২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিফলে গেল লারার লড়াই

ম্যাথু হেইডেনের তান্ডবের জবাবটা দিতে পারতেন লারাই। ওয়েস্টইন্ডিয়ানরাও মুখিয়ে ছিল এই লাড়াই দেখার জন্য। তাতে বাড়তি প্রেরণা হয়ে ছিল অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়াম। এই উপযুক্ত মঞ্চে লড়াইয়ের জন্য লারা যতোটা প্রস্তুত ছিলেন অন্যরা ততটাই অপ্রস্তুত। তাই সঙ্গ দোষে যা হয়, হার মানতে হয়েছে ক্যারিবীয় রাজপুত্রকে, সুবাদে নিশ্চিত হয়ে যায় ওয়েস্টইন্ডিজের হারও। অস্ট্রেলিয়ার ৩২২ রান তাড়া করতে নেমে ওয়েস্টইন্ডিজ ২১৯ রানে অলআউট হয়ে ১০৩ রানের বিরাট ব্যাবধানে হেরেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 10:10 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

আগের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি। অতোটা খুনে মেজাজে না হলেও মঙ্গলবার অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আরেকটি সেঞ্চুরি করেছেন ম্যাথু হেইডেন, আর তার টানা দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরির সুবাদে বিশ্বকাপের সুপার এইট পর্বের উদ্বোধনী ম্যাচে বড় সংগ্রহ গড়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ ওভারে তারা তুলেছে ৬ উইকেটে ৩২২ রান।

জবাব দেওয়ার আগে পরিকল্পনা করার জন্য অবশ্য দীর্ঘ একটা সময়ই হাতে পেয়েছে ব্রায়ান লারার দল। বৃষ্টির কারণে মঙ্গলবার শুরুই হতে পারেনি স্বাগতিকদের ইনিংস, বুধবার শুরু হওয়া ওয়েস্টইন্ডিজের ইনিংসে অবশ্য পারিকল্পনার ছাপ দেখা যায়নি। ইনিংস শুরু হতে না হতেই স্বাগতিক ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিল। একদিক থেকে লড়াই করে যাওয়া লারাও (৭৭) ফিরে গেছেন হজের বলে এলবিডব্লু হয়ে। অন্যরা যখন একে একে আউট হয়ে যাচ্ছেন তখন উইন্ডিজ অধিনায়ক একপ্রান্ত আকঁড়ে ধরে আস্কিং রানরেটের উর্ধ্বগতিতে রাশ টানতে চেয়েছিলেন। কিন্তু পারেননি, ৮৩ বলের ইনিংসে ৭টি চার ও ১ টি ছক্কা মেরেই তাকে থেমে যেতে হয়েছে। আর সেখানেই শেষ হয়ে যায় ওয়েস্টইন্ডিজের ন্যূনতম আশাটুকুও। কারণ ৪৬-তম ওভারে লারা আউট হওয়ার পর জেতার জন্য বাকি ১৪ ওভারে তাদের দরকার ছিল আরো ১৬৭ রান। হাফ সেঞ্চুরি করলেও রামদিন (৫২) কিংবা ডোয়াইন স্মিথদের জন্য এটা এক দুঃসাধ্য ব্যাপার।

উইন্ডিজের বিপর্যয়ের শুরু ইনিংসের শুরু থেকেই। ১১ রানের মাথায় টেইট চন্দরপালকে (৫) এলবিডব্লুর ফাঁদে ফেলার পর ম্যাকগ্রার তোপের মুখে পড়ে অসহায় আত্মসমর্পন করেছেন অন্য ওপেনার গেইল (২) ও স্যামুয়েলস (৪)। তারপর  লারা উইকেটে এসে সারওয়ানকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের কাজ করে যাচ্ছিলেন। এবং দলের স্কোর ৯১ রানে নিয়ে যাওয়ার পর ২৬ তম ওভারে হজের বলে সারওয়ান দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলে মিড উইকেটে পন্টিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে গিয়ে আরো চাপের মধ্যে ফেলে দিয়েছেন দলকে। এই চাপের কাছে নতি স্বীকার করে ব্র্যাভোও (৯) গ্লেন ম্যাকগ্রাকে তৃতীয় উইকেট উপহার দিয়ে ফিরে গেছেন। এই অস্ট্রেলিয়ান পেসারই ৩১ রানে ৩ উইকেট নিয়ে মূলত ধ্বস নামিয়েছেন উইন্ডিজ ইনিংসে। তাতে সহযোগী ভূমিকা নিয়েছেন স্পিনার ব্র্যাড হজ ৫৬ রানে ৩ উইকেট নিয়ে। পেসার টেইট ৪৩ রানে ২ উইকেট নিয়েছেন।

