গ্রায়েম স্মিথের কথায় হাঁফ ছেড়ে বাাঁচার স্বস্তি
চোকার’ বা চাপের মুখে ভেঙ্গে পড়ার বদনাম যে দক্ষিণ আফ্রিকার সঙ্গে এমনি এমনি জড়ায়নি, তা আরেকবার প্রমাণিত হতে যাচ্ছিল বুধবার। জয়ের জন্য দরকার ৪ রান, হাতে ৫ উইকেট এবং ৩২ বল ---- এমন সমীকরণের সামনে দাঁড়িয়েও শ্রীলঙ্কার বিপক্ষে সহজে জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। লাসিথ মালিঙ্গার ইতিহাসে ঢুকে যাওয়া এক ভয়ঙ্কর স্পেল তাদেরকে পরাজয়ের আশঙ্কার সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচ যে তারা এক উইকেটে জিততে পেরেছে সেজন্যই গ্রায়েম স্মিথ দারুণ খুশি। তবে খুশির চেয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের কণ্ঠে স্বস্তির ছোঁয়াই অনেক বেশি।
মালিঙ্গার একের পর এক আঘাতে সে সময়টা নিদারুণ দুশ্চিন্তার মধ্যেই কাটাতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ড্রেসিং রুমে থাকা কয়েক জন নাকি টেনশনে ধূমপান পর্যন্ত করেছেন! “শেষ ৫ ওভার ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম আমরা। আমি দেখলাম বেশ কয়েক জন ড্রেসিং রুমে বসে ধূমপান করছে”--- ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে গ্রায়েম স্মিথের মন্তব্যে ছিল ঐ সময়ে তার দলের অন্যদের মানসিক অবস্থার বর্ণনা। নেহাতই সাদামাটাভাবে শেষ হতে যাওয়া একটা ম্যাচের এমন নাটকীয় পরিণতির জন্য মালিঙ্গার প্রশংসাও করেছেন, “এক অসাধারণ স্পেলে সে ৪ বলে ৪ উইকেট নিয়েছে। সন্দেহ নেই, সেই সময়ে সে আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিল।”
শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেও মালিঙ্গার প্রশংসায় পঞ্চমুখ, “মালি (মালিঙ্গা) দেখিয়েছে সে কতটা ক্ষমতাবান বোলার। ও আমাদের দলের একটা বড় শক্তি। তাকে যে কোনো সময়েই আমি ব্যবহার করতে পারি। এক বা দুই ওভারের স্পেলে তাকে ইচ্ছামতো ব্যবহার করা সম্ভব। আশা করি ভবিষ্যতে তাকে আমরা আরো ভালোভাবে কাজে লাগাতে পারবো।”
মালিঙ্গার প্রশংসার পাশাপাশি ব্যাটসম্যানদের বাজে পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করতেও জয়াবর্ধনে ভোলেননি, “আমরা জানতাম যে এটা ২৩০/২৪০ রানের উইকেট। শুরুতে উইকেট হারিয়ে ফেলা, বেশ কিছু বাজে শট খেলা এবং তারপর যেভাবে আমরা ইনিংসটা শেষ করলাম, তা মোটেও আনন্দিত হওয়ার মতো নয়। তবে আমাদের ম্যাচে ফিরিয়ে আনার জন্য বোলারদের কৃতিত্ব দিতেই হবে।”
