২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় দলের পাশে দাঁড়াতে প্রস্তুত ভিভ রিচার্ডস

ক’ দিন আগেও স্বদেশবাসীর কাছে যাদের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী এখন তারাই যেন ‘খলনায়ক’। কুশপুত্তলিকা বা পোস্টার পোড়ানো, বাড়িতে হামলার আশঙ্কা, সাজানো শবযাত্রা নিয়ে আহাজারি ---- এমন অস্বস্তিকর পরিস্থিতি দ্রাবিড় -- টেন্ডুলকারদের জীবনে বোধহয় আগে কখনো আসেনি। এ পরিস্থিতিতেও ভারতের ক্রিকেটাররা একটা সান্ত্বনা অবশ্য পেতেই পারেন এই। সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান স্যার ভিভ রিচার্ডস জানিয়েছেন, হতোদ্যম ভারতীয় দলকে সাহায্য করতে তিনি প্রস্তুত।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 09:23 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

খেলোয়াড়ি জীবনে সমসাময়িক বহু বোলারের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে। অবসরের প্রায় দেড় দশক কেটে গেলেও আজো তার কথাবার্তায় প্রতিপক্ষ বোলারকে ছিন্ন ভিন্ন করে ফেলার সেই আগ্রাসী মানসিকতা। তার প্রতিটি বক্তব্যই যেন গভীর বিশ্বাস থেকে উৎসারিত। সেই বিশ্বাস থেকেই তার লেখা এক কলামে রিচার্ডস বলেছেন, ভারতের ক্রিকেটারদের সাহায্য করতে তিনি আগ্রহী, “বর্তমান পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিতে ভারতকে অবশ্যই সাহায্য করতে আমি চাইবো। খেলোয়াড় হিসাবে সব সময়ই চ্যালেঞ্জের সামনে দাঁড়ানোটা উপভোগ করতাম। এবং ভারতের মতো প্রতিভাবান ও উদীয়মান ক্রিকেটারে সমৃদ্ধ একটি দলে আত্মবিশ্বাস যোগানোর চ্যালেঞ্জটাও উপভোগ করবো নিঃসন্দেহে।”

বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়ায় অনেকেই ভারতের টিম ম্যানেজমেন্টকে দায়ী করছেন। তবে উইজডেনের দৃষ্টিতে বিংশ শতাব্দীর সেরা ৫ ক্রিকেটারের অন্যতম রিচার্ডস এ ব্যাপারে তাদের সঙ্গে একমত নন, “এই বিপর্যয়ের জন্য টিম ম্যানেজমেন্টকে দোষ দেব না আমি। তবে ভারতের মতো এতখানি প্রতিভাসমৃদ্ধ একটি দল কেন আরো বেশি সাফল্য পাচ্ছে না, তার একটা কারণ নিশ্চয়ই আছে। প্রতিভা ও ক্ষমতা ব্যবহারে ব্যর্থতার চেয়ে মানসিক শক্তির অভাবই বোধহয় বড় কারণ।”

ক্রিকেট -- পাগল ভারতের বহু মানুষ এখন গ্রেগ চ্যাপেল ও রাহুল দ্রাবিড়কে সরিয়ে দিতে উন্মুখ। বেশ কয়েক জন তারকাকেও ওয়ানডে দল থেকে বাদ দেয়ার ব্যাপারে তারা সোচ্চার। তবে মাত্র তিনটা ম্যাচের পারফরম্যান্স দিয়ে দলের ক্ষমতাকে বিচার না করারই আবেদন জানিয়েছেন রিচার্ডস। এ প্রসঙ্গে তিনি স্মরণ করেছেন ভারতের কাছে ’৮৩ বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়ার সেই দুঃসহ অভিজ্ঞতাকে। এবং সে বছরের শেষের দিকে ভারত সফরের মধুর স্মৃতিও তার মনে এখনো জ্বলজ্বলে। “আমার স্পষ্ট মনে আছে ১৯৮৩ -- র বিশ্বকাপের ফাইনালে হেরে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ দল মানসিকভাবে একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছিল। সে কারণেই সেই বছর পুর্ণ উদ্যম এবং জয়ের তীব্র ইচ্ছা নিয়ে ভারত সফরে গিয়েছিলাম আমরা। সারা পৃথিবীর কাছে এবং তার চেয়েও বেশি গুরুত্ব নিয়ে নিজেদের কাছে প্রমাণ করতে চেয়েছিলাম যে আমরাই বিশ্বের সেরা দল।”

ক্রিকেট দুনিয়াকে সেই প্রমাণ ভালোমতোই দিয়েছিল ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ। ৬ টেস্টের সিরিজে তারা জয় পেয়েছিল ৩ --- ০ ব্যবধানে এবং ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে কপিলের দলকে হোয়াইটওয়াশ করেই ছেড়েছিল সে সময়ের ‘ক্রিকেট -- ত্রাস’। সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, বোলারদের ‘মহাত্রাস’ ভিভ রিচার্ডস ভারতকে সাহায্য করতে আগ্রহী। বিসিসিআই কর্মকর্তারা কি তাতে সাড়া দেবেন?