এখন তাদের মনে হতেই পারে ম্যাচটা ২০ ওভারের হলেই ভাল হতো। আগেরদিন (মঙ্গলবার) এরকম আশাব্যঞ্জক একটা খবর পেতে পেতেও পাওয়া হয়নি ওয়েস্ট ইন্ডিয়ানদের। ম্যাচটাকে ২০ ওভারে সীমিত করার একটা পরিকল্পনা করেই ফেলেছিলেন আম্পায়াররা, টার্গেটও ঠিক হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের জন্য.. ১৬৩। ওই অবস্থায় খেলা শুরু করা সম্ভব ছিল না বলেই তা গড়িয়েছে বুধবারে।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার স্কোরটা অবশ্য আরেকটু বেশিই হতে পারতো। ১৫৮ রান করে হেইডেন ফিরে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররা অস্ট্রেলিয়ার রান বন্যায় মৃদু একটা বাঁধ দেওয়ায় তা হয়নি।

তার আগে রীতিমতো তাণ্ডবই চালাচ্ছিল অস্ট্রেলিয়া। বিশেষ করে ৪৬.২ ওভার শেষে যখন প্রথম দফা বৃষ্টি নামে তার আগে। ধীরে.সুস্থে সেঞ্চুরি পুরণ করার পর ৪৫তম ওভারে গিয়ে সেটা শুরু করেছেন হেইডেন। জেরোম টেলরের করা ওই ওভারের টানা তিন বলে দুটি ছক্কার মাঝে একটি চার মেরেছেন এই বাঁহাতি, মারলন স্যামুয়েলসের করা পরের ওভারে মেরেছেন দুটি বাউন্ডারি আর একটি ছক্কা। সুবাদে শেন ওয়াটসনের সঙ্গে তার জুটিতে হাফসেঞ্চুরি হয়েছে মাত্র ৩২ বলে।

বৃষ্টির পর ফিরেও খেলছিলেন তেমনি আগ্রাসী ভঙ্গিতে। বিদায়ও নিয়েছেন সেভাবে খেলতে গিয়েই, ব্র্যাভোর বলে আরেকটি ছক্কা মারতে গিয়ে লং অফ বাউন্ডারিতে ধরা পড়েছেন স্যামুয়েলসের হাতে। ১৪৩ বলের ইনিংসে চারটি ছক্কা ছাড়াও মেরেছেন ১৪টি বাউন্ডারি।

এছাড়া ২৬ বলে ৩৩ রান করে অপরাজিত ছিলেন ওয়াটসন।

টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া শুরুতেই অ্যাডাম গিলক্রিস্টকে হারিয়ে একটা ধাক্কা খেলেও রিকি পন্টিংকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬৬ আর মাইকেল ক্লার্ককে নিয়ে তৃতীয় উইকেটে ৯৮ জুটি গড়ে সেটা সামাল দিয়েছেন হেইডেন। সেঞ্চুরি করতে ১১০ বল লেগেছে তার, আটটি বাউন্ডারির সঙ্গে একটি ওভার বাউন্ডারিতে সাজানো তার ইনিংসটা। শুরুতে একটু দেখেশুনে খেললেও খারাপ বল পেলে মারতে কখনোই দ্বিধা করেননি তিনি। একবার তো উইকেট ছেড়ে বেরিয়ে স্যামুয়েলসকে এক হাতেই ছক্কা মেরেছেন!

