এক দিন পরই আবার কঠিন পরীক্ষার সামনে ওয়েস্ট ইন্ডিজ
একটা ম্যাচ শেষ হতে না হতেই আরেকটা লড়াইয়ের সামনে ওয়েস্ট ইন্ডিজ! বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা খেলতে হয়েছে দু দিন ধরে। তাই পন্টিংয়ের দলের চ্যালেঞ্জের জবাব দেয়ার পর দিন অর্থাৎ বৃহস্পতিবারই আবার মাঠে নামতে হচ্ছে স্বাগতিকদের। সুপার এইটের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার লারার দলের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ইংল্যান্ডকে পেছনে ফেলে ‘সি’ গ্র“প চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে যাদের সংগ্রহে আছে দুই পয়েন্ট।
যদিও এই সুবিধা নিয়ে কিউইদের সুপার এইট শুরু করার আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে খেলোয়াড়দের চোটজনিত সমস্যায়। পেসার ড্যারিল টাফি হাতের চোটের জন্য আগেই ফিরে গেছেন দেশে। প্র্যাকটিসে শেন বন্ডের বলে কব্জি ভেঙ্গে ফেলা ওপেনার লু ভিনসেন্টেরও একই পরিণতি হয়েছে। তার জায়গায় দেশ থেকে সরাসরি উড়ে এসে মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিয়েছেন হামিশ মার্শাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মার্শালের তিন নম্বরে ব্যাট করার সম্ভাবনাই বেশি। কারণ প্রথম দুই ম্যাচে ওয়ান ডাউনে নামা রস টেলর এখনো হ্যামস্ট্রিংয়ের চোট পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। এ ম্যাচে ওপেনিংয়ে অধিনায়ক স্টিভেন ফ্লেমিংয়ের সঙ্গে দেখা যেতে পারে পিটার ফুলটনকে। দলের মধ্যে এত বেশি ওলট -- পালট হওয়ায় ফ্লেমিং নিজেও বেশ বিভ্রান্ত, “বেশ নাটকীয় একটা সপ্তাহ কাটলো আমাদের। লু (ভিনসেন্ট) খেলতে পারছে না এবং তার বদলে হামিশকে (মার্শাল) ফিরে পাওয়ায় দলের ভারসাম্যে পরিবর্তন হয়েছে।”
অবশ্য হামিশ মার্শালকে নিয়ে একটা চিন্তাও আছে কিউইদের। অ্যান্টিগায় পৌঁছানোর মাত্র ৩৬ ঘন্টা পর মাঠে নেমে তিনি ভালো খেলতে পারবেন তো? ফ্লেমিংয়ের কণ্ঠে এ ব্যাপারে খানিকটা সংশয়ের আভাস, “নিঃসন্দেহে এটা হামিশ মার্শালের জন্য বড় একটা চ্যালেঞ্জ। আমাদের দলও তা বুঝতে পারছে। তাকে প্রস্তুত করার জন্য সম্ভাব্য সব কিছুই আমরা করবো।” তবে সোমবার নিউজিল্যান্ডের একটি ঘরোয়া ম্যাচে ৮০ রান করা হামিশ মার্শালকে নিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক যথেষ্ট আশাবাদী, “আমি নিশ্চিত, দেশে বেশ কিছু রান করে দলে যোগ দেয়া তাকে উদ্বুদ্ধ করবে, অ্যাড্রিনালিন যোগাবে।”
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়াইয়ের ইতিহাস অবশ্য নিউজিল্যান্ডকে তেমন অনুপ্রাণিত করতে পারবে না। বৃহস্পতিবারের আগে যে ৪৫টি ওয়ানডেতে দু দল মুখোমুখি হয়েছে তার ২৩টিতেই জিতেছে ক্যারিবীয়রা। নিউজিল্যান্ডের জয়ের সংখ্যা ১৭ আর বাকি ৫ ম্যাচে কোনো ফল আসেনি। বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে। ৫ ম্যাচে তারা জিতেছে তিন বার আর নিউজিল্যান্ড দু বার। বিশ্বকাপে সর্বশেষ লড়াইয়ে অবশ্য জয়ের হাসি হেসেছে ফ্লেমিংয়ের দল। চার বছর আগে তারা ২০ রানে হারিয়ে দিয়েছিল ক্যারিবীয়দের।
