অস্ট্রেলিয়ার অসাধারণত্বের কাছে অতি সাধারণ বাংলাদেশ
এই ম্যাচ বাংলাদেশের জন্য শেষ হলো বেশ কয়েকবার। এবং তার প্রতিটাই অস্ট্রেলিয়ার ইনিংস শুরুর আগে। লোকে দেখল ম্যাচ শেষ হলো অস্ট্রেলিয়ার ১০ উইকেটের জয় দিয়ে, আমরা দেখলাম শেষ তার অনেক আগেই। শেষগুলো ধারাবাহিকভাবে শুনে যান।
প্রথম শেষটা হলো যখন টসটা পন্টিং জিতলেন। এই বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যের প্রধান রেসিপিই টস জিতো, সকালে উইকেটের সুবিধা নিয়ে বিপক্ষের ওপর চাপ দাও, তারপর টার্গেট সাধ্যের মধ্যে থাকলে ব্যাটসম্যানরা সাবধানে খেলে চেষ্টা করবে লক্ষ্যটায় পৌছতে। কাল ওটা আরও বেশি দরকার। কারণ বৃষ্টির জন্য ২২ ওভারে নেমে আসা ম্যাচটি যখন শুরু হয় তখন অনেক দূরের প্রেসবক্স থেকেই বোঝা যাচ্ছে উইকেট ভেজা। কাজেই...। কিন্তু টসটা জিতলেন পন্টিং। বাংলাদেশের আশার পাল্লা উল্টোদিকে হেললো অনেকখানিই।
দ্বিতীয়বার শেষ হলো যখন তামিম ইকবাল অনেকবার চালানোর ব্যর্থ চেষ্টা করে প্রথমবার ব্যাটে-বলে করলেন এবং বল আকাশে তুলে দিলেন। আকাশমুখী বলকে তালুবন্দী অস্ট্রেলিয়ানদের জুড়ি নেই। এমনিতেই তার বিস্ফোরক ব্যাটিং দরকার, ২২ ওভারের ম্যাচে আরও বেশি, কিন্তু এদিন যেন কোনো প্রয়োজন বাংলাদেশের ডাকে সাড়া দেবে না বলে ঠিক করে রেখেছিল। নইলে অমন অসাধারণ শুরুর পর আফতাবই বা কেন ওভাবে আউট হবেন! প্রথম বলেই সোজা ব্যাটে অনিন্দ্যসুন্দর একটা শট খেলে আফতাব জানিয়েছিলেন তামিমের ঘাটতি পুষিয়ে দিতে তিনি তৈরি, পরের ওভারে মিডউইকেট দিয়ে ফ্লিক করে আরও দুটো দারুণ শট। আশা ফের জ্বলল। ফের নিভলও। দেখার মতো একটা অনড্রাইভ করেছিলেন আফতাব, অন্য কোনো দল হলে মিডঅনের উপর দিয়ে গিয়ে চার অথবা ছক্কা হয়, হলো নাথান ব্র্যাকেনের হাতে অবিশ্বাস্য ক্যাচ। অস্ট্রেলিয়ানরা এসব ক্যাচ ফেলে না কখনো। তাই আশরাফুলের পরের যে ক্যাচটা ধরলেন পন্টিং সেটাকেও সাধারণ। একদিকে কার্ডিফের প্রেরণা, অন্যদিকে ২৫ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার তাড়নায় আশরাফুল যেন দিগভ্রান্ত! তার বর্তমান চরিত্র অনুযায়ী সংযম দেখানোর কথা, কিন্তু ম্যাচ যে ২২ ওভারের! দ্বিধাদ্বন্দ শেষ করার মতো একটা শট খেললেন, ম্যাকগ্রার বলে দুর্দান্ত কাভার ড্রাইভে বাউন্ডারি। পরের চালটা ম্যাকগ্রার, একটু স্লোয়ার বল, তাতে টাইমিংয়ের হের-ফেরে বল আকাশে। তা পন্টিংয়ের ধৈর্য্য ছিল, বল নামতে সময় লাগল, তিনি মনসংযোগ আর চোখ ঠিক রেখে বলটা লুফলেন। বাংলাদেশের জন্য খেলাটা শেষবারের মতো শেষ হয়ে গেলো।
