২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ রেকর্ডবুকে ম্যাকগ্রার কাছে ম্লান ওয়াসিম আকরাম

বিশ্বকাপে সেরা বোলিংয়ের রেকর্ডটা এতদিন ছিল ‘সুইংয়ের বাদশা’ ওয়াসিম আকরামের। বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেট নেয়ায় সেই রেকর্ডটা এখন ‘সিম সম্রাট’ গ্লেন ম্যাকগ্রার। ভবিষ্যতে রেকর্ডটা কার হতে পারে?

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2007, 06:29 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

প্রশ্নটা সহজ। কিন্তু নিজের শেষ বিশ্বকাপ খেলতে আসা ম্যাকগ্রা জবাবটাকে একদমই সহজ রাখছেন না। অস্ট্রেলিয়া হ্যাটট্রিক শিরোপা জিতলে খেলবে আরো ৬ ম্যাচ। এরই মধ্যে ৫ ম্যাচে ৩৭ বছরের ম্যাকগ্রার শিকার ১২; বিশ্বকাপে ওয়াসিমের ৫৫ পেরিয়ে আছেন ৫৭-তে। আরো ৬টি ম্যাচ খেলে বিশ্বকাপ বোলিংয়ের যে চুঁড়ায় গিয়ে দাঁড়াবেন ম্যাকগ্রা, সেখানে ভবিষ্যতে পৌঁছানোর সামর্থ কার!

ভবিষ্যতের কথা থাকুক ভবিষ্যতের কাছে। চোখ রাখা যাক বর্তমানে। ১৯৮৭ থেকে ২০০৩ বিশ্বকাপ পর্যন্ত ওয়াসিম খেলেছেন ৩৮ ম্যাচ। ১৯৯৬ বিশ্বকাপে প্রথম খেলা ম্যাকগ্রা পাকিস্তানী গ্রেট বোলারকে ছাড়িয়ে গেলেন ৩৩ ম্যাচ খেলেই। অ্যান্টিগায় এমন কীর্তির পরও সাবেক বোলারের প্রতি শ্রদ্ধাবনত ম্যাকগ্রা, “আমার কাছে ওয়াসিম আকরাম বাঁ হাতে নতুন বলকে দুদিকে সুইং করানো সর্বকালের সেরা এক বোলার। পুরোনো বলেও দারুণ বিপজ্জনক বোলার ছিলেন তিনি।” এসব বলার পরই ম্যাকগ্রা আসেন নিজের রেকর্ডে, সেখানেও বিনয়, “তাকে পেরিয়ে যাওয়া বিশেষ একটা ব্যাপার। তবে এটাও মনে রাখতে হবে, দীর্ঘদিন ধরে খেললে এখানে-ওখানে কিছু রেকর্ড তো আপনি ভাংবেনই।” তেমনটি করেছেন ২০০৩-এ। নামিবিয়ার বিপক্ষে তার ১৫ রানে ৭ উইকেট বিশ্বকাপের সেরা বোলিং রেকর্ড।

১৯৯৩ সালে ওয়ানডে ক্যারিয়ার শুরু করা ম্যাকগ্রাকে আদর করে বলা হয় ’কবুতর’ (দ্য পিজিয়ন)। ব্যাটসম্যানদের জন্য সেটা অবশ্য শান্তির ব্যাপার কখনোই নয়। চোখের পলকে ব্যাটসম্যানদের দুর্বলতা খুঁজে বের করে তার শিকারী চোখ। তারপর ঠাণ্ডা মাথায় বলের সিমের যাদুতে একে একে শিকার বাড়ে।

বাংলাদেশের বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জেতা ম্যাকগ্রার প্রতি শ্রদ্ধা রেখেই নিজের রোমাঞ্চিত ব্যাটসম্যানদের ওপর বিরক্ত কোচ ডেভ হোয়াটমোর, “তার ইকোনোমি রেট দারুণ জেনেও আমার ছেলেরা তাকে মারতে গেল। খুব হতশাজনক ব্যাপার।” ২৪৪ ম্যাচে ৩৬৭ উইকেট শিকারী ম্যাকগ্রাও এই সুযোগটা নিয়েছেন, “আমার ধারণা ছিল, তারা এমনটিই করবে। পাওয়ার প্লের জন্য বরাদ্দ ৯ ওভারে আমাদের ওপর চড়াও হতে হতো। ছ্ন্দটাকে ধরে রেখে তার সঙ্গে গতিটাকে মেশানোর চেষ্টা করেছি। ভাগ্য ভালো, কয়েকটা উইকেট পেয়েছি।”

ম্যাকগ্রাকে নিয়ে অধিনায়ক রিকি পন্টিংয়ের আনন্দ পাখা মেলেছে। এখন সাড়ে ছয় ফুটি ডান হাতি পেসারকে তিনি বলছেন তার ‘বিশ্বকাপের তুরুপের তাস’। অথচ ৩৭ বছর বয়সী ম্যাকগ্রাকে এই বিশ্বকাপে নতুন বলটা অধিনায়কের কাছ থেকে একরকম চেয়েই নিতে হয়েছে। তারপর একের পর এক সাফল্য আরো ভালো কিছু নিয়ে বাড়ি ফেরার অনুপ্রেরণা জোগাচ্ছে ম্যাকগ্রাকে। খুব পরিবারপ্রিয় মানুষটির জন্য ওখানে প্রতীক্ষায় ক্যান্সারে আক্রান্ত স্ত্রী জেন আর দুই সন্তান। বিশ্বকাপের পর ম্যাকগ্রাকে সারাটাক্ষণই পাশে পাবেন, ২৮ এপ্রিলের আগে তাই বাড়ি ফেরার তাড়া দিচ্ছেন না জেন। ওদিনই ফাইনাল। জিতলে ম্যাকগ্রাও বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক চ্যাম্পিয়ন, হয়তো সেরা বোলারও। এত তাড়াহুড়োর কী আছে!