কোচ হওয়ার জ্বালা
চার বছর পর আসে বলেই বিশ্বকাপ নিয়ে ক্রিকেটানুরাগীদের এত মাতামাতি। খেলোয়াড়, কোচ, কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ ক্রিকেটপ্রেমীরা ক্রিকেটের মহাযজ্ঞের জন্য সাগ্রহে অপেক্ষা করে থাকেন চার বছর। কিন্তু একবারও কি কেউ ভেবে দেখেছেন অনেক অপেক্ষার এই টুর্নামেন্ট থেকে অকালে বিদায় নেয়ার যন্ত্রণায় কতখানি পুড়তে হয় এক জন কোচকে!
আয়ারল্যান্ডের কাছে হেরে পাকিস্তান বিদায় নেয়ার পর দিন বব উলমারের মৃত্যু ক্রিকেট ইতিহাসেরই সবচেয়ে বিষাদময় অধ্যায়। প্রথমে আশঙ্কা করা হচ্ছিল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। পরে অবশ্য জ্যামাইকান পুলিশ জানিয়েছে উলমারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। খুুনিকে খুঁজে বের করতে পুলিশ জোর তদন্ত চালাচ্ছে। কিন্তু মৃত্যুর আগের কয়েক ঘন্টা আধুনিক ক্রিকেটের সবচেয়ে আধুনিক এই কোচের কতটা মানসিক যন্ত্রণার মধ্যে কেটেছে, তা কি কেউ ধারণাও করতে পারবে? গ্রেগ চ্যাপেলও কি তার ২০০৭ বিশ্বকাপের দুঃখজনক অভিজ্ঞতা কারো সঙ্গে ভাগ করে নিতে পারবেন? দল ব্যর্থ হলে সবার আগে যে কোচকেই আসামীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। অন্তত ভারত উপমহাদেশের মানুষের তেমনই মানসিকতা।
ভারতের কোচ হওয়া যে কতটা কঠিন কাজ, সেটা ভালোই জানেন জন রাইট। নিউজিল্যান্ডের সাবেক ওপেনার হিসাবে যতটা, তার চেয়ে অনেক বেশি সমস্যাসঙ্কুল পথ তাকে পাড়ি দিতে হয়েছে ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত। ৫ বছর ভারতের কোচের দায়িত্ব পালন করা রাইটই বোধহয় সবচেয়ে ভালোভাবে বুঝতে পারছেন চ্যাপেলের বর্তমান মানসিক অবস্থাটা,“(ভারতের কোচের ওপরে) প্রত্যাশার সাংঘাতিক চাপ থাকে। সেখানকার মানুষ ক্রিকেটের প্রতি ভীষণ মোহগ্রস্ত। প্রত্যেকটা ম্যাচ জয়ের জন্য অসম্ভব চাপের মধ্যে থাকতে হয় সেখানে। আর তা না পারলেই মিডিয়ায় শুরু হয়ে যায় অবিশ্রান্ত সমালোচনা।”
শুধু ব্যর্থ কোচই নয়, এক জন আপাত সফল কোচকেও থাকতে হয় চাপের মধ্যে। প্রথম পর্বে তিনটি ম্যাচই সহজে জিতে দ্ইু পয়েন্ট নিয়ে সুপার এইটে ওঠায় নিউজিল্যান্ড কোচের তো এখন নির্ভার থাকারই কথা ছিল। কিন্তু জন ব্রেসওয়েল খুব একটা স্বস্তিতে নেই। কারণ একটাই, তিনি নিউজিল্যান্ডের কোচ, “কোচ হিসাবে আপনাকে সব সময়ই দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। এটা চাকরিরই একটা অঙ্গ। পরের ম্যাচের জন্য যেমন দুশ্চিন্তা থাকে তেমনি অদূর ভবিষ্যতের চিন্তাও কম ভোগায় না এক জন কোচকে।”
ক্রিকেট যেমন কখনো কখনো উজাড় করে দেয়, তেমনি কেড়েও নেয় অনেক সময়। বিশ্বকাপের আগে এই নিউজিল্যান্ডই চ্যাপেল --- হ্যাডলি সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে আকাশে উড়ছিল। সেখান থেকে তাদেরকে বাস্তবের কঠিন মাটিতে টেনে নামিয়েছে বাংলাদেশ ---- বিশ্বকাপের প্রস্তুতিমূলক এক ম্যাচে দুই উইকেটে হারিয়ে। সাবেক অফস্পিনার ব্রেসওয়েল অবশ্য মনে করছেন বাংলাদেশের কাছে পরাজয়ে তার দল এক দিক দিয়ে লাভবান, “অস্ট্রেলিয়াকে ৩ --- ০ তে বিধ্বস্ত করার পর যে কোনো দলের জন্যই একটা সতর্কবার্তা প্রয়োজন। আমাদের জন্য এটা ভালোই হয়েছে বলে আমার বিশ্বাস।”