এরপরও বাংলাদেশ ছিল। হাবিবুল-সাকিব ছিলেন, কিন্তু এটা সবাই জানে এই ম্যাচে চ্যালেঞ্জ করার মতো স্কোর করতে হলে ওই তিনজনের কারো একজনকে দাঁড়াতেই হতো! তিনজনেরই অসময়োচিত বিদায়ে এরপর আর বিশেষ কিছু বাকি ছিল না। বাংলাদেশ দলও যেন সেটা মেনে নিয়ে সম্মানজনক স্কোর গড়ার দিকেই মন দিল। সিঙ্গেলের ওপর ভর করে খেলা। অস্ট্রেলিয়াও তাতে দোষের কিছু না দেখে ফিল্ডিং ছড়িয়ে দিল। শেষদিকে মাশরাফি একটু চালিয়ে খেলাতে স্কোরটা ১০৪ হয়েছে এই যা! ২২ ওভারের ম্যাচে ১০৪ রানে মান থাকে, সম্ভাবনা থাকে না।
তামিম ইকবাল ঢুকে আছেন ভারতীয়দের দীর্ঘশ্বাসে। একেকটা ইনিংসে তিনি ব্যর্থ হন আর তারা ভাবেন এই ব্যর্থতাটা যদি ভারতের সঙ্গে ম্যাচে হতো! কালও তামিম আউট হওয়ার পর এক ভারতীয় সাংবাদিকের সশব্দ আফসোস। যা খেলার আমাদের সঙ্গেই খেললো! ভারত তাকে চিনত না, জানত না, তামিমও সেই সুযোগ নিয়ে লংকাকাণ্ড করেছেন। কিন্তু কীর্তি করার সুবিধার সঙ্গে কিছু মুশকিলও আছে। বিপক্ষের মাইক্রোস্কোপের নীচে পড়তে হয়। আর অস্ট্রেলিয়ান মাইক্রোস্কোপ বলে কথা! ওরা তামিমের ফাস্ট বোলারদের বিপক্ষে ডাউন দ্য উইকেটে যাওয়া ঠেকাতে উইকেটরক্ষককে প্রায় সময়েই এনে রাখল উইকেটের ওপরে। তামিম তাতে অনেকখানিই প্যারালাইজড। আর প্যারালাইজড হয়ে কতদিন বেঁচে থাকা যায়!
এক ক্যারিবিয়ান সাংবাদিক বারবার জানতে চাইছিলেন বাংলাদেশ কী নিয়মিত টুয়েন্টি-টুয়েন্টি খেলে? যখন শুনলেন খেলাটা বাংলাদেশে খুব জনপ্রিয় নয়, তখন হাফ ছাড়লেন যেন! তাই হবে। খেলা দেখেই বোঝা যাচ্ছে তোমরা ঠিক ধাতস্থ নও এর সঙ্গে। ঠিক। তবু সাধারণ ক্রিকেটবোধ বলে কম ওভারের খেলা হলে ছোট দলগুলোর সম্ভাবনা বেশি থাকে। অনেকটাই নাকি লটারির মতো।
কিন্তু সাধারণ ক্রিকেটবোধ অস্ট্রেলিয়ার অসাধারণ ক্রিকেটের তুলনায় একেবারেই অচল। যেমন ২২ ওভারে ১০৪ রানের ম্যাচে একেবারে অচল হয়ে যান বোলাররা। তাপস শুধু কথার অচলই নন, আক্ষরিক অর্থেই অচল হয়ে গেলেন। শেষ মুহূর্তের সিদ্ধান্তে রাসেলের জায়গায় দলভুক্ত হওয়া তাপস গিলক্রিস্ট-হেইডেনের হাতে মার খেয়ে খেয়ে শেষে গোড়ালিই মচকে ফেললেন। তা নিয়ে দুবার চেষ্টা করেও আর বল করতে পারলেন না।
মচকানো গোড়ালি নিয়ে খুড়িয়ে খুড়িয়ে মাথা নীচু করে তাপস বেরিয়ে যাচ্ছেন বাইরে। এটাই এই ম্যাচের বাংলাদেশের পারফরম্যান্সের প্রতীকী ছবি। এই ম্যাচের বাংলাদেশ খুড়িয়ে চলা বাংলাদেশ। মাথা নীচু হওয়া বাংলাদেশ।
অস্ট্রেলিয়ান অসাধারণ ক্রিকেট আর অসামান্য ক্রিকেটবোধের কাছে বেআব্রু হয়ে বেরিয়ে গেছে হাবিবুলদের অনভিজ্ঞতা এবং অক্ষমতা।
