পরিসংখ্যানে ইংল্যান্ড, আসল হিসেবে এগিয়ে শ্রীলংকা
সুপার এইটে বুধবারের ম্যাচে কে জিতবে? ইংল্যান্ড না শ্রীলঙ্কা? খেলাটা ক্রিকেট বলে বড় এই ম্যাচের ফলাফল সম্পর্কে আগেই কিছু বলে দেয়া যাচ্ছে না। আগে থেকে আরো কিছু বলতে পারবেন না এ কারণেই যে, এটি বিশ্বকাপ। ক্রিকেটের সবচেয়ে বড় আসর। বিশ্বসেরা হওয়ার নেশায় যেখানে সবাই মরীয়া।
পরিসংখ্যানে একটু চোখ রাখা যাক। ওয়ানডেতে ৩৭ বারের দেখায় ইংল্যান্ডের জয় ১৯, শ্রীলঙ্কার ১৮। আর বিশ্বকাপে? ৭ দেখায় লঙ্কানদের ৬ টিতে হারিয়েছে ইংলিশরা। ১৯৯৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই তাদের একমাত্র হার। আর সেবারই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। পরিসংখ্যান আরো বলছে, ২০০৬ সালে এই লঙ্কানরাই ইংল্যান্ডে গিয়ে ৫ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে এসেছে ইংলিশদের। এরপর অবশ্য অস্ট্রেলিয়া সফরে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা হাতে বিশ্বকাপে এসেছে ইংল্যান্ড।
এসব পরিসংখ্যানে আরো গোলমেলে লাগে সব! তবু মুক্তি নেই যেন! প্রথম রাউন্ডের সব ম্যাচ জিতে দুটো পয়েন্ট হাতে সুপার এইটে এসেছে শ্রীলঙ্কা। এখানে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তাদের পয়েন্ট চার। পাশাপাশি প্রথম রাউন্ডে নিউজিল্যান্ডের কাছে হারা ইংল্যান্ড সুপার এইটে তাদের প্রথম ম্যাচে হারিয়েছে আয়ারল্যান্ডকে। তাদেরও পয়েন্ট দুই। সামনে বড় বড় সব প্রতিপক্ষ। তাই অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে চাই জয়। নইলে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা পড়বে ভীষণ হুমকিতে।
লঙ্কানরা অবশ্য এখনই ২৮ এপ্রিলের ফাইনালের স্বপ্ন দেখতে নারাজ। অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের সাফ কথা, ‘‘এখনই অত দূরে তাকাতে চাই না। একবারে একটা ম্যাচ নিয়েই আমরা ভাবছি।’’
জয়াবর্ধনে ‘ম্যাচ বাই ম্যাচ’ ফর্মুলায় চলে গেলেন বটে, তবে তার দলকে ভয়ের যথেষ্ট কারণ আছে। শেষ সিরিজে ই্রংল্যান্ডের বিপক্ষে ৩২২ রান করে সনাৎ জয়সুরিয়া হয়েছিলেন সিরিজের সেরা। বিশ্বকাপেও ঠিক আগের ম্যাচেই সেরা হয়েছেন দারুণ এক সেঞ্চুরি করে। ওই সিরিজে ৩২৮ রান করার পর রান খরায় ভুগলেও বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচটিতেই ফর্মে ফিরেছেন অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।
ফিল্ডিংয়ে প্রতিদিনই আরেকটু ভালো হয়ে ওঠা দলটাতে আছেন ভয়ঙ্কর স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেনের চোখে তিনি ‘নীরব ঘাতক’। আগের ম্যাচে হারলেও ৪ বলে ৪ উইকেট নিয়ে ওয়ানডের নতুন ইতিহাস গড়া পেসার লাসিথ মালিঙ্গা সবার জন্যই ভয়ের কারণ। এই দুজনে মিলে এ পর্যন্ত ২৪ উইকেট নিয়ে এবারের বিশ্বকাপের সেরা উইকেট-শিকারীদের তালিকার প্রথম দিকেই আছেন। এ দুজন সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে থাকলেও আরেকজনও আছেন শ্রীলংকা দলের কথা উঠলে যার কথা ভুলে থাকা অসম্ভব। হ্যাঁ, চামিন্ডা ভাস, বল হাতে তার ক্ষমতার কথা কে না জানেন?
এইসব হিসেব কষে ইংল্যান্ডের জিম্বাবুইয়ান কোচ ডানকান ফ্লেচার বেশ চিন্তায়ই পড়েছেন মনে হয়, ‘‘মালিঙ্গা কিছুটা অস্বাভাবিক বোলার। তার অ্যাকশন নিয়ে কথা বলতে পারেন, কিন্তু অ্যাকশন নিয়ে কথা বলা আর মাঠে গিয়ে তার মুখোমুখি হওয়া এক কথা নয়। খুব কাজের বোলার সে। চাপের মুখে তার সামনে আগে করা ভুলগুলোও আবার করে বসতে পারেন।”
ইংল্যান্ডের চিন্তা আরো আছে। আগের ম্যাচে ভালো খেলা অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ ইনজুরিতে পড়লেও এর মধ্যে সেরে উঠছেন। তবে মূল চিন্তার জায়গা অধিনায়ক মাইকেল ভন, তরুণ এড জয়েস ও ইয়ান বেলকে নিয়ে গড়া টপ অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা।
তুলনায় গিয়ে তাই শ্রীলঙ্কার অস্ট্রেলিয়ান কোচ টম মুডি বেশ আশাবাদী, ‘‘ম্যাচটা নিয়ে দারুণ রোমাঞ্চিত আমরা। ওদের বিপক্ষে কিছুদিন আগে দারুণ খেলেছি। মনে হচ্ছে এই ম্যাচটাও জিততে পারবো। আমাদের ভাবনায়ও তা-ই থাকা দরকার।”
মুডির কথা শুনে নিশ্চয় মনে হবে, পরিসংখ্যানটাও মাথায় রাখা দরকার!
