ক্ষমা চাইলেন আফ্রিদিরা
আগের দিন দেশে ফিরে একরকম জনরোষের মুখেই পড়েছিলেন ইউনিস খান আর মোহাম্মদ ইউসুফ। বুধবার তাই বোধহয় ভয়ে ভয়েই পা রেখেছিলেন কামরান আকমল, শহীদ আফ্রিদি, মোহাম্মদ সামি আর দানিশ কানেরিয়া। কিন্তু জিন্নাহ আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত কয়েক হাজার মানুষ তাদের উদ্দেশ্যে একটা ব্যানারও তুলে ধরেননি, বিক্ষুব্ধ কোনো কন্ঠ থেকে বেরোয়নি একটাও শ্লোগান। অথচ আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়া পাকিস্তান দলের জন্য কিছু ভর্ৎসনা তো অবশ্যই প্রাপ্য। সেটা ক্রিকেটাররাও জানেন। সে কারণেই কারো কোনো বিরূপ প্রতিক্রিয়া কানে আসার আগেই কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন উইকেট কিপার কামরান আকমল,“আমরা আমাদের পারফরম্যান্সের জন্য লজ্জিত এবং কোচ বব উলমারের মৃত্যুতে শোকাহত। দেশের জনগনকে লজ্জায় ফেলার জন্য তাদের কাছে শুধু ক্ষমাই চাইতে পারি আমরা।”
ভালো করতে না পারলে প্রিয় ক্রিকেটারদের এক হাত নেয়ার জন্য মুখিয়ে থাকেন সমর্থকরা। যেন খারাপ করায় ক্রিকেটারদের কোনো মর্মযাতনা হয় না, তাদের ব্যর্থতা যেন কঠিন শাস্তিযোগ্য কোনো অপরাধ। শহীদ আফ্রিদির বক্তব্য যেন এমন ধারনার বিরুদ্ধেই সকরুণ প্রতিবাদ,“ আয়ারল্যান্ডের কাছে হেরে যাওয়ায় আর কোচ উলমার মারা যাওয়ায় আমরা যে কী চাপের মধ্যে ছিলাম তা কাউকে বলে বোঝানো যাবে না।”
আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার সুযোগ পাননি স্পিনার দানিশ কানেরিয়া। তবে বিশ্বকাপ থেকে পাকিস্তানের আগেভাগেই ছিটকে পড়া তাকেও হতাশ করেছে। কানেরিয়া বললেন, ইনজামামের দল এবারের বিশ্বকাপে যেটুকু পেয়েছে দল হিসেবে তাদের তার চেয়ে অনেক বেশি পাওয়ার সাধ্য অবশ্যই ছিল,“বিশ্বকাপে আমরা যেমন খেলেছি আমাদের দল তার চেয়ে অনেক ভালো। আয়ারল্যান্ডের বিপক্ষে পরাজয়টা ছিল বড় এক আঘাত। দুঃস্বপ্নের ঘোরে থাকতে থাকতেই যেন ঘটনাটা ঘটে যায়।”
ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ, শহীদ আফ্রিদি, কামরান আকমল,দানিশ কানেরিয়া আর মোহাম্মদ আসিফ --- এ পর্যন— এই ছয়জন খেলোয়াড়ই ফিরেছেন দেশে। অধিনায়ক ইনজামাম আর দলের বাকি খেলোয়াড়দের বুধবারই কোনো এক সময় লন্ডন থেকে পাকিস্তানে ফেরার কথা।
