২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেই নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

এটা বিশ্বকাপের কোনো ম্যাচই নয়। একটা ওয়ার্ম আপ ম্যাচ মাত্র। গা গরম করার জন্য। পোষা পাখির মতো এই মন্ত্রটা জপিয়ে যদি মুখস্থ করে ফেলানো হয় বাংলাদেশের ক্রিকেটারদের এবং তারা যদি মন্ত্রে মোহিত হয়ে যান, তাহলে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে বাংলাদেশ জিতছেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অ্যান্টিগা থেকে মোস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 05:11 AM

Updated : 26 Apr 2022, 02:11 PM

আর যদি মনে করেন, না এটা বিশ্বকাপের মহাগুরুত্বপুর্ণ ম্যাচ, অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হারে যা কিছু অর্জন তার সবটা বর্জন হওয়ার পথে, তার ওপর নিউজিল্যান্ড আবার অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা দল, তাহলে বাংলাদেশের শোচনীয় আরেকটা পরিণতি হচ্ছেই। নির্ঘাত।

দুটো পথই বাংলাদেশের সামনে খোলা। দুটো দরজাই আছে সামনে। এখন এটা বাংলাদেশ দলেরই বিষয় যে তারা কোন দরজার দিকে পা বাড়াবে।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই যে বাংলাদেশের ভেতরে অঘটন-ঘটনের বীজ দেখা দিয়েছিল তার সঙ্গে জড়িয়ে আছে নিউজিল্যান্ড দলও। ভারতের সঙ্গে ম্যাচের আগে নিউজিল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচ। তার আগের এক বছর বাংলাদেশ খেলেছে শুধু কেনিয়া আর জিম্বাবুয়ের সঙ্গে। কাজেই সেই জয়ের ভিত্তিতে শক্তির ঠিক পরিমাপ হচ্ছিল না। নিউজিল্যান্ডের সঙ্গে জয়ে জানা গেল যে বাংলাদেশ কেনিয়া-জিম্বাবুয়ের সঙ্গে জিতে জিতে আত্মবিশ্বাসটা এমন জায়গায় নিয়ে গেছে যে এখন বাংলাদেশের জালে শুধু ছোট মাছ নয়, রুই-কাতলাও আটকাবে। সেই নিউজিল্যান্ড আবার সামনে। বাংলাদেশ টাটকা স্মৃতির ভিত্তিতে উত্তেজিত। নিউজিল্যান্ড তিক্ত স্মৃতির ভিত্তিতে সতর্ক।

ক্রিকেট অধিনায়করা যখন খুব যুক্তিশীল এবং বিশ্লেষণী মনের হন, তখন সুবিধার সঙ্গে সঙ্গে কিছু মুশকিলও হয়ে দাঁড়ায়। কথায় আশার দরজা যেমন খুলে দেন, তেমনি আবার সতর্কবাণীর আড়ালে সম্ভাবনা ঢেকেও রাখেন। হাবিবুল বাশার যেমন। বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরম্যান্সে ওঠানামা আছে, কিন্তু হাবিবুলের পারফরম্যান্স শুধুই একমুখী এবং ওটা উর্ধ্বগামী। দিন দুয়েক আগে সংবাদ সম্মেলনে এমন অবলীলায় বিদেশী মিডিয়ার চোখা-চোখা প্রশ্ন সামলালেন, যুক্তির ছায়ায় আবেগকে বাগে রাখা এবং কখনও কখনও পাল্টা প্রশ্নে ইটের জবাব পাটকেলে দেয়া মিলিয়ে অধিনায়ক হাবিবুল উন্নয়নশীল বাংলাদেশের জ্বলন্ত পোস্টার যেন। এখানে সেই হাবিবুল, তার সেই সত্ত্বাই সমস্যা। যেমন তিনি নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ার্ম আপ ম্যাচের জয়টাকে এই ম্যাচের আগে টনিক হিসাবে দেখাচ্ছেন প্রথমে। আবার কথাটা শেষ না করেই জানিয়ে রাখছেন, কিন্তু এটা নতুন ম্যাচ, নতুন করে সব শুরু হবে।

তাহলে দুই যোগ দুই সমান চার হিসাব করে আবার তা থেকে চার বিয়োগ করে যা দাঁড়ায় বা যেমন কিছুই দাঁড়ায় না, তেমনি একটা ব্যাপার আর কী! আচ্ছা দেখা যাক নিউজিল্যান্ড কী ভাবছে। এবং ওখানেও একই ব্যাপার। উল্টো দিক থেকে অভিন্ন অংক। অধুনা ক্রিকেটে সবচেয়ে লম্বা সময়ের অধিনায়ক স্টিফেন ফ্লেমিং জানিয়ে রাখছেন, “বাংলাদেশ আমাদেরকে হারিয়েছে। তারপর ভারতের সঙ্গে ম্যাচেও তারা দেখিয়েছে তাদের সক্ষমতা। কাজেই আমাদের সতর্ক থাকতে হবে।”

