১০ উইকেটেই জিতলো অস্ট্রেলিয়া
গ্লেন ম্যাকগ্রা আগের দিনই বলেছিলেন, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানানোর কেউ নেই এ বিশ্বকাপে। বাংলাদেশ সে রকম কোনো দল ছিল না কখনোই, কিন্তু পঁচা শামুকেও যেন পা না কাটে সেটা নিশ্চিত করার দায় যেন নিজের হাতেই তুলে নিয়েছেন এই ‘বুড়ো’। ১৬ রানে ৩ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিয়েছেন বাংলাদেশকে। ২২ ওভারের এই ম্যাচে ‘টাইগার’রা শেষ পর্যন্ত তুলতে পেরেছে ৬ উইকেটে ১০৪ রান, অস্ট্রেলিয়ার টার্গেটটা তাই ছিল মাত্র ১০৫। মাত্র ১৩ দশমিক ৫ ওভারেই সে রান তুলে নিয়ে অস্ট্রেলিয়া পেয়েছে ১০ উইকেটের অনায়াস জয়।
গিলক্রিস্ট মাত্র ৪৪ বলে ৫৯ আর হেইডেন করেছেন ৩৯ বলে ৪৭ রান। ৪১ বলে পঞ্চাশ পেরোনো গিলক্রিস্টের ক্যারিয়ারের এটি পঞ্চাশতম হাফসেঞ্চুরি।
গিলক্রিস্টের ব্যাটে বেধড়ক পিটুনি খাওয়া তাপস বৈশ্য আরেকটা দুঃসংবাদের কারণ হয়েছেন বাংলাদেশের জন্য। অ্যাংকেলে চোট পেয়ে নিজের তৃতীয় ওভারটি শেষ করতেই পারেননি এ ম্যাচে প্রথম দলে আসা এই পেসার। তার জায়গায় ওই ওভারের শেষ বলটি করেছেন আফতাব। আর আগের ১৭ বলে তিনি দিয়েছেন ৩৫ রান!
২২ ওভারের ম্যাচ, তাতে মাত্র ৫ ওভার বল করার সুযোগ। এর মধ্যে চার ওভারের প্রথম স্পেলেই বাংলাদেশের স্বপ্ন শেষ করে দিয়েছেন ম্যাকগ্রা। ৯ রানে তিন উইকেট নিয়ে টপ অর্ডারকে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি নাম লিখিয়েছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবেও। ওয়াসিম আকরামের রেকর্ড ভাঙ্গতে দুই উইকেট দরকার ছিল তার।
টস হেরে ব্যাট করতে নামার আগে বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশার কিন্তু বলেছিলেন তার চোখে নিরাপদ স্কোর ‘অন্তত ১৮০’। ম্যাকগ্রার নেতৃত্বে অস্ট্রেলিয়ান বোলাররা দারুণ বোলিং করেছেন সত্যি, কিন্তু বাংলাদেশের রানটা এত কম হওয়ার জন্য দায় বাংলাদেশের ব্যাটসম্যানদেরও কম নয়। শুরুর দিকে আত্মহননের মিছিলে মেতে ‘নিরাপদ স্কোর’ গড়ার কাজটা কঠিন করে দিয়েছেন টপ অর্ডারের সবাই মিলে, এমনকি দলের পক্ষে সবচেয়ে বেশি রান করা দুই ব্যাটসম্যান হাবিবুল বাশার আর সাকিব আল হাসানও দায় এড়াতে পারবেন না। কার্টেল ওভার ম্যাচের দাবি বুঝতে না চেয়ে অনেক বেশি বল খরচ করে ফেলেছেন তারা। ৩৭ রানে চার উইকেট হারানোর পর ২৮ রানের জুটি গড়তে খেলেছেন ৫১ বল! ২৪ রানের ইনিংসে কোনো বাউন্ডারি মারতে না পারা হাবিবুল খেলেছেন ৪৪ বল, সাকিব ২৫ রান করতে নিয়েছেন ৩৬ বল।
