২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসর নিয়ে ফেলা উচিত টেন্ডুলকারের!

টেস্ট, ওয়ানডে দুধরনের ক্রিকেটেই সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক তিনি। ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিকও। কিন্তু সময়টা মোটেই ভালো যাচ্ছে না শচীন টেন্ডুলকারের। এই বিশ্বকাপে বারমুডার বিপক্ষে একটি হাফসেঞ্চুরি পেলেও বাংলাদেশ আর শ্রীলংকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচদুটিতেই তিনি ব্যর্থ। প্রথম রাউন্ড থেকেই ভারতের বিদায়ের দায়টা তাই নিতে হচ্ছে তাকেও। অন্তত ইয়ান চ্যাপেল সে রকমই মনে করেন। ভারতের কোচ গ্রেগ চ্যাপেলের বড় ভাই আর অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক টেন্ডুলকারকে অবসর নেওয়ার পরামর্শই দিয়েছেন!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 08:58 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

মুম্বাই থেকে প্রকাশিত মিড--ডে পত্রিকায় প্রকাশিত কলামে চ্যাপেল লিখেছেন, “তার ক্যারিয়ারের ভাগ্য কি হবে এই সিদ্ধান্তটা অন্য কেউ নিয়ে ফেলার আগেই টেন্ডুলকারের উচিত আয়নায় নিজের চেহারা দেখা আর সিদ্ধান্ত নেওয়া আসলে তিনি কি অর্জন করতে চান এই খেলাটি থেকে।”

বর্তমানের এই জনপ্রিয় ধারাভাষ্যকারের মতে, “এই মুহূর্তে টেন্ডুলকারকে দেখে মনে হয় কেবল পরিসংখ্যানের জোরেই ক্যারিয়ারটা এগিয়ে নিতে চাইছেন তিনি। সেটা যদি সত্যি হয় আর ভারতকে জিততে সাহায্য করার জন্য না খেলেন টেন্ডুলকার, তাহলে তিনি সময় নষ্ট করছেন। সে ক্ষেত্রে আর দেরি না করে অবসর নিয়ে ফেলা উচিত তার।”

তেত্রিশ বছর বয়সী টেন্ডুলকারের ফর্ম নিয়ে এ রকম গুঞ্জন চলছে অনেকদিন ধরেই। সঙ্গে চলছে ব্রায়ান লারার সঙ্গে তার তুলনাও। গত এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বসেরা এই দুই ব্যাটসম্যানের ব্যক্তিগত লড়াইয়ে এক সময় যোজন যোজন এগিয়ে থাকলেও ইদানিং তিনি সেখানেও পিছিয়ে পড়েছেন বলেই মনে করেন ইয়ান চ্যাপেল। “কার্যকারিতার দিক থেকে ইদানিং তাদের দুজনের মধ্যে তুলনাই হয় না। এই তো সেদিন, অস্ট্রেলিয়ার মতো দলের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে যখন ওয়েস্ট ইন্ডিজের অন্য সব ব্যাটসম্যানরাই ব্যর্থ তখনো তিনি খেললেন দুর্দান্ত একটা ইনিংস। তুলনায় শ্রীলংকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টেন্ডুলকারের পারফরম্যান্স একদম উল্টো, অসহায় আত্মসমর্পনই করলেন তিনি।”

চ্যাপেল অবশ্য মানছেন, ইনজুরির কবলে পড়ে দুর্ভাগ্যের শিকার হয়েছেন টেন্ডুলকার। ইনজুরির কারণেই এক সময় ধারাবাহিকতার প্রতিমূর্তি হয়ে ওঠা টেন্ডুলকার তার খেলার সেই মান ধরে রাখতে পারছেন না। কিন্তু সেটা কোনো অজুহাত হতে পারে বলে মনে করেন না তিনি। রূপকথার গল্পের কথা মনে করিয়ে দিয়ে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক লিখেছেন, “বছর তিনেক আগেও যদি কোনো জাদুর আয়নার মুখোমুখি হয়ে টেন্ডুলকার জিজ্ঞাসা করতেন, বিশ্বের সেরা ব্যাটসম্যান কে? উত্তরটা নিশ্চিত হতো ব্রায়ান চার্লস লারা। আর এখন যদি তিনি প্রশ্ন করেন, আমার কি অবসর নেওয়া উচিত? উত্তরটা হ্যাঁ--ই হবে।”