জয়াবর্ধনে-লারার জয়াসুরিয়া-বন্দনা
দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান ও এই সময়ের জনপ্রিয় ধারাভাষ্যকার ব্যারি রিচার্ডস তার নাম দিয়েছেন ‘পকেট রকেট’। জন্মস্থানের নামানুসারে ‘মাতারা হারিকেন’ বিশেষণটা তো ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই।
১৯৮৯-তে অভিষেক হলেও সনাৎ জয়াসুরিয়ার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ‘আসল’ সূচনা অবশ্য ’৯৬ বিশ্বকাপে। ব্যাটিং-তান্ডবে সারা পৃথিবীকে স্তম্ভিত করে টুর্নামেন্ট সেরা হওয়ার পাশাপাশি শ্রীলঙ্কার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথটাও সুগম করেছিলেন তিনি। বিস্ময়করভাবে, এই ৩৮ ছুঁই ছুঁই বয়সেও জয়াসুরিয়ার ব্যাটে মরচে ধরেনি এতটুকুও। বরং এখনো তিনি আগের মতোই বিধ্বংসী, প্রতিপক্ষ বোলারদের নিয়ে খেলতে ভালবাসেন। শনিবার প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা তার প্রমাণ পেলো আরেকবার। এবারের বিশ্বকাপে দ্বিতীয় (আগেরটা বাংলাদেশের বিপক্ষে) সেঞ্চুরি করার পথে তাদের নিয়ে বলতে গেলে ছেলেখেলাই করলেন জয়াসুরিয়া। এবং বোলারদের ওভাবে হতাশায় ডুবিয়ে পেয়ে যাওয়া ওয়ানডেতে তার এই ২৫তম সেঞ্চুরিকেই ক্যারিয়ারের অন্যতম সেরা বলে মানছেন শ্রীলঙ্কার বহু জয়ের নায়ক।
শনিবার শুধু ব্যাটসম্যান হিসাবেই নয়, বল হাতে নিয়েও তিনি শেষ করে দিয়েছেন বিশ্বকাপের স্বাগতিকদের জয়ের সামান্য সম্ভাবনা। ১০১ বলে ১১৫ রানের দুর্দান্ত এক ইনিংসের পর ৩৮ রানে ৩ উইকেট-ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার লড়াইয়ে কোনো প্রতিদ্বন্দ্বীই ছিল না তার। ম্যাচ শেষে অবশ্য ব্যাটিং নিয়েই বেশি আপ্লুত ছিলেন ওয়ানডে ক্রিকেটকে বদলে দেয়ায় অবদান রাখা জয়াসুরিয়া। “এটা ছিল আমার অন্যতম সেরা ইনিংস। কারণ ব্যাট করার জন্য উইকেটটা তেমন সহজ ছিল না। তাছাড়া আর কোনো উইকেট হারাতে চাইনি বলে কিছুটা চাপের মধ্যেও ছিলাম আমরা। ২৫টা সেঞ্চুরি থাকলেও এটার কথা আমি কোনোদিন ভুলব না। ইনিংসের মাঝামাঝি কাউকে দায়িত্ব নিতেই হতো। ১০ ওভার ব্যাট করার পর তাই ভাবলাম আমারই তো দায়িত্ব নেয়া উচিৎ। এবং একটু বেশি সময় ধরেই ব্যাট করলাম”-ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করা ইনিংসটা সম্পর্কে জয়াসুরিয়ার অভিমত। তার পরই অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে সম্পর্কে প্রশংসাসূচক মন্তব্য,“অন্য প্রান্ত থেকে মাহেলাও (জয়াবর্ধনে) দারুণ ব্যাট করেছে।”
৩৫ রানে দুই উইকেট হারানোর পর জয়াসুরিয়ার সঙ্গে জয়াবর্ধনের (৮২) ১৮৩ রানের জুটিটাই তিন শ’ পেরোতে সাহায্য করেছে শ্রীলঙ্কাকে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়কও দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানের মহামূল্যবান ইনিংসটার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েন,“তার (জয়াসুরিয়ার) অনেক ইনিংস দেখার সৌভাগ্য হয়েছে আমার। সেগুলোর মধ্যে এটাকে অন্যতম সেরা বলে মনে করছি আমি। সে সব সময়ই বড় ম্যাচের ক্রিকেটার। ছোটখাটো টুর্নামেন্টে ছোট দলের বিপক্ষেই শুধু নয়, বড় বড় টুর্নামেন্টে চাপের মধ্যেও সে ভালো খেলে। সেজন্যই তো সে বিশেষভাবে আলাদা।”
প্রতিপক্ষ অধিনায়কও জয়াসুরিয়ার ইনিংসটা দেখে অভিভূত। ১১৩ রানে বিধ্বস্ত হওয়ার পর ব্রায়ান লারার প্রতিক্রিয়ার একটা বড় অংশ জুড়েও তাই জয়াসুরিয়া-বন্দনা,“ সে (জয়াসুরিয়া) ব্যতিক্রমী এক ক্রিকেটার। শ্রীলঙ্কার এই জয়ের পেছনে সমস্ত কৃতিত্ব তারই। ৩৮ বছর পূর্ণ করতে যাচ্ছে, অথচ এখনো তাকে দেখে মনে হয় যে কোনো কিছুই করতে সে সক্ষম।”
