২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি বিশ্বকাপের সমস্যা, বাংলাদেশের নয়

পাশে বসা অ্যান্টিগান সাংবাদিক কলিন জেমস চিৎকার করে বলছেন, ‘ওদের উদ্দেশ্য আসলে ক্যারিবিয়ান ক্রিকেটের উন্নতি করা নয়। উদ্দেশ্য হলো টিভিকে খুশি রাখা।’ কথাটা খুব বাজার পেয়ে গেলো। আরও কয়েকজন ক্যারিবীয় সাংবাদিক কাজ ফেলে আড্ডায় এবং খুব সম্ভব আইসিসির গোষ্ঠী উদ্ধারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অ্যান্টিগা থেকে মোস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2007, 03:45 AM

Updated : 26 Apr 2022, 02:11 PM

ক্যারিবিয়ানদের ইংরেজি যথেষ্টই দুর্বোধ্য, তার ওপর ওরা নিজেরা যখন কথা বলে তখন সেটা এমন রূপ ধারণ করে যে তাকে ইংরেজি বললে ইংরেজি ভাষার ব্যাকরণ নতুন করে লিখতে হয়। বোঝার প্রশ্নও নেই; এর মধ্যেও একটা বাক্য বারবার শুনতে থাকলাম, মিনিংলেস ওয়ার্ল্ড কাপ। ওদের জন্য বিশ্বকাপ যে কারণে মিনিংলেস সেটা খুব যৌক্তিক কোনো ব্যপার নয়, স্থানীয় দাবি-দাওয়া পূরণ না হলে স্থানীয় সাংবাদিকরা যেমন সমালোচনায় মেতে ওঠে, তেমনি ব্যাপার। কিন্তু ওদের যুক্তি যতটা মিথ্যা, ওদের বক্তব্য অতোটা মিথ্যা নয়। ঘটনা যা ঘটছে তার মধ্যে দুর্ঘটনা এত বেশি যে ২৮ এপ্রিল পর্যন্ত পথটা বিশ্বকাপ ভালোয় ভালোয় পাড়ি দিতে পারে কিনা সন্দেহ! শুরু থেকেই সমস্যা ছিল অনেক, এখন সুপার এইটে এসে বৃষ্টি তার থাবাটা এমন বাড়িয়েছে যে আকর্ষণের কফিনে শেষ পেরেক বসে যাওয়ার দশা। বৃষ্টিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ নেমে এল ২২ ওভারে। এখন ২০-২২ ওভারের ম্যাচ দিয়ে কী বিশ্বকাপ হয়! আইসিসি টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপ করতে যাচ্ছে, কিন্তু বৃষ্টি তার কৃপা আরেকটু বাড়ালে এখানেই বোধহয় ওটা হয়ে যাবে। আলাদা করে টুয়েন্টি-টুয়েন্টি মনে হয় আর লাগবে না।

স্বাভাবিক হিসাব ছিল বাংলাদেশ তিনটা ম্যাচ খেলে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নেবে এবং তারপর বাকি বিশ্বকাপের জন্য বনে যাবে দর্শক। ভাগ্যিস সেটা হয়নি। হলে বাংলাদেশে বিশ্বকাপের মৃত্যু ঘটে নির্ঘাত। বাংলাদেশের ক্রিকেট ভালোবাসায় বাংলাদেশের বাইরে এখনও যে দুটো দেশ তারা ভারত আর পাকিস্তান। তাদের চিরকালীন ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই বাংলাদেশের ক্রিকেটের অনেকখানি উত্তেজনা। সেই ভারতও নেই, পাকিস্তানও নেই। অস্ট্রেলিয়া হতে পারে দিগি¦জয়ী, কিন্তু বাংলাদেশে এখনও তাদের নামে জয়ধ্বনি ওঠানোর জনবল তৈরি হয়নি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট যেমন নিচের দিকে তেমনি ওদের ভক্ত-অনুসারি আনুপাতিক হারে কমে কমে এখন বিরলপ্রায়। ইংল্যান্ডের কথা এসবক্ষেত্রে যত কম বলা হবে ততই ভালো। বার্মি-আর্মি নামের যে একদল বাউন্ডুলে দলের সঙ্গে ঘুরে বেড়ায় ওদের বাদ দিলে ইংল্যান্ডেই তাদের সমর্থক খুজে পাওয়া যাবে না। তার ওপর রাতকে ভোর করে ফেলা! বাংলাদেশ আছে বলেই বাংলাদেশে বিশ্বকাপ আছে। নইলে! বাংলাদেশ বাদ দিন। নিরপেক্ষ যে দৃষ্টিভঙ্গি তাতে যত দিন যাচ্ছে বিশ্বকাপ ততটাই যেন আবেদন হারাচ্ছে। প্রাথমিক দায় অবশ্যই ফিকশ্চারের। চারটা গ্রুপ করাতে প্রতি গ্রুপে মাত্র একটা করে বড় ম্যাচ, আর সব মোটামুটি ছোট দলকে বিদায় করার আনুষ্ঠানিকতার ম্যাচ। বাংলাদেশ-আয়ারল্যান্ড অঘটন দুটো না ঘটালে গ্রুপ পর্বটা হিসাবে না নিলেই চলত! সেই অঘটনে আকর্ষণ বেড়েছে, কিন্তু ভারতের বিদায়ে বাণিজ্য আর সম্প্রসারণগত দিকটা এমন চোট পেয়েছে যে বিশ্বকাপ অনেক দিক থেকেই এখন ল্যাংড়া ঘোড়া। যথারীতি এখানেও বেশিরভাগ স্পনসর ভারতীয়, তারাও এখন বিশ্বকাপ নিয়ে উদাসীন। বাধ্যবাধকতার কারণে থাকছে, নইলে হয়ত ভারতীয় দলের সঙ্গে সঙ্গে ওরাও দেশে ফিরে যেত।