তবে ক্লার্কের সঙ্গে তার জুটিটাই আসলে অস্ট্রেলিয়াকে গড়ে দিয়েছে ভিত। দারুণ খেলতে থাকা ক্লার্ককে (৪১) এলবিডব্লুর ফাঁদে ফেলে সেই জুটিটা ভেঙ্গেছেন ডোয়াইন ব্র্যাভো। ৪৭ বলের ইনিংসে চারটি বাউন্ডারি মেরেছেন ক্লার্ক।

সাইমন্ডস অবশ্য টিকতে পারেননি বেশিক্ষণ, ২২ বলে তার ১৩ রানের ইনিংসটি শেষ হয়েছে অফস্পিনার মারলন স্যামুয়েলসের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে।

তার পথেই হেঁটেছেন মাইক হাসিও, ড্যারেন পাওয়েলের শেষ ওভারে একটি ফুল লেন্থের বলকে ড্রাইভ করতে গিয়ে প্লেড অন হয়ে গেছেন তিনি। ১৮ বলে ৯ রানের ইনিংসে একটি বাউন্ডারি ছিল তার।

১০ রানেই প্রথম উইকেট হারানোর পর অস্ট্রেলিয়াকে পথে ফিরিয়ে আনার কাজটা অবশ্য শুরু করেছিলেন অধিনায়ক রিকি পন্টিং। ইনিংসের সপ্তম ওভারে গিয়ে প্রথমবার বলকে বাউন্ডারি পার করেছেন তিনিই, পাওয়েলের বাউন্সারের জবাবে দেখার মতো এক হুক করে মেরেছেন ছক্কা। তবে অকারণ ঝুঁকি নিতে গিয়ে রান আউট হয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। শর্ট মিড অফ থেকে সারওয়ানের থ্রোতে বিদায় হওয়ার আগে ৩৫ রান করতে ৩৬ বল খেলেছেন তিনি, মেরেছেন চারটি বাউন্ডারিও।

এর আগে টস জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্রায়ান লারা বল তুলে দিয়েছিলেন তার বোলারদের হাতে। অধিনায়কের সেই আস্থার প্রমাণ দিতে খুব বেশি সময় নেননি ড্যারেন পাওয়েল। প্রথম দুটি ওভার মেডেন নিয়েছেন তিনি, তারপর নিজের তৃতীয় ওভারের প্রথম বলেই ফিরিয়ে দিয়েছেন ‘বিপজ্জনক’ ওপেনার অ্যাডাম গিলক্রিস্টকে। গুড লেন্থ স্পট থেকে লাফিয়ে ওঠা বলটি থেকে ব্যাট সরিয়ে নিতে গিয়েও পারেননি গিলক্রিস্ট। তার ব্যাটের কানায় আলতো ছোঁয়া লাগার পর উইকেটের পিছনে দিনেশ রামদিনও নিয়েছেন দারুণ একটা ক্যাচ। ৭ রানের ইনিংসে কোনো বাউন্ডারি ছিল না তার।

অস্ট্রেলিয়া ঃ ৫০ ওভারে ৩২২/৬ ( গিলক্রিস্ট ৭, হেইডেন ১৫৮, পন্টিং ৩৫, ক্লার্ক ৪১, সাইমন্ডস ১৩, হাসি ৯, ওয়াটসন অপঃ ৩৩, হজ ৫, অতিরিক্ত ২১, পাওয়েল ২/৫৩, টেলর ০/৬৭, কলিমোর ০/৫৬, গেইল ০/২৯, ব্র্যাভো ২/৪৯, স্যামুয়েলস ১/৫৮)

ওয়েস্টইন্ডিজ ঃ ৪৫.৩ ওভারে ২১৯/১০ (গেইল ২, চন্দরপাল ৫, সারওয়ান ২৯, স্যামুয়েলস ৪, লারা ৭৭, ব্র্যাভো ৯, রামদিন ৫২, স্মিথ ৯, টেলর ১০, পাওয়েল ৫, কলিমোর ১, অতিঃ ১৬, ব্র্যাকেন ১/৯, টেইট ২/৪৩, ম্যাকগ্রা ৩/৩১, ওয়াটসন ০/৩১, হজ ৩/৫৬, সাইমন্ডস ১/৩২ )