তদন্তের মাঝপথে তিনি যাচ্ছেন ছুটিতে!
উলমারের মৃত্যু ব্যাপক পরিচিতি দিয়েছে মার্ক শিল্ডসকে। মৃত্যু-রহস্যের কোনো কিনারা করতে না পারলেও প্রায় প্রতিদিন ক্যামেরার সামনে আসা জ্যামাইকার এই ডেপুটি পুলিশ কমিশনার নিজেই এখন আলোচনার বিষয়। তদন্তের মাঝপথেই তিনি ছুটি কাটাতে যাচ্ছেন বৃটেনে!
এরকম একটা স্পর্শকাতর হত্যা-রহস্যের মাঝপথে এ সপ্তাহে তার ছুটিতে যাওয়ার সিদ্ধান্তে অনেকে হতবাক। এ কারণে অনেক সমালোচনার মুখেও পড়তে হতে পারে মার্ক শিল্ডসকে।
লন্ডনের ডেইলি মেইল অবশ্য অন্যরকম সন্দেহের কথা বলছে। এই পুলিশ অফিসার নাকি বিতর্কিত খুনের মামলার দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এজন্যই ছুটি কাটাতে বাড়ি যাচ্ছেন। সাফোকের বাড়িতে ছেলে-মেয়ে ও সাবেক স্ত্রী জুলিয়ার সঙ্গে সময় কাটাবেন তিনি। আগামী বৃহস্পতিবারই বৃটেনের উদ্দেশ্যে তার জ্যামাইকা ছাড়ার কথা। সেরকম হলে স্কটল্যান্ড ইয়ার্ডকে মাত্র দুদিন সঙ্গ দিতে পারবেন শিল্ডস, অথচ বিতর্কিত এই হত্যা-রহস্যের আগের তদন্ত সম্পর্কে তাদের জানাতে শিল্ডসের জ্যামাইকায় উপস্থিতি খুব জরুরি। কিন্তু শিল্ডস জানিয়ে দিয়েছেন, স্কটল্যান্ড ইয়ার্ড এলেও তার ছুটিতে যাওয়ার পরিকল্পনায় পরিবর্তন আসবে না। সেক্ষেত্রে এই মামলার তথ্য-প্রমাণের ভুল ব্যাখ্যা কিংবা কোনো তথ্য বাদ পড়ার আশঙ্কা কিন্তু থেকেই যাবে।
সুপারিনটেনডেন্ট জন স্যুনির নেতৃত্বে তিন সদস্যের স্কটল্যান্ড ইয়ার্ড তদন্ত দলটির ২ এপ্রিল রাতেই জ্যামাইকায় পৌঁছে যাওয়ার কথা।
ওদিকে ধারণা হচ্ছে, জ্যামাইকান প্রধানমন্ত্রী পোর্সিয়া সিম্পসন মিলার ধৈর্য্য হারাতে বসেছেন এতদিন পরও হত্যা-রহস্যের কোনো অগ্রগতি না দেখায়। উলমার হত্যাকান্ড পুরো দেশকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে, ট্যুরিজমের ওপরও ফেলেছে বিরূপ প্রভাব। জ্যামাইকার পধানমন্ত্রীর তো ধৈর্য্য হারানোই স্বাভাবিক।