ফ্লেমিং যে বাংলাদেশকে অনেক উঁচু জায়গায় রাখেন এবং বাংলাদেশ বিষয়ে যথেষ্ট সতর্ক সেটা অবশ্য নতুন কোনো ব্যাপার নয়। বাংলাদেশ যখন ত্রিনিদাদে ভারতকে হারায়, ফ্লেমিং তখন অন্য জায়গায়। সেখান থেকে ভেসে এসেছিল তার তৃপ্তির গলা, “তবু ভালো যে বাংলাদেশের সঙ্গে আমাদের খেলাটা ওয়ার্ম আপ ম্যাচে ছিল। অঘটন যা ঘটার ওখানেই ঘটে গেছে।” আশা তাই যেখানে, আশার পথরুদ্ধও সেভাবেই। ফ্লেমিংরা তাই সজাগ, সতর্ক এবং সচেতন।

আন্তর্জাতিক ক্রিকেটে ভালো কিছু করাটা কখনও কখনও একটা সমস্যার ব্যাপারও। শক্তি সম্পর্কে প্রতিপক্ষের সম্যক ধারনা এবং শ্রদ্ধা না থাকলে যা কিছু একটা ঘটিয়ে ফেলা যায়। কিন্তু ভালো করলেই ওরা সতর্ক। গবেষণার টেবিলে চলে আসে পারফরম্যান্স। আর বাংলাদেশের পারফরম্যান্সকে গবেষণার টেবিলে নিয়ে গেলে এর ফাঁক-ফোকর বের করা এমন কঠিন কিছু কাজ নয়। তামিম ইকবালের উদারহণটাই দেখুন। তামিমের ব্যাটে অনেক বড় দলের অংক উল্টে যেতে পারে আমরা জানতাম, কিন্তু বিপক্ষের কেউ জানতো না তার মধ্যে এমন বারুদ লুকিয়ে।

নিউজিল্যান্ড পড়েছিল তেমনই সমস্যায়। বন্ড-ফ্রাংকলিনরা সারাজীবন দেখে এসেছেন, বাংলাদেশের ওপেনার মানে শুরুতে পেছনের পায়ে গিয়ে বলের বাউন্স আর সুইং বোঝার চেষ্টা করছে এবং হিমশিম খাচ্ছে। হঠাৎ দেখেন মাটি ফুড়ে বেরোনো এক উদ্ধত তরুণ, কোনো কিছুতেই পরোয়া নেই, ওদের বোলার সত্ত্বা এবং বল কোনোটার প্রতিই ন্যূনতম শ্রদ্ধা নেই। সেই চমকের ঘোর কাটতে না কাটতেই ওরা শেষ। তামিমের ম্যাচ উইনিং ইনিংস খেলা হয়ে গেছে। কিন্তু গত ম্যাচের অস্ট্রেলিয়া দেখালো, এসব বাধনহীন ঘোড়াদের মুখে লাগাম কীভাবে দিতে হয়। গিলক্রিস্ট পেস বোলারদের বলে এসে দাঁড়ালেন উইকেটের ঠিক ওপরে, মানে ডাউন দ্য উইকেট যাওয়ার পথ রুদ্ধ। এখন অন্য দলগুলোর জন্যও এটা অনুসরণযোগ্য প্রতিষেধক। নিউজিল্যান্ড নিশ্চয়ই দুবার বেলতলায় যাওয়ার ভুল করবে না। তামিমের জন্য আজ তাই কঠিন পরীক্ষা। জানা যাচ্ছে, সেই পরীক্ষায় তাকে উতরে দিতে অধিনায়কসহ টিম ম্যানেজমেন্ট তার সঙ্গে আলাদা করে বসবে। তার স্ট্রোকের ঝুলিতে তালা দেয়ার কোনো ইচ্ছা তাদের নেই, কিন্তু মারতে হলে তো আগে বেঁচে থাকতে হবে। তামিমকে সেটাই বোঝানো হবে।

নিউজিল্যান্ড হচ্ছে এমন একটা দল যাদের কিছু নেই, আবার সব কিছু আছে। অস্ট্রেলিয়ার বাইরে তারাই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ জেতা একমাত্র দল। কিন্তু অস্ট্রেলিয়ান তারকাদের নাম যেখানে ঠোঁটের আগায়, সেখানে নিউজিল্যান্ডের ফ্লেমিং-বন্ডের পর বাকিদের নামও ঠিক মনে আসে না। আলাদাভাবে তারা এমন কিছু নন, কিন্তু সব মেলালে তারা একটা দল, সেই দলের তারকাদ্যূতি না থাকুক, প্রচুর কাজের লোক আছে। অঘটন তাই ওদের বিপক্ষে কম ঘটে। তার ওপর ওরা এবার সতর্ক।

এখন মনে হচ্ছে, ওয়ার্ম আপ ম্যাচে ওদের হারিয়ে বাংলাদেশ এবং তামিম ইকবাল বরং একটা ভুলই করেছেন। তা না হলে তো ওরা খানিকটা অসর্তক থাকতো। সেই অসতর্কতার ফাঁক গলে....

আবার মনে হচ্ছে এই তো আন্তর্জাতিক ক্রিকেটমঞ্চের সত্যিকারের বীরত্বের পরীক্ষা। যত ভালো করবে, বিপক্ষ আরও সুসজ্জিত হবে। আর সুসজ্জিত বিপক্ষকে না হারাতে পারলে কীসের উন্নতি!

এই ম্যাচটাই সম্ভবত বিশ্বকাপে বাংলাদেশের কঠিনতম ম্যাচ!