২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাঙ্গারু বধের মিশন আজ

এবারের বিশ্বকাপে তো বটেই পুরো ক্রিকেট দুনিয়াতেই অস্ট্রেলিয়ার ঠিক পরের অবস্থানটি বাংলাদেশের। ভাবছেন, গাল--গপ্পো। আসলে তা নয়, রোমান হরফের ধারাক্রমে দলগুলোকে সাজানোর নিয়মই অস্ট্রেলিয়ার নিচে থাকতে বাধ্য করেছে বাংলাদেশকে। নইলে...।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 10:45 AM

Updated : 26 Apr 2022, 02:11 PM

নিশ্চয়ই বলবেন, ওই ধারাবাহিকতা না থাকলে আমাদের ওপরে থেকে যেতো অস্ট্রেলিয়াসহ আটটি দল। হুম্ থাকলে থাকতো--কিন্তু গত দুই বছরে আমাদের খেলোয়াড়রা প্রমাণ করতে পেরেছেন যে, নিজেদের খেলাটা খেলতে পারলে বিশ্ব ক্রিকেটের র‌্যাঙ্কিং বর্ণক্রমের মতোই আনুষ্ঠানিক।

খেলার আগে চাপ--ক্রিকেটিং গিয়ারের মতোই ঝুলে থাকে বুকের কাছে। ওই চাপটা দূরে সরিয়ে রাখাই পেশাদারিত্ব--হারার আগে হেরে যাওয়া থেকে মুক্তি। সেদিক থেকে বাংলাদেশই এগিয়ে। জানি, আমি বললে বলবেন--নিজের দল বলে বলছি।

ক্রিকইনফো এর ইউকে এডিটর এন্ড্রু মিলারের মুখে শুনুন। “বাংলাদেশের খেলোয়াড়দের হোটেল লবিতে কিংবা বৃষ্টি থেকে আশ্রয় পেতে ড্রেসিং রুমের ছাউনিতে দেখে কে বলবে আগামি দিনই তাদের লড়তে হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে?” ডেভ হোয়াটমোরকে উদ্ধৃত করেছেন বিখ্যাত এ ক্রিকেট লেখক--তাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের আচার্য বলছেন “আমরা এখানে এসেছি প্রতিটা মুহূর্ত উপভোগ করতে।” আর হাবিবুল বাশার বলেছেন, “আমাদের বিশ্বাস অসম্ভব বলে কিছু নেই।”

পরপর পাঁচ ম্যাচে হেরে এসে বিশ্বকাপে আবার জয়ের ধারায় ফিরে এসেছে অস্ট্রেলিয়া।  একইসঙ্গে ফিরেছে রিকি পন্টিং এর বাগাড়ম্বর। ‘আমাদের এখন সবাই ভয় পায়’--জাতীয় কথা ঘন ঘনই বলছেন এখন তিনি। ১৫ কোটি আমাদের প্রার্থনা শুধু হাবিবুলরা যেন তাসমানিয়ার ওই ভদ্রলোককে জানিয়ে দেয় অন্তত আমরা ভয় পাইনি। আমরা এখন আর কাউকেই ভয় পাই না। 

সম্ভাব্য বাংলাদেশ দল: শাহরিয়ার নাফিস, তামিম ইকবাল, আফতাব আহমেদ,মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, সৈয়দ রাসেল।