২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই লয়েড এই লয়েড

কাইভ লয়েডকে দেখলে সেই ছবির সঙ্গে মেলানো যায় না। খুড়িয়ে হাঁটছেন, পুরু গোঁফ, চশমা --- ফিজিক্সের আত্মভোলা প্রফেসর হিসাবে যতটা মানানসই, দু --- দুটো বিশ্বকাপ দলের অধিনায়কের প্রতিকৃতি হিসাবে ততটাই বেমানান। আর ইদানীং অবশ্য ম্যাচ রেফারির ভূমিকায় তিনি এত নিয়মিত যে তার সেই ছবি প্রায় ঝাপসা হয়ে গেছে। তবু বিশ্বকাপ যখন ওয়েস্ট ্ইন্ডিজে তখন বর্তমানের কাইভ লয়েডকে মুছে স্মৃতির লয়েড জেগে উঠতে চাইবেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 10:31 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

হলিসন গোব হোটেলের লবীতে এই লয়েড যেন জীবিত থেকেও ছায়া হয়ে গেলেন। মূর্ত হয়ে উঠলেন সেই লয়েড। প্রথম দুটো বিশ্বকাপ জেতানো ওয়েস্ট ইন্ডিয়্না অধিনায়ক। এক দশকের বেশি সময় বিশ্ব ক্রিকেটের মুকুটহীন অধিপতি হয়ে থাকা দলের দলপতি।

দু --- দুবার তারা বিশ্বচ্যাম্পিয়ন। তৃতীয়বার অল্পের জন্য নয়। তারপর লয়েড গেছেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটও পথ হারিয়েছে। কিন্তু এত কিছুর মধ্যে এই দুঃখটা থাকা স্বাভাবিক যে, নিজের দেশে তো বিশ্বকাপ হলো না! অন্য সব বিশ্বচ্যাম্পিয়নই নিজের দেশে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে, ওয়েস্ট ইন্ডিজই ব্যতিক্রম, লয়েড তাই দু --- দুটো বিশ্বকাপ জিতলেও নিজের মাটিতে বিশ্বকাপ খেলার স্বাদটা পানইনি। এখন এই বয়সে এসে যখন দেখছেন বিশ্বকাপ হচ্ছে নিজের মাটিতে, তখন তার কী মনে হয়! উত্তরসূরীদের মাধ্যমে নিজের না পাওয়ার ব্যথাও অনেক সময় পূরণ হয়ে যায়! লয়েডের বেলায়ও কি সেরকম কিছু হচ্ছে? প্রশ্নটা শুনে লয়েড ভাবগম্ভীর ভাষাতেই ্উত্তর দিলেন,“ওয়েস্ট ইন্ডিজে শেষপর্যন্ত বিশ্বকাপ হচ্ছে এটা দারুণ একটা বিষয়। বিশ্বকাপটা ভালোয় ভালোয় শেষ হলে সেটা ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটের জন্য দারুণ একটা ব্যাপার হবে। আমি সেটাই আশা করি।”

আর বিশ্বকাপটা যদি ওয়েস্ট ইন্ডিজ জিততে পারে তাহলে তো একেবারে সোনায় সোহাগা। মাত্রই ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার কাছে শতাধিক রানে হেরেছে, তাছাড়া তাদের দলটাও এমন কিছু নয় যে ওদের দিয়ে আগে --- ভাগেই বিশ্বকাপ জেতার আশা করা যাবে। লয়েড এখানেও কুটনীতিক,“ সেটা দলের জন্য, দলের সমর্থকদের জন্য খুব ভালো হবে। কিন্তু বিশ্বকাপ খুব কঠিণ লড়াই। অনেক ভালো দল আছে এখানে। কাজেই বিষয়টা সহজ নয়, খুব কঠিণ।”

বিশ্বকাপের আগে যে বা যারা সুপার এইটের দলগুলোর তালিকা করেছিলেন তাদের তালিকাটা এখন দেখতে খুব ইচ্ছে করে। কারণ যাকেই জিজ্ঞাসা করা হয় তিনিই জানান, বাংলাদেশের সুপার এইটে ওঠার ঘটনায় তিনি নাকি বিস্মিত নন। লয়েডও তেমনই,“না। আমি বিস্মিত হইনি। আমি ম্যাচ রেফারি হিসাবে ওদের বেশ কিছু খেলা দেখেছি। আর ক্রমেই উন্নতি করছে। আমার কাছে মনে হয়, আরও যত খেলবে বাংলাদেশ ততই উন্নতি করবে।”

এসবই গতানুগতিক কথা, শোনার জন্য লয়েডের কাছে যাওয়ার দরকার পড়ে না। কিন্তু একটা প্রশ্ন আছে যেটার উত্তর লয়েড ছাড়া আর কেউ দিতে পারেন না। সেটা হলো, লয়েডের সেই দলের সঙ্গে পন্টিং বা অস্ট্রেলিয়ার এই দলের তুলনা। লয়েডের দল পর পর দুটো বিশ্বকাপ জিতেছিল, অস্ট্রেলিয়াও গত দুটো বিশ্বকাপে জয়ী। লয়েডরা তৃতীয়বার ভারতের স্বপ্নযাত্রার বলি হয়েছেন, পন্টিংদের সামনে সুযোগ তাই লয়েডের দলকে কাগজে --- কলমে ছাড়িয়ে যাওয়ার। লয়েড কীভাবে এই দলের সাফল্যটাকে মুল্যায়ন করেন। যথারীতি লয়েড “ওরা খুব ভালো দল, খুব ভালো খেলছে, বিশ্বকাপে ফেভারিট” --- এসব জায়গাতেই আটকে থাকলেন। প্রশ্নটা করাই হয়েছিল আসলে লয়েডের দলের সঙ্গে এই দলের তুলনা করতে, তা সেদিকে যখন তিনি যেতে চাইছেন না তখন জোর করেই তাকে টেনে নেয়ার একটা চেষ্টা হলো,“আচ্ছা, আপনার দলের সঙ্গে যদি এই দলের খেলা হয় তাহলে কারা জিতবে?” এবারও লয়েডের ভেতর থেকে সেই পরাক্রমশালী অধিনায়কের উদ্ধত মানসিকতা বেরোয় না। “সেটা হলে দারুণ একটা লড়াই হতো। আমাদের দলটাও অনেক শক্তিশালী ছিল। এই দলটাও দারুণ। খুব ভালো একটা লড়াই হতো।”  না। এই উত্তরটাও ঠিক জমলো না। তিনি কেন বলবেন না যে রিচার্ডসের হাতে ছক্কা খেয়ে ম্যাকগ্রা কুল পেতেন না। হোল্ডিংয়ের বলে পন্টিংয়ের স্টাম্প এমন ছিন্নভিন্ন হতো যে সেটা খুঁজে এনে ফের বসাতেই আম্পায়ারদের অনেক সময় লাগতো।

ম্যাচ রেফারির গুরুগম্ভীর দায়িত্বপালন, আইসিসি এবং কর্তাব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ ওঠাবসা আসলে লয়েডের খেলোয়াড়ি সত্বাকে সম্ভবত এমন ঘুম পাড়িয়ে দিয়েছে যে সেই ঘুম ভাঙ্গার নয়।

কথা শেষ হওয়ার পর তাই আর লয়েডের সেই পরাক্রমশালী ছবি ভাসে না। একটু খুড়িয়ে হাটা, গোফ, চশমা মিলে মনে হয় ফিজিক্সের আত্মভোলা প্রফেসর। যার নিজের কাছেই নিজের অতীত আর ঠিক স্পষ্ট নয়।