২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেই স্মৃতিই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের প্রেরণা

এমনিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার সময় দক্ষিণ আফ্রিকার আতঙ্কিত হওয়ার কথা নয়। থাকার কথা নয় চাপের মধ্যেও। কিন্তু এই আইরিশদের সঙ্গেই একটা ম্যাচে পরাজয়ের আশঙ্কা চেপে ধরেছিল তাদের। সেটা অবশ্য কোনো আন্তর্জাতিক ম্যাচ নয়, বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি ম্যাচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 09:52 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

৫ মার্চ ত্রিনিদাদের স্যার ফ্র্যাঙ্ক ওরেল মেমোরিয়াল গ্রাউন্ডে অনুষ্ঠিত সেই ম্যাচে ৯১ রানে ৮ উইকেট ফেলে দিয়ে দক্ষিণ আফ্রিকাকে একেবারে হতবাক করে দিয়েছিল আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত অ্যান্ড্রু হলের অলরাউন্ড পারফরম্যান্স (অপরাজিত ৬৭ ও ২৬ রানে ৩ উইকেট) গ্রায়েম স্মিথের দলে ৩৫ রানের জয় এনে দিয়েছিল। সেদিন ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা দলের সঙ্গে পেরে না উঠলেও সেই ম্যাচটার স্মৃতিই এখন আয়ারল্যান্ডের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। মঙ্গলবার জর্জটাউনের প্রভিডেন্স স্টেডিয়ামে আবারো যে তাদের প্রতিপক্ষ সেই দক্ষিণ আফ্রিকা।

আগের ম্যাচে লাসিথ মালিঙ্গার এক অত্যাশ্চর্য স্পেল হারিয়েই দিচ্ছিল তাদের। ‘চোকার’ অপবাদকে পেছনে ফেলে শ্রীলঙ্কাকে শেষ পর্যন্ত এক উইকেটে হারালেও কিছুটা অস্বস্তির অনুভূতি সম্ভবত ছড়িয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকার শিবিরে। তবে ্অস্বস্তি যদি কিছু থেকেও থাকে, এই মুহূর্তে তা দূর হয়ে যাওয়ারই কথা। রোববার প্রকাশিত আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়েও শীর্ষস্থানে গ্রায়েম স্মিথের দল। যার ফলে এক লাখ ৭৫ হাজার ডলারের পুরস্কারটাও এখন তাদেরই দখলে।

অন্যদিকে ২০০২-এর অক্টোবরে প্রবর্তিত হওয়ার পর থেকে এই প্রথমবারের মতো ট্রফিটা হাতছাড়া করা অস্ট্রেলিয়া পাচ্ছে ৭৫ হাজার ডলার। এমন একটা অর্জনে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ স্বাভাবিকভাবেই দারুণ রোমাঞ্চিত,“ আইসিসি ওয়ানডে চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকতে পেরে আমি উচ্ছ্বসিত। আমার ধারণা গত ১৮ মাস ধরে ছেলেদের কঠোর পরিশ্রম ও আত্মনিবেদনেরই পুরস্কার এটা।”

দক্ষিণ আফ্রিকার কোচ মিকি আর্থার অবশ্য এই অর্জন নিয়ে মাথা না ঘামিয়ে আয়ারল্যান্ড ও ৭ এপ্রিল বাংলাদেশের সঙ্গে ম্যাচ দুটো নিয়েই বেশি ভাবিত,“এই দুটো ম্যাচই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ বাকি টুর্নামেন্টের জন্য পরিকল্পনা করতে বসলে দেখা যাবে দুটোই আমাদের জন্য পয়েন্ট তুলে নেয়ার ম্যাচ। এবং এ ধরনের ম্যাচ দলের মধ্যে বাড়তি চাপও সৃষ্টি করে।”

দক্ষিণ আফ্রিকা যে এই দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথ সুগম করে রাখতে আগ্রহী, মিকি আর্থারের কথায় তার স্পষ্ট ইঙ্গিত। তার পরের কথাতে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে এড়ানোর ব্যাকুলতাও ফুটে উঠেছে স্পষ্টভাবে,“বর্তমান ফর্মের কথা বিবেচনা করলে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার থেকে দূরে থাকতে পারলে আমি খুশিই হবো । এই মুহূর্তে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা শেষ চারে পৌঁছাবে। তবে সেমিফাইনাল নিশ্চিত করতে হলে আমাদের আরো কঠোর পরিশ্রম করতে হবে।”

প্রথম বারের মতো বিশ্বকাপে খেলতে আসা আয়ারল্যান্ডের সামনে তেমন কঠিন কোনো লক্ষ্য নেই। পাকিস্তানকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করাটাই তাদের জন্য বিরাট এক অর্জন হওয়ার কথা। অবশ্য সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভালোই লড়েছে তারা। আইরিশ অধিনায়ক ট্রেন্ট জন্সটন চাইছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরেকটু বেশি লড়াই,“ ওদের যা ফর্ম এবং এই মুহূর্তে ওরা যেভাবে খেলছে তাতে এই ম্যাচটা সম্ভবত আরো কঠিন হতে যাচ্ছে আমাদের জন্য। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটার মতো খেললে হয়তো বিপর্যয় এড়াতে পারবো না আমরা। তাই এই ম্যাচে আরো অন্তত ২৫ শতাংশ ভালো খেলতে হবে আমাদের।”