এক ‘কীর্তি’র অধিকারী পিটারসেন। কীর্তিটা অবশ্য টেস্ট ক্রিকেটের। গত বছর এজবাস্টন টেস্টে সেঞ্চুরি করার পথে মুরালিকে রিভার্স সুইপ করে ছক্কা মেরেছিলেন তিনি! তবু পিটারসেনের দৃষ্টিতে বর্তমান সময়ে শ্রীলঙ্কার ‘চ্যাম্পিয়ন’ স্পিনারই সবচেয়ে ভয়ঙ্কর,“বর্তমানে পৃথিবীতে মুরালিধরনই সবচেয়ে বিপজ্জনক বোলার। এমনকি ওয়ার্নের চেয়েও তার মুখোমুখি হওয়া কঠিন কাজ। সে (মুরালি) ক্রিকেটের এক জন সত্যিকারের গ্রেট। মুরালি বলকে দুদিকেই স্পিন করাতে পারে। বরং ওয়ার্নিকে (ওয়ার্নকে) কখনো কখনো হতাশ করা যেতো।”

পিটারসেনের মতে, আরেকটা দিক দিয়েও টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী (৭০৮টি) ওয়ার্নের চেয়ে মুরালি এগিয়ে। উইকেট না পেলে হতাশায় আক্রান্ত হয়ে ওয়ার্ন প্রায়ই স্লেজিংয়ের পথে হাঁটতেন। কিন্তু মুরালি এই বদভ্যাস থেকে মুক্ত! “মুরালিধরন আপনাকে একেবারে উড়িয়ে দিতে চাইবে। কারণ, ও ভালোমতোই জানে যে ও আপনাকে আউট করতে যাচ্ছে। ও ক্রিকেট বল দিয়েই কথা বলতে আগ্রহী, অন্য কোনোভাবে নয়। সে শুধু হাসে বলে তাকে ‘নীরব ঘাতক’ বলে থাকি আমি”-মুরালি-মুগ্ধ পিটারসেনের অভিমত। ইংল্যান্ডের বিপক্ষে ১৫টি ওয়ানডে খেলে ২৪ উইকেট নেয়া মুরালির সঙ্গে বুধবার পিটারসেনের লড়াইটার দিকে তাই চোখ রাখতেই হবে ক্রিকেটপ্রেমীদের।