কুম্বলের মুখে হতাশা আর সান্ত্বনা
দীর্ঘ ১৭ বছর ওয়ানডে ক্রিকেটে নিজেকে উজাড় করে দিয়েও তাকে অবসরে যেতে হচ্ছে হতাশা, গ্লানি ও কষ্ট নিয়ে। বিশ্বকাপ নামের মঞ্চটিই ওয়ানডে ক্রিকেট থেকে কুম্বলের বিদায়টা সুন্দর হতে দেয়নি।
১৯৯০ সালে ওয়ানডে ক্রিকেটে এই ভারতীয় লেগ স্পিনারের অভিষেক। ২৭১ ম্যাচে ৩৩৭ উইকেট নেওয়া এই বোলার আগেই ঘোষনা দিয়েছিলেন ওয়েস্টইিন্ডিজের বিশ্বকাপই হবে তার ওয়ানডে ক্রিকেটের শেষ মঞ্চ। গত শুক্রবার মুম্বাইয়ে আনুষ্ঠানিক বিদায়ের সেই ঘোষনা দেওয়ার সময় বিষাদে ভরে ওঠে কুম্বলের কন্ঠ, “আমরা সত্যিই খুব হতাশ। বিশ্বাস ছিল বিশ্বকাপে আমরা অনেক দূর যেতে পারবো.....”। যেতে না পারাতেই তার বিদায়ের মুহুুর্তটা রঙীন হতে দিলোনা, “সবাই চায় দারুনভাবে ক্যারিয়ারের ইতি টানতে, দুর্ভাগ্যবশত সেটা হলো না।”
এবার তাদের নিয়ে খুব আশায় ছিল ভারতীয়রা। সেই আশার পালে হাওয়া দিয়েছিল বিশ্বকাপ ----- পূর্ব ওয়ার্ম আপ ম্যাচগুলো। হল্যান্ডকে হারানোর পর তারা স্বাগতিক ওয়েস্টইন্ডিজকে হারিয়েছিল রীতিমতো হেসেখেলে। ওসব দেখেই যেন অনেক ক্রিকেট -- বোদ্ধা ভারতীয় ক্রিকেট দল ফাইনাল পর্যন্ত যাবে বলে ধরে নিয়েছিলেন। সেই দলকেই বিদায় নিতে হয়েছে প্রথম রাউন্ড থেকে। ওসব চিন্তা করলে ৩৬ বছর বয়সী লেগ স্পিনারের মনটা বিষাদে ভরে ওঠে, “প্রস্তুতির কথা ধরলে আমরা ভালোভাবেই নিজেদের তৈরি করেছিলাম বলে মনে হয়। এটা শুধুই একটা দিনের ব্যাপার, বাংলাদেশের কাছে যে দিন আমরা হেরে গেলাম। আর এবারের ফরম্যাটটাও এমন যে একটা ম্যাচ হারলে ফেরা খুব কঠিন। এতে করে আমরা খেলোয়াড়রাই সবচেয়ে বেশি হতাশ হয়েছি এবং কষ্ট পেয়েছি।”
কুম্বলের কষ্টটা অন্যদের চেয়ে বেশিই, বলা যায় দ্বিগুন। আগের বিশ্বকাপে তিনি দলে থাকলেও ফাইনালে ওঠা ভারতীয় দলের একাদশ থেকে বাদ পড়েছিলেন। সেই কষ্টকে কবর দিয়ে তিনি এবার এক গৌরবোজ্জ্বল বিদায়ের কথা ভেবেছিলেন। কিন্তু মানুষ ভাবে এক, হয় অন্য এবং শেষপর্যন্ত তা মেনেও নিতে হয় সান্ত্বনার বুলি আউড়ে, “প্রত্যেক সময়ই আপনার রূপকথার মতো সমাপ্তি হবে না।”
সান্ত্বনার উল্টো পিঠে আছে নতুন প্রত্যাশার কথা, “আশা করি আমার টেস্ট ক্যারিয়ারের সমাপ্তিটা ওরকমই হবে।” সেটা হলে ওয়ানডে ক্রিকেটে তার এই অপ্রাপ্তির যন্ত্রণা কিছুটা হলেও লাঘব হবে।
