অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ দিয়ে শুরুটা বরং সুবিধারই
অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ। এতে অসুবিধা নেই কোনো। সুবিধাই বরং। অনেক। মাঝখানে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের সঙ্গে কিছু হারে তাদের শক্তি নিয়ে যে সংশয় দেখা দিয়েছিল সেটাকে ক্যারিবিয়্না সাগরের নীল পানিতে একেবারে ধুয়ে --- মুছে ফেলেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে আবার তাই সেই স্ট্রেলিয়া। সেই দুর্দান্ত বিক্রমের। সেই অপ্রতিরোধ্য চেহারা। সেই দুমড়ে --- মুচড়ে দেয়ার অতিমানবীয় অতিক্রিকেট। এবং সেই অস্ট্রেয়িাকে যে প্রথম ম্যাচে পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশ দল দুঃখ পাওয়ার বদলে খুশি।
যে যুদ্ধে হার নিশ্চিত, সেই যুদ্ধটাই একদিক থেকে ভালো। হারলে কোনো সমস্যা নেই, সবাই বলবে “হারারই তো কথা ছিল, তার আগে যে লড়াইটা করলো এই তো বেশি!” অস্ট্রেলিয়ার সঙ্গে এখনকার যে কোনো দলের খেলায় সেটাই সুবিধা। বাংলাদেশের বেলায় আরও বেশি। সুপার এইটে যে দলগুলো উঠেছে, বিস্ময়ের বিষয়, তাদের মধ্যেও বাংলাদেশ ৮ নাম্বার নয়। আয়ারল্যান্ড আছে তাই। ৭ নাম্বার হওয়ার এই একটাই সমস্যা, আয়ারল্যান্ডকে হারাতে হবে, বাকি পুরোটাই সুবিধা।
তার মধ্যে সবচেয়ে বড় সুবিধা প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়া। হাবিবুল বাশার যুক্তি দিয়ে ব্যখ্যা করছেন এভাবে,“অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচে হারানোর কিছু নেই। ওদের কাছে সবাই হারে, সেই হারে লজ্জা থাকে না কোনো। বরং প্রথম ম্যাচটা শক্তিশালী দলের সঙ্গে খেললে সুবিধার দিকটা হলো, একটু ভালো করলেই আত্মবিশ্বাসটা অনেকখানি বেড়ে যায়। গ্র“পেও প্রথম ম্যাচটা ভারতের সঙ্গে হওয়াতে আমাদের সুবিধা হয়েছিল অনেক।”
কিন্তু তার ভিত্তিতে যদি ধরে নেন যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচে অস্ট্রেলিয়াকে জয় উপহার দিয়ে তলায় বসে আত্মবিশ্বাস কুড়াবে তাহলে আবার ভুল। তাহলে কি বাংলাদেশ আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই এই ম্যাচটা ব্যবহার করবে? এতক্ষণ স্বাভাবিক গলায় কথা বলছিলেন হাবিবুল, এবার তেজ আর ঝাঁঝটাই অন্যরকম,“না। না। এখন আমাদের লক্ষ্যই থাকে ম্যাচ জেতা। মাঠে অবশ্যই সেই লক্ষ্য নিয়ে নামব।”
অ্যান্টিগার হোটেল মানেই সাগরঘেষা অবকাশকেন্দ্র। বাংলাদেশ দলও উঠেছে হলিসোন গে¬াব নামের তেমনি একটি জায়গায়। মর্যাদাটা বাংলাদেশ কোনো জায়গাতেই কম পাচ্ছে না, এখানেও তাই, ছোট --- খাট এই হোটেলটাতে খুব বেশি লোকের থাকার জায়গা নেই বলে দুটো মাত্র দলকেই সুযোগ দেয়া হচ্ছে, সেই দল --- দুটোর একটি বাংলাদেশ, অন্যটি ওয়েস্ট ইন্ডিজ। মানে স্বাগতিকের সমান মর্যাদা। বছর কয়েক আগে পাকিস্তানে বাংলাদেশ দলকে ইকোনমি ক্লাসে চড়িয়ে নিয়ে যাওয়ার যে অপমানজনক অধ্যায় তা বোধহয় আর পুনরাভিনীত হচ্ছে না কোনোদিন।
স্ট্যানফোর্ড ক্রিকেট গ্রাউন্ড নামের যে মাঠটায় প্র্যাকটিস করল বুধবার সেখানে নেমে যে কারো প্রথম ইচ্ছে হবে ছবি তুলতে। দেশে গিয়ে গল্প বলে জায়গাটার গুরুত্ব ফুটিয়ে তোলা যাবে না কোনোভাবেই। কিন্তু এত সুন্দরের মধ্যেও ক্লান্তি যেন ভর করছে খানিকটা। বাংলাদেশ এখানে এসেছে সবার আগে, মুখে যে যা -- ই বলুক, মানসিক প্রস্তুতি ছিল ইতিমধ্যে বাড়ি চলে যাওয়ার, কিন্তু এখন যা দাঁড়াচ্ছে তাতে এটা হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে লম্বা বিদেশ সফর।