একটা সময় ক্রিকেট মানেই ছিল ওয়েস্ট ইন্ডিজ। এখন আসলে ক্রিকেট আর ওয়েস্ট ইন্ডিজকে ঠিক এক করা মুশকিল। বিশ্বকাপ উপলক্ষে ক্যারিবিয়ানের তিনটা দেশ ঘোরা হয়ে গেলো, কিন্তু কোথায় সেই বিশ্বকাপের আবহ। কোথায় সেই উত্তেজনা। ওরা খাচ্ছে-দাচ্ছে, নাইট ক্লাব-ডিসকোতে যাচ্ছে, ফাঁকে দেশে খেলা হচ্ছে কাজেই খবর না নিলে কেমন দেখায় এমন হিসাবে খবরটা নিচ্ছে। আর তাই স্বাগতিক দেশের ম্যাচগুলোতে ক্ষেত্রবিশেষে বিদেশী দলের চেয়ে কম দর্শক। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দেখতে দেখতে তো মনে হচ্ছিল খেলাটা বোধ হয় সিডনি বা মেলবোর্নে হচ্ছে। ত্রিনিদাদের জীবনে কিছু বিশ্বকাপছায়া দেখেছিলাম। সেটা ভারতীয়দের সৌজন্যে, এখন ভারত যাওয়ার অ্যান্টিগায় আর যেন ঠিক বিশ্বকাপ নেই। স্থানীয়দের এমনি একটা ক্ষোভ আছে, অ্যান্টিগার কোনো খেলোয়াড় নেই! এটাও একটা সমস্যা। যতই ওয়েস্ট ইন্ডিজ আমাদের কাছে এক হোক, ওদের মধ্যে জাতিভেদ প্রবল। আগে যখন জিতত তখন জয়ের ছাতা তবু একটা ঐক্যের প্রতীক ছিল, কিন্তু হারলে যা হয়! কিন্তু হারতে থাকলে যা হয় আর কী! দোষ ধরাধরি। একে অন্যকে গালাগাল এসবই চলে। বিশ্বকাপেও চলছে। অতএব...

এতসব রোগ নিয়ে তবু বিশ্বকাপ চলছিল। কিন্তু এখন বৃষ্টি। ক্যারিবিয়ান আবহাওয়ার স্বাভাবিক যে গতি-প্রকৃতি তাতে মে-জুনের আগে বৃষ্টি শুরুর কথা না। অন্যান্য সময় সাগরের প্রভাবজনিত এক-আধটু বৃষ্টি হয়, কোনোরকম ক্ষতি না করে চলেও যায়। কিন্তু বিশ্বকাপের সুপার এইট শুরুর পর বৃষ্টির থাকার দিকেই বেশি মনযোগ। অ্যান্টিগায় তো শনিবারে দিন বাদ দিলে প্রতিদিনই বৃষ্টি। গায়ানায় বৃষ্টি আর প্রাকৃতিক দুর্যোগের কারণে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আইসিসি সবাইকে সতর্ক করে দিয়েছে। এই যদি চলতে থাকে, যদি ২০-২২ ওভারের ম্যাচ হতে থাকে তাহলে টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপের সঙ্গে আসল বিশ্বকাপের তফাতটা থাকল কোথায়!

দেখে মনে হচ্ছে বৃষ্টিটা বিশ্বকাপ আকর্ষনকে কফিনে ভরতে খুবই আন্তরিক। কিন্তু এখানে আবার বিশ্বক্রিকেটপ্রেমিক থেকে উগ্র বাংলাদেশপ্রেমী হয়ে যান। তাহলে আপনার জন্য ঠিক আছে। ভারতের বিদায় তো অবশ্যই। এবং বৃষ্টিও। কারণ!

বৃষ্টি হলে ম্যাচ ছোট হয়। ম্যাচ ছোট হলে ছোট দলের লাভ হয়। ওভার যত কম উল্টা-পাল্টার সম্ভাবনা তত বেশি। আর উল্টা-পাল্টা ঘটিয়ে ঘটিয়েই তো বাংলাদেশকে আগাতে হবে!