২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটসম্যানদেরই দুষলেন লারা

হতাশ, শোকগ্রস্ত, মর্মাহত ইত্যাদি শব্দই শুধু ব্রায়ান লারার মনের অবস্থা বোঝাতে পারে এখন! সেটাই স্বাভাবিক। বৃহস্পতিবার সুপার এইটে নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে বিধ্বস্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে ওঠার স্বপ্ন ধূসর হয়ে পড়েছে অনেকটাই। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক তো বিচলিত হবেনই। টানা দ্বিতীয় হারের জন্য কোন রাখঢাক না করে ব্যাটসম্যানদেরই দুষছেন তিনি। এবং দোষারোপের মাত্রা এতটাই যে ‘নিজেদের গলায় দড়ির ফাঁস’ দেওয়ার অভিযোগ পর্যন্ত এনেছেন ‘ত্রিনিদাদের রাজপুত্র’!

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 08:05 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

সেজন্য অবশ্য দোষও দেয়া যায় না তাকে। টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৭৭ রানে গুটিয়ে গেলে কোন অধিনায়কের পক্ষে কি অবিচল থাকা সম্ভব? লারার পক্ষেও তা সম্ভব হয়নি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তার কণ্ঠ থেকে যেন ঠিকরে বেরিয়েছে ক্ষোভ আর হতাশা, “কোথায় কোথায় ভুল হচ্ছে তা খুঁজে বের করতে হবে আমাদের। সুপার এইটের যে দুটো ম্যাচ এই মাঠে খেলেছি সে দুটোতেই টপ অর্ডার ব্যাটসম্যানদের আমরা তাড়াতাড়ি হারিয়ে ফেলেছি। আমরা যেন নিজেরাই নিজেদের গলায় দড়ির ফাঁস পরিয়ে দিচ্ছি।”

এবং তার পরই ব্যাটসম্যানদের একহাত নিয়েছেন লারা, “আমরা সব সময়ই প্রথম তিন/চার জনকে লম্বা সময় ধরে ব্যাট করে ভাল একটা স্কোর গড়ার কথা বলি। শিবনারায়ণ চন্দরপল আয়ারল্যান্ডের বিপক্ষে সেটা করেছে। তবে ৫ ম্যাচে সেটাই একমাত্র উদাহরণ।” টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত আড়াই শ’ রানও করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে তারা পরে ব্যাট করেছে। আইরিশদের সঙ্গে গ্র“পের শেষ ম্যাচে চন্দরপলের ১০২ রানই এই বিশ্বকাপে কোন ক্যারিবীয় ব্যাটসম্যানের সেরা পারফরম্যান্স।

এমন সঙ্কটজনক পরিস্থিতিতে খেলোয়াড়দের উৎসাহিত করা যে ভীষণই কঠিন, লারাও তা মেনে নিচ্ছেন অপকটে, “ভাল খেলতে না পারা ক্রিকেটারদের পিঠ চাপড়ানো তো সম্ভব নয়। ভুলগুলো অনুসন্ধান করে তা সংশোধনের চেষ্টা করতে হবে আমাদের। সুপার এইটের দুটো ম্যাচেই আমরা নিজেদের পুরো ক্ষমতা অনুযায়ী খেলতে পারিনি। ছেলেদের সঙ্গে এ সম্পর্কে কথা বলতে হবে আমাদের। আমার ধারণা ৩০০টা বল যে খেলতে হবে, ছেলেরা হয়তো সে কথাটাই বুঝতে পারছে না। কিন্তু এটা বুঝতেই হবে আমাদের। কোন বোলারের ভাল বলকে তো সম্মান জানাতেই হবে।”

তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতে না পারলেও এখনই সেমিফাইনালের স্বপ্ন বিসর্জন দিতে রাজি নন টেস্ট ও ফার্স্ট ক্লাস  ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক, “আমাদের আরো অনেক ভাল করার নিশ্চয়তা দিতে হবে। এখন থেকে প্রত্যেকটা ম্যাচ জয়ের দৃঢ় মানসিকতা নিয়ে খেলতে হবে। নিজেদের উজাড় করে দেয়ার পাশাপাশি সামনে কি আছে পরিষ্কার ধারণা থাকতে হবে সে সম্পর্কেও । আমাদের সামনে এখন কঠিন সময়। সেমিফাইনাল নিশ্চিত করার জন্য নিজেদের সেরাটা বের করে আনার চেষ্টা করতে হবে আমাদের।”

লারা যখন তার খেলোয়াড়দের নিয়ে ভীষণই দুশ্চিন্তায় তখন তার প্রতিপক্ষ অধিনায়ক দলের সদস্যদের অলরাউন্ড পারফরম্যান্সে রীতিমতো অভিভূত। বৃহস্পতিবার স্কট স্টাইরিস, জ্যাকব ওরামের পাশাপাশি ব্রেন্ডন ম্যাককালামও বড় অবদান রেখেছেন কিউইদের জয়ে। লারার মূল্যবান উইকেটটি সহ ১০ ওভারে মাত্র ৩৫ রান দেয়ার পর ৮০ রানে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন স্টাইরিস। তারপরও তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ নন। গেইল, সারওয়ান ও স্যামুয়েলসকে আউট করে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারকে গুঁড়িয়ে দেয়ার পুরস্কার হিসাবে ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন ওরাম। ম্যাককালাম ব্যাট হাতে কোন অবদান রাখার সুযোগ পাননি। তবে ৪টা অসাধারণ ক্যাচ নিয়ে ক্যারিবীয়দের অল্প রানে বেধে ফেলতে বড় ভূমিকা রেখেছেন তিনি। সম্মিলিত প্রচেষ্টায় সহজ জয় পাওয়ায় স্টিভেন ফ্লেমিংয়ের আনন্দ বেড়ে গেছে বহু গুণ, “এই মুহূর্তে খেলোয়াড়দের অলরাউন্ড পারফরম্যান্সে আমরা উচ্ছ্বসিত। তাদের অলরাউন্ড ক্ষমতা আমার সামনে বহু বিকল্প রাস্তা খুলে দিয়েছে। আমার বিশ্বাস এটাই আমাদের দলের সবচেয়ে বড় শক্তি।”