মিডিয়ার সামনে ক্ষুব্ধ,হতাশ,প্রতিবাদী ইনজামাম
আয়ারল্যান্ডের কাছে কেন হেরে গেল পাকিস্তান? ক্রিকেট বিশ্বকে চমকে দেয়া ঐ পরাজয়ের পেছনে কি ম্যাচ পাতানোর হাত আছে? আইরিশদের কাছে হেরে পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর থেকেই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। তবে সেজন্য ভীষণই ক্ষুব্ধ ইনজামাম-উল হক। ভগ্ন মনোরথে দেশে ফিরে শনিবার প্রথম বারের মতো সাংবাদিকদের সামনে এসেছেন তিনি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পাকিস্তানের বহু জয়ের নায়কের কন্ঠ থেকে কখনো ফুটে বেরিয়েছে হতাশা, কখনোবা ক্ষোভ।
ইনজামাম সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হেরে যাওয়া ম্যাচে পাতানোর গন্ধ খোাঁজায়। এমনিতে শান্ত স্বভাবের হলেও ঐ প্রসঙ্গে কথা বলার সময় তিনি উত্তেজনা ধরে রাখতে পারেননি কিছুতেই, “বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর ম্যাচ পাতানো নিয়ে কথা বলাটাই অন্যায়। এ সম্পর্কিত অভিযোগ গুজব ছাড়া আর কিছুই নয়.... তিন বছর ধরে আমি অধিনায়কত্ব করছি এবং এর আগে কেউ কখনোই এ নিয়ে কিছু বলেনি। যখন আমরা জিতছিলাম তখন কিন্তু কেউ ম্যাচ পাতানো কিংবা দলের মধ্যে অনৈক্যের কথা বলেনি। কেউ বলেনি যে আমি একাই চালাচ্ছি দলটা।” এক নিঃশ্বাসে কথাগুলো বলার পর বেশ আবেগাক্রান্ত হয়ে পড়েন ইনজামাম,“আয়ারল্যান্ডের কাছে পরাজয়টা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন দিন। সেদিনের ব্যর্থতার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছি আমি। কেউ জানে না আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ার পর দলকে কী অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে। দেশের মানুষকে ভীষণ হতাশ করেছি আমরা। সেজন্য আমি আবারও ক্ষমা চাইছি।”
অবশ্য সেই দুঃসময়ে ‘নেতিবাচক’ ভূমিকা পালনের জন্য পাকিস্তানের মিডিয়ার সমালোচনা করতেও ছাড়েননি ‘ইনজি’,“মিডিয়া সমর্থন নয়, শুধু আমাদের আক্রমণ করতেই জানে। আমি কি পাকিস্তানের নাগরিক নই? আমি কি ১৭ বছর ধরে দেশের সেবা করছি না? তার বিনিময়ে এটাই কি আমার প্রাপ্য? যদি মিডিয়া ও দেশের মানুষ দলের সমালোচনা অব্যাহত রাখে, তাহলে আমি নিশ্চিত আর কোনো বড় টুর্নামেন্ট আমরা জয় করতে পারবো না। সব সময় পরাজয়ের দুশ্চিন্তা খেলোয়াড়দের তাড়া করে বেড়াবে এবং সেটা তাদের ওপরে অনন্ত চাপ সৃষ্টি করবে।”
বব উলমারের মৃত্যু প্রসঙ্গেও কথা বলতে হয়েছে পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানকে। ইনজামাম জানিয়েছেন তিনি সহ দলের প্রত্যেকেই এই মৃত্যুতে ভীষণ শোকগ্রস্ত ও মর্মাহত। সেই সঙ্গে তদন্তের স্বার্থে যে কোনো ধরনের সাহায্যের প্রতিশ্র“তিও দিয়েছেন তিনি,“তদন্তকারী কর্মকর্তারা আবারো জিজ্ঞাসাবাদ করতে চাইলে আমরা আবার সেখানে (জ্যামাইকায়) যেতে প্রস্তুত। জ্যামাইকার তদন্তকারীদের চোখে তো শুধু আমরাই সন্দেহভাজন নই। তাছাড়া এ ধরনের পরিস্থিতি মোকাবিলার অভিজ্ঞতাও আমার ছিল না। তারা অবশ্য শুধু রুটিন জিজ্ঞাসাবাদই করেছে।”
বিশ্বকাপে এত বড় বিপর্যয়ের পরও পাকিস্তান দলকে নিয়ে তিনি আশাবাদী। সেই সঙ্গে ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্তে অনড় থাকবেন বলেই জানিয়েছেন ইনজামাম,“বিশ্বকাপের আগেই ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। তবে একটা কথা বলতে পারি, আমাদের দলটাতে কয়েকজন দুর্দান্ত ক্রিকেটার রয়েছে। এই দলের ভবিষ্যত সম্পর্কে আমি দারুণ আশাবাদী।”
এদিকে পিসিবির চেয়ারম্যান নাসিম আশরাফ জানিয়েছেন বিশ্বকাপ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে একটি পারফরম্যান্স মূল্যায়ন কমিটি গড়েছেন তারা। তিন সদস্যের এই কমিটিতে রয়েছেন সাবেক টেস্ট ক্রিকেটার ইজাজ আহমেদ, সেলিম আলতাফ ও সালাহউদ্দিন আহমেদ। এই কমিটি ৩০ দিনের মধ্যে রিপোর্ট দেবে পিসিবিকে।