সপ্তদশ ওভারের প্রথম বলে সাকিবকে ফিরিয়ে দিয়ে এ জুটি ভেঙ্গেছেন শন টেইট। উইকেটের পিছনে ক্যাচ দিয়েছেন এই বাঁহাতি। আর শেষ ওভারে মিড উইকেটে পন্টিংয়ের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন হাবিবুল। এর আগেই একবার জীবন পেয়েছেন হাবিবুল। ১৩ রানে তার দেওয়া রিটার্ন ক্যাচ রাখতে পারেননি ব্র্যাড হগ
শেষ দিকে একটি ছক্কাসহ মাশরাফির ১৭ বলে ২৫ রানের ইনিংসটাই বাংলাদেশকে পৌঁছে দিয়েছে তিন অঙ্কে।
তার আগে বাংলাদেশের ব্যাটসম্যানরা মেতেছিলেন আসা যাওয়ার খেলায়। প্রথম দু ওভারে মাত্র ২ রান পাওয়ার পর মরিয়া হয়ে ব্যাট চালাতে গিয়েছিলেন তামিম ইকবাল (৩)। ব্র্যাকেনের অনেকটা ওয়াইড বলে তার ক্রস ব্যাটের শট সোজা ক্যাচ হয়ে গেছে মিড অনে দাঁড়ানো হগের হাতে। পরের ওভারেই প্যাভিলিয়নে তার সঙ্গী হয়েছেন অন্য ওপেনার শাহরিয়ার নাফীস (১)। ম্যাকগ্রার দারুণ এক ইয়র্কারে হয়েছেন বোল্ড। নিজের পরের ওভারেই ম্যাকগ্রার শিকার আফতাব। মিড অফ দিয়ে উড়িয়ে মারতে গিয়েছিলেন এই ডানহাতি, কিন্তু অনেকটা লাফিয়ে ব্র্যাকেন মুঠোবন্দী করেছেন তাকে।
অষ্টম ওভারে ম্যাকগ্রাকে উইকেট উপহার দিয়েছেন আশরাফুলও (৬)। আগের বলে কাভারের ওপর দিয়ে একটা বাউন্ডারি মেরে পরের বলটায় অন্ধের মতো ব্যাট চালিয়েছিলেন তিনি। আকাশে ওঠা বলটি ফেলতে ফেলতে কোনো রকমে তালুবন্দি করেছেন মিড অফে দাঁড়ানো রিকি পন্টিং।
তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য স্বপ্নের মতো কেটেছে পঞ্চম ওভারটা। শন টেইটের করা ওই ওভার থেকে সব মিলিয়ে ১৫ রান তুলে নেন আফতাব আর সাকিব। পঞ্চম বলে কাভারের ওপর দিয়ে দারুণ একটা ছক্কা মেরেছেন সাকিব। তার আগের দুবলে আফতাব নিয়েছেন ৭ রান। মিড উইকেট দিয়ে ম্যাচের প্রথম বাউন্ডারিটি মেরে পরের বলটাকেও মিড অনের ওপর দিয়ে পাঠানোর চেষ্টা করেছিলেন সেদিকেই, কিন্তু সেবার পেয়েছেন ৩ রান।
আগের রাতের বৃষ্টিতে ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশের সুপার এইট অভিযানের শুরুটা যথাসময়ে হতে পারেনি। ২২ ওভারের এই ম্যাচে এক দলের সর্বোচ্চ দুজন বোলার ৫ ওভার করে বল করার সুযোগ পায়েছেন, বাকিরা ৪ ওভার করে।
এই ম্যাচের জন্য অস্ট্রেলিয়া কোনো দলে কোনো পরিবর্তন নেই, তবে বাংলাদেশ সৈয়দ রাসেলের জায়গায় নিয়েছে তাপস বৈশ্যকে।
বাংলাদেশ : ২২ ওভারে ১০৪/৬ (নাফীস ১, তামিম ৩, আফতাব ১১, সাকিব ২৫, আশরাফুল ৬, হাবিবুল ২৪, মাশরাফি অপ. ২৫, মুশফিক অপ. ২; ব্র্যাকেন ২/২০, ম্যাকগ্রা ৩/১৬, টেইট ১/২৮, ওয়াটসন ০/৪, হগ ০/২০, সাইমন্ডস ০/১৬)
অস্ট্রেলিয়া : ১৩ দশমিক ৫ ওভারে ১০৬/০ (গিলক্রিস্ট অপ. ৫৯, হেইডেন অপ. ৪৭; মাশরাফি ০/২০, তাপস ০/৩৫, আফতাব ০/১, রাজ্জাক ০/৫, রফিক ০/২১, সাকিব ০/১৪)
ফল : অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী।
ম্যান অফ দি ম্যাচ : গ্লেন ম্যাকগ্রা।