হোমসিকনেস পেয়ে বসা স্বাভাবিক। সেটা কাটাতে দুটো মিটিংও হয়েছে। উদ্দেশ্য দলের সবাইকে নতুনভাবে অনুপ্রাণিত করা। সেখানে তাদেরকে যা বোঝানো হয়েছে, সেটা হলো, আমরা আমাদের প্রাথমিক লক্ষ্যটা অর্জন করে ফেলেছি। এখন এই যে সুযোগ এসেছে সেটাকে কাজে লাগিয়ে সবাইকে বোঝাতে হবে, সত্যিই আমরা একটা সম্মান করার মতো শক্তি। ডেভ হোয়াটমোর যেমন বারবার সবাইকে জপ করাচ্ছেন,“এটা আমাদের জন্য একটা বড় সুযোগ। বিশ্বকাপের মতো জায়গায় সবগুলো বড় শক্তির সঙ্গে খেলার সুযোগ পাচ্ছি। নিজেদের সামর্থ্যটা মেলে ধরার এমন সুযোগ সচরাচর আসে না।”
মোটের ওপর মন্ত্র দিয়ে ঘরে ফেরার নেশাকে নতুন উচ্চতায় ওঠার নেশায় পরিনত করার চেষ্টা। চেষ্টার অংশ হিসাবে বৃহস্পতিবার বাংলাদেশ দল পুরো ছুটি কাটিয়েছে। প্র্যাকটিস নেই, সুইমিং নেই, নেই ফিজিওর ডাকাডাকি। পুরো দল মিলে চলে গিয়েছিল পাহাড়ের ওপরে একটা পিকনিক স্পটের মতো জায়গায়। প্রধান নির্বাচক ফারুক বারবার বলছিলেন,“আমরা পিকনিক করবো ওখানে।” পিকনিক করতে হলে অকুস্থলে গিয়ে রান্নাবান্না করতে হয়, সেটা একটু কঠিণ কাজ, তাই হোটেল থেকেই রান্না করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত। তা এই হোটেলে দেশী খাবারের স্বাদ দিতে বিশেষ ব্যবস্থায় আমাদের স্বাদোপযোগী রান্না --- বান্নারও একটা ব্যবস্থা করে ফেলেছে টিম ম্যানেজমেন্ট।
অ্যান্টিগা মানে কিং রিচার্ডস। তার নামে মাঠ তৈরি হয়ে গেছে বিশ্বকাপ উপলক্ষে। তার আগেই আছে একটা রাস্তা। কিন্তু জানেন কিনা কে জানে, ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলিং ইতিহাসে তারাদেরও তারা অ্যান্ডি রবার্টসও অ্যান্টিগারই লোক। আরও অনেকে বাংলাদেশে গেছেন, তার মতো অল্প কিছুদিনের দায়িত্ব নিয়ে, দায়িত্ব শেষে তাদের দায়ও শেষ, কিন্তু অল্প সময়েই কীভাবে যেন বাংলাদেশ রবার্টসের মনে গেঁথে গেছে। মাশরাফি তার আবিষ্কার, সেই মাশরাফি খানিকটা সমস্যায় আছেন দেখে আগের বার দল যখন অ্যান্টিগা এসেছিল তখনই নেমেছিলেন তার হারিয়ে যাওয়া পথ দেখিয়ে দিতে। মাশরাফি সেই পথে চলে বিশ্বকাপে দূর্ধর্ষ, এখন আরেক পথ হারানো শাহাদাতকে নিয়ে ব্যস্ত রবার্টস। বুধবার টিম ম্যানেজমেন্টের অনুরোধে এসে শাহাদাতকে নিয়ে এই কিংবদন্তী নেটে কাটালেন অনেকক্ষণ। তার রান আপ নিয়ে বিস্তর সময় আর আন্তরিকতা। মাশরাফির মতো রবার্টস -- টনিকে শাহাদাত ওয়েস্ট ইন্ডিজে এসে তার হারিয়ে ফেলা লাইন --- লেংথ যদি খুঁজে পান তাহলে সুপার এইটে বাংলাদেশ আরও সশস্ত্র। আরও সুসজ্জিত।
সেই সজ্জা দিয়ে অস্ট্রেলিয়ার ঘুম হারাম করে দেবে এমন আশা করা যায় না। অস্ট্রেলিয়া ক্রিকেট ব্যাকরণ নতুনভাবে লিখে উচুঁ থেকে এমন উঁচুতে যাচ্ছে যে তার নাগাল প্রধান প্রতিপক্ষরাই পায় না, আর বাংলাদেশ ...! কিন্তু বিশ্বকাপের বাংলাদেশ যে আমাদের সঙ্গে সঙ্গে এ --- ও জানিয়েছে, হারার আগে হেরে যাওয়ার দিন শেষ। আর অস্ট্রেলিয়া? ঠিক আছে, কিন্তু ওদের ইংল্যান্ডের কন্ডিশনেও কি হারায়নি বাংলাদেশ! কাজেই ভয়ে মুষড়ে পড়ার বদলে আরও উত্তরনের সোনালী নেশা।
অস্ট্রেলিয়া বলে নেশায় কোনো সমস্যাও নেই। কারণ, অস্ট্রেলিয়ার সঙ্গে নেশার ঘোরে গোলমাল করে ফেললেও কেউ টিটকারি মারবে না। মারবেটা কে? অস্ট্রেলিয়ার তুলনায় এখন যে প্রায় সবাই --- ই টিটকারি খাওয়ার ক্রিকেট খেলে!